২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপদ ভ্রমণের বাংলাদেশ গড়তে চাই: পর্যটনমন্ত্রী

দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পট নিয়ে পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 04:01 PM

Updated : 28 Nov 2026, 04:02 PM

পর্যটনশিল্পের টেকসই বিকাশে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মানুষ যেন নির্মল বাতাসে শ্বাস নিয়ে নিরাপদে ভ্রমণ করতে পারে, সরকার তেমন পরিবেশই গড়ে তুলতে চায়।

রাজধানীর হাতিরঝিলে শনিবার বিওয়াই কমিউনিকেশন আয়োজিত ‘মিডিয়া রান-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি কথা বলছিলেন।

‘রান ফর ক্লিন এয়ার, রান ফর ট্যুরিজম’ স্লোগানে আয়োজিত এই প্রতিযোগিতায় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় এক হাজার পেশাদার ও অপেশাদার দৌড়বিদ অংশ নেন।

পর্যটনের সংজ্ঞা ও টেকসই বিকাশের ওপর গুরুত্বারোপ করে রশিদুজ্জামান মিল্লাত বলেন, “পর্যটন মানে শুধু নতুন নতুন জায়গা ভ্রমণ নয়। পর্যটন মানে প্রকৃতিকে জানা, দেশকে চেনা, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়া। আমাদের পাহাড়, সমুদ্র, নদী, হাওর, বন, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং বৈচিত্র্যময় সংস্কৃতি বাংলাদেশের অমূল্য সম্পদ। এসব সম্পদ সংরক্ষণ করতে পারলেই পর্যটনশিল্পের টেকসই বিকাশ সম্ভব।”

পর্যটনখাতের উন্নয়নে সরকারের চলমান উদ্যোগের কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পট নিয়ে পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে।

সকালে হাতিরঝিলের পুলিশ প্লাজা এলাকা থেকে দৌড় প্রতিযোগিতা শুরু হয়। এতে সাড়ে সাত কিলোমিটার রান এবং দুই কিলোমিটার ফান রান এই দুই ক্যাটাগরিতে প্রতিযোগীরা অংশ নেন। পর্যটন প্রচার, সুস্থ জীবনযাপন এবং নির্মল পরিবেশের বার্তা ছড়িয়ে দিতেই এই আয়োজন করা হয় বলে আয়োজকেরা জানিয়েছেন।

অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পর্যটনমন্ত্রী। এ সময় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং বিওয়াই কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বাবলী ইয়াসমিনসহ অনেকে উপস্থিত ছিলেন।