২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের ইতিহাসের মালিকানা দিল্লি কিংবা ইসলামাবাদের নয়

ভারতের কৌশলগত স্বার্থ আর মুক্তিযুদ্ধে ভারতের অবদান—এই দুটি সত্য কি পরস্পরবিরোধী?

বাংলাদেশের ইতিহাসের মালিকানা দিল্লি কিংবা ইসলামাবাদের নয়

ইসলামাবাদ সফরকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ (বাঁয়ে)। ছবি: পাকিস্তান প্রধানমন্ত্রীর কার্যালয়

লুবনা ফেরদৌসী লুবনা ফেরদৌসী

Published : 28 Nov 2026, 01:30 AM

Updated : 28 Nov 2026, 01:30 AM

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক চিরকাল ১৯৭১ সালে আটকে থাকার কোনো কারণ নেই। পাকিস্তানের সঙ্গেও না। আন্তর্জাতিক রাজনীতিতে সম্পর্কের পরিবর্তন হয়, জাতীয় স্বার্থের পুনর্মূল্যায়ন হয়, কূটনৈতিক অগ্রাধিকার বদলায়। কিন্তু প্রতিবার কূটনৈতিক সম্পর্কের পরিবর্তনের সঙ্গে যদি একটি রাষ্ট্রের জন্মের ইতিহাসও নতুন করে লিখতে হয়, তাহলে সেই রাষ্ট্র নিজের ইতিহাস বোঝার ক্ষেত্রে কতটা স্বাধীন?

ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হলে ভারতের ঐতিহাসিক অবদান অস্বীকার করতে হবে, আর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি হলে পাকিস্তানের ঐতিহাসিক দায়কে আড়াল করতে হবে—এ কেমন রাজনৈতিক স্বাধীনতা?

সম্প্রতি ইসলামাবাদ সফরকালে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদের বক্তব্য নিয়ে প্রকাশিত সংবাদ এই মৌলিক প্রশ্নটিকেই সামনে নিয়ে এসেছে। বিবিসি উর্দুর বরাতে প্রকাশিত সংবাদ অনুযায়ী, তিনি বলেছেন, ১৯৭১ সালে ভারত বাঙালিদের সাহায্য করেনি, বরং পাকিস্তানকে দুর্বল করেছে।

একজন মুক্তিযোদ্ধা হিসেবে মেজর হাফিজের প্রতি আমার আলাদা শ্রদ্ধা ছিল এবং আছে। কিন্তু তার এই বক্তব্যের যে বিবরণ সংবাদমাধ্যমে এসেছে, তা আমাকে হতাশ করেছে। তিনি ভারতের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বলে নয়। ভারতের উদ্দেশ্য, স্বার্থ ও ভূরাজনৈতিক হিসাব নিয়ে প্রশ্ন তোলা ইতিহাসচর্চারই অংশ। আমার আপত্তি হলো, তিনি ভারতের কৌশলগত স্বার্থ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানকে এমনভাবে উপস্থাপন করেছেন, যেন একটি সত্য হলে অন্যটি মিথ্যা হতে বাধ্য।

ইতিহাস ও আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণে এই যুক্তির ভিত্তি কোথায়?

জাতীয় স্বার্থ আর ঐতিহাসিক অবদান পরস্পরবিরোধী নয় 

ভারত পাকিস্তানকে দুর্বল করতে চেয়েছিল। ভারত বাংলাদেশের স্বাধীনতা অর্জনেও সহায়তা করেছিল। এই দুটি বক্তব্য একই সঙ্গে সত্য হতে পারে।

আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্র বা জনগোষ্ঠীকে সাহায্য করার আগে নিজের সমস্ত জাতীয় স্বার্থ বিসর্জন দিয়েছে, এমন উদাহরণ খুব বেশি নেই। রাষ্ট্রের পররাষ্ট্রনীতি দাতব্য প্রতিষ্ঠানের কার্যক্রম নয়। নিরাপত্তা, অর্থনৈতিক স্বার্থ, আঞ্চলিক প্রভাব, মানবিক বিবেচনা এবং ভূরাজনৈতিক হিসাব একই সঙ্গে একটি রাষ্ট্রের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে।

১৯৭১ সালে পাকিস্তানের ভৌগোলিক বিভাজন ভারতের জন্য কৌশলগতভাবে লাভজনক ছিল। পূর্ব ও পশ্চিম সীমান্তে একই প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের উপস্থিতি থেকে ভারত মুক্তি পেয়েছিল। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে গিয়েছিল। পাশাপাশি প্রায় এক কোটি শরণার্থীর উপস্থিতি ভারতের অর্থনীতি, প্রশাসন ও অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপর যে চাপ তৈরি করেছিল, তারও একটি রাজনৈতিক সমাধান প্রয়োজন ছিল।

এসব বাস্তবতা অস্বীকার করার কোনো কারণ নেই। কিন্তু ভারত নিজের স্বার্থে কাজ করেছে—এই বক্তব্য থেকে ভারত বাঙালিদের সাহায্য করেনি, এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় কীভাবে?

