শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্বের ঊর্ধ্বে রাখা জরুরি: প্রধানমন্ত্রী
“আমি, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যে দেশটি জ্ঞানে-গুণে সমৃদ্ধ হবে,” বলেন তিনি।
দেশের শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তি স্বার্থ ও অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মত ও বিশ্বাসের ভিন্নতা থাকাটাই স্বাভাবিক।
শনিবার সকালে মিরপুরে সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে সরকারপ্রধান বক্তব্য রাখছিলেন।
শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তিগত স্বার্থের সংঘাত এবং অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে রাখা জরুরি। গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মত ও বিশ্বাসের ভিন্নতা থাকবে। এটি থাকাটাই স্বাভাবিক।
“সেই ভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নের কারণ না হয়ে দাঁড়ায়, সেই বিষয়ে সতর্ক এবং সচেতন থাকার আহবান জানাই আপনাদের প্রত্যেক শিক্ষকদের প্রতি।”
একই সঙ্গে আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক জনগোষ্ঠী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সবসময় ইতিবাচক দৃষ্টিভিঙ্গ রাখতে প্রতিটি কলেজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “আমি, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যে দেশটি জ্ঞানে-গুণে সমৃদ্ধ হবে, কর্মে হবে আত্মনির্ভরশীল, মানবিকতায় সমুন্নত থাকবে এবং বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে আপন মর্যাদায়।”
জাতীয় বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ সম্মিলন-২০২৬ এর এবারের প্রতিপাদ্য হচ্ছে, ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’। সম্মিলনে দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষরা অংশ নিয়েছেন।
আয়োজকরা বলছেন, উচ্চ শিক্ষার মানোন্নয়ন, কলেজ শিক্ষার সুশাসন প্রতিষ্ঠা ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে অধ্যক্ষদের ভূমিকা আরও কার্যকর করা এই সম্মিলনের উদ্দেশ্যে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দুই হাজার ৩১৮টি কলেজের প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশুনা করছে।
একটু দেরি হওয়ায় অনুষ্ঠানের শুরুতে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