ইতিহাস বিশ্লেষণে উদ্দেশ্য, কার্যক্রম এবং পরিণতি তিনটি আলাদা বিষয়। একটি রাষ্ট্র কেন কোনো কাজ করেছে, কী কাজ করেছে এবং সেই কাজের ফলে অন্য জনগোষ্ঠীর কী উপকার বা ক্ষতি হয়েছে—এই তিনটি প্রশ্নের উত্তর সব সময় এক হয় না। বরং ভারতের কৌশলগত স্বার্থই অনেকাংশে ব্যাখ্যা করে কেন দেশটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল।

ইতিহাসবিদ ভলকার প্রট ‘Cold War History’ জার্নালে প্রকাশিত তার গবেষণায় দেখিয়েছেন, ভারত শুরু থেকেই সরাসরি সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়ে বসে ছিল না। আন্তর্জাতিক প্রতিক্রিয়া, সামরিক ঝুঁকি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে নয়াদিল্লির যথেষ্ট উদ্বেগ ছিল। পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে ভারতের নীতিও পরিবর্তিত হয়েছে। তার গবেষণায় ১৯৭১ সালের এপ্রিল থেকেই ভারতীয় ভূখণ্ডে বাঙালি প্রতিরোধযোদ্ধাদের সামরিক প্রশিক্ষণের বিষয়টি উঠে এসেছে।

এই গবেষণা ভারতকে কোনো নিঃস্বার্থ ত্রাণকর্তা হিসেবে হাজির করে না। আবার ভারতের সহায়তাকে অস্বীকার করার সুযোগও দেয় না।

শ্রীনাথ রাঘবনের ‘1971: A Global History of the Creation of Bangladesh’ (২০১৩) এবং গ্যারি জে. বাসের ‘The Blood Telegram’ (২০১৩) পড়লেও বোঝা যায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল স্নায়ুযুদ্ধকালীন আন্তর্জাতিক রাজনীতির একটি জটিল অধ্যায়। পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক, ইসলামাবাদের প্রতি চীনের সমর্থন এবং ১৯৭১ সালের অগাস্টে ভারত-সোভিয়েত মৈত্রী চুক্তি—সবকিছুই এই যুদ্ধের আন্তর্জাতিক পরিবেশকে প্রভাবিত করেছিল। কিন্তু এই ভূরাজনৈতিক বাস্তবতা বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে ব্যাখ্যা করার প্রেক্ষাপট, তার বিকল্প নয়।

ভূরাজনীতির হিসাব থেকে এক কোটি মানুষকে বাদ দেওয়া যায়? 

ভারত যদি বাঙালিদের সাহায্য না-ই করে থাকে, তাহলে ১৯৭১ সালে ভারতে আশ্রয় নেওয়া প্রায় এক কোটি মানুষের অভিজ্ঞতাকে আমরা কীভাবে ব্যাখ্যা করব?

২০২৩ সালে ‘Refugee Survey Quarterly’ জার্নালে প্রকাশিত বিদিশা বিশ্বাসের গবেষণা, ‘You Can't Go to War Over Refugees: The Bangladesh War of 1971 and the International Refugee Regime’, বিভিন্ন দেশের সরকারি নথি ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার আর্কাইভের ভিত্তিতে এই শরণার্থী সংকটের আন্তর্জাতিক ও রাজনৈতিক মাত্রা বিশ্লেষণ করেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত কূটনৈতিক নথি, ‘Foreign Relations of the United States, 1969–1976’, Volume XI: South Asia Crisis, 1971-এও ভারতের ওপর এই বিপুল শরণার্থী জনগোষ্ঠীর অর্থনৈতিক ও প্রশাসনিক চাপের বিবরণ রয়েছে। এগুলো কোনো ভারতীয় জাতীয়তাবাদী প্রচারণার দলিল নয়।

ভারত এককভাবে এই শরণার্থী সংকট মোকাবিলা করেনি। আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশ সহায়তা দিয়েছিল। শরণার্থী শিবিরগুলোর জীবনযাত্রাও অত্যন্ত কঠিন ছিল। ভারত সরকার চেয়েছিল যুদ্ধ শেষে শরণার্থীরা নিজেদের দেশে ফিরে যাক। কিন্তু এসব বাস্তবতার কোনোটিই লাখ লাখ বিপন্ন মানুষের আশ্রয় পাওয়ার ঐতিহাসিক সত্যকে বাতিল করে না।

একজন নারীবাদী গবেষকের দৃষ্টিকোণ থেকে এই বক্তব্যের আরেকটি সমস্যা আমার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ মনে হয়েছে।

রাষ্ট্রকেন্দ্রিক ভূরাজনৈতিক বিশ্লেষণে সাধারণত ভূখণ্ড, সামরিক শক্তি, রাষ্ট্রের নিরাপত্তা এবং কূটনৈতিক লাভ-ক্ষতিকে প্রাধান্য দেওয়া হয়। অথচ যুদ্ধের মধ্যে মানুষের বেঁচে থাকার সংগ্রাম, নারীর পরিচর্যার শ্রম, বাস্তুচ্যুত পরিবারের অস্তিত্ব রক্ষার লড়াই এবং যৌন সহিংসতার শিকার মানুষের অভিজ্ঞতা সেই বিশ্লেষণে প্রায়ই অদৃশ্য হয়ে যায়।

যে মা নিজের সন্তানদের বাঁচাতে সীমান্ত অতিক্রম করেছিলেন, যে নারী যৌন সহিংসতার পর নিরাপদ আশ্রয় খুঁজছিলেন, যে পরিবার নিজের ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছিল, তাদের কাছে ভারতের সাহায্যের তাৎপর্য কোনো ভূরাজনৈতিক তত্ত্বের বিষয় ছিল না। সেটা ছিল বেঁচে থাকার প্রশ্ন।

ভারত কী উদ্দেশ্যে সীমান্ত খুলেছিল, সেটা অবশ্যই গবেষণার বিষয়। কিন্তু যারা সেই সীমান্ত অতিক্রম করে আশ্রয় পেয়েছিলেন, তাদের অভিজ্ঞতাও তো ইতিহাসের অংশ। সাহায্যদাতা রাষ্ট্রের রাজনৈতিক উদ্দেশ্য দিয়েই যদি সাহায্যপ্রাপ্ত মানুষের সমস্ত অভিজ্ঞতার মূল্য নির্ধারণ করা হয়, তাহলে ইতিহাসের কেন্দ্রে মানুষ থাকে কোথায়?

একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে যুদ্ধের এই মানবিক মাত্রাটির স্বীকৃতিও প্রত্যাশিত।

পাকিস্তানকে দুর্বল করেছিল আসলে কে? 

মেজর হাফিজের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আরও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন করা দরকার। পাকিস্তানের ভাঙনের জন্য ভারতকে কেন্দ্রীয় ব্যাখ্যা হিসেবে হাজির করার আগে পাকিস্তানের নিজের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের ভূমিকা নিয়ে আলোচনা করা উচিত নয় কি?

পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক বৈষম্য কি ভারত তৈরি করেছিল? বাঙালির ভাষাগত ও সাংস্কৃতিক অধিকারের ওপর আঘাত কি ভারতের সিদ্ধান্ত ছিল? ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছিল কি ভারত, নাকি পাকিস্তানের জনগণ?

সেই গণরায় অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছিল কে? বাঙালির গণতান্ত্রিক অধিকারকে সামরিক শক্তি দিয়ে দমন করার সিদ্ধান্ত নিয়েছিল কে? লাখ লাখ মানুষকে নিজের দেশ ছেড়ে পালাতে বাধ্য করার পরিস্থিতি তৈরি করেছিল কে?

পাকিস্তানের ভাঙনের রাজনৈতিক কারণগুলো বুঝতে হলে পাকিস্তানি রাষ্ট্রের অভ্যন্তরীণ কাঠামোগত ব্যর্থতা দিয়ে বিশ্লেষণ শুরু করতে হবে।

রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান তার গুরুত্বপূর্ণ গবেষণাগ্রন্থ ‘Pakistan: Failure in National Integration’ (১৯৭২)-এ পাকিস্তানের সংকটকে জাতীয় সংহতি প্রতিষ্ঠায় রাষ্ট্রের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক ব্যর্থতার মধ্য দিয়ে ব্যাখ্যা করেছেন। রিচার্ড সিসন ও লিও রোজের ‘War and Secession: Pakistan, India, and the Creation of Bangladesh’ (১৯৯০) এবং উইলেম ভ্যান শেন্ডেলের ‘A History of Bangladesh’-এও বাঙালির দীর্ঘ রাজনৈতিক আন্দোলন, পাকিস্তানি রাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট এবং স্বাধীনতার সংগ্রামের ধারাবাহিকতা উঠে এসেছে।

এখানে কার্যকারণ সম্পর্কের কয়েকটি স্তর রয়েছে। দীর্ঘদিনের কাঠামোগত বৈষম্য বাঙালির রাজনৈতিক ক্ষোভের ভিত্তি তৈরি করেছিল। ১৯৭০ সালের গণরায় অস্বীকার এবং পাকিস্তানি সামরিক দমননীতি সাংবিধানিক সংকটকে স্বাধীনতার সংগ্রামে রূপান্তরিত করেছিল। বাঙালির রাজনৈতিক সংগঠন, গণপ্রতিরোধ ও সশস্ত্র সংগ্রাম সেই স্বাধীনতার আন্দোলনকে এগিয়ে নিয়েছিল। আর আন্তর্জাতিক সহায়তা ও ভারতের সামরিক হস্তক্ষেপ যুদ্ধের পরিণতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

এই প্রতিটি স্তরের নিজস্ব ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। একটি দিয়ে আরেকটিকে প্রতিস্থাপন করা যায় না। ভারত পাকিস্তানের অভ্যন্তরীণ সংকট থেকে ভূরাজনৈতিক সুবিধা নিয়েছিল। কিন্তু একটি সংকট থেকে সুবিধা নেওয়া আর সেই সংকটের উৎপত্তির জন্য দায়ী হওয়া এক কথা নয়।

পাকিস্তান দুর্বল হয়েছিল শুধু ভারত তাকে দুর্বল করতে চেয়েছিল বলে নয়; পাকিস্তানের শাসকগোষ্ঠী নিজের দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের গণতান্ত্রিক অধিকারকে স্বীকার করতে ব্যর্থ হয়েছিল বলেও। এই দায় ভারতের ওপর স্থানান্তরিত করলে পাকিস্তানি রাষ্ট্রের নিজস্ব রাজনৈতিক ব্যর্থতা এবং গণহত্যার দায় বিশ্লেষণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।

মুক্তিযুদ্ধের রাজনৈতিক ও সামরিক ভিত্তি 

বাংলাদেশের মুক্তিযুদ্ধকে শুধু সামরিক প্রতিরোধের ইতিহাস হিসেবে দেখলেও একই ধরনের বিশ্লেষণী সমস্যা তৈরি হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক নেতৃত্ব, ১৯৭০ সালের নির্বাচনের গণরায়, তাজউদ্দীন আহমদের নেতৃত্বে যুদ্ধকালীন সরকার, এম এ জি ওসমানীর সামরিক নেতৃত্ব, মেজর জিয়াউর রহমান, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, পুলিশ এবং অসংখ্য সাধারণ মানুষের প্রতিরোধ—এগুলো পরস্পরবিচ্ছিন্ন কোনো ঘটনা ছিল না। এগুলো একই জাতীয় মুক্তিসংগ্রামের পরস্পরনির্ভর উপাদান।

১৯৭১ সালের ১০ এপ্রিল গৃহীত স্বাধীনতার ঘোষণাপত্র বাংলাদেশের রাষ্ট্রগঠনের রাজনৈতিক ও আইনগত ভিত্তি বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দলিল। এই ঘোষণাপত্রে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের গণতান্ত্রিক ম্যান্ডেটের ভিত্তিতে নতুন রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল।

ভারত বাংলাদেশের অস্থায়ী সরকারকে তার ভূখণ্ড থেকে কার্যক্রম পরিচালনার সুযোগ দিয়েছিল। মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, অস্ত্র ও অন্যান্য সহায়তা দিয়েছিল। ৬ ডিসেম্বর বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিল। মুক্তিবাহিনীর সঙ্গে ভারতীয় বাহিনীর যৌথ সামরিক অভিযানের পরিণতিতে ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে।

ভারতের এই অবদান স্বীকার করার অর্থ এই নয় যে বাংলাদেশের স্বাধীনতার রাজনৈতিক বৈধতা ভারত থেকে এসেছিল। সেই বৈধতা এসেছিল বাংলাদেশের জনগণের কাছ থেকে।

একটি জনগোষ্ঠীর স্বাধীনতার সংগ্রামে বাইরের কোনো রাষ্ট্র সহায়তা করলে সেই সংগ্রামের নিজস্ব চরিত্র নষ্ট হয়ে যায় না। আন্তর্জাতিক সহযোগিতা আর জাতীয় রাজনৈতিক কর্তৃত্ব এক জিনিস নয়। বাংলাদেশ ভারতের তৈরি কোনো রাষ্ট্র নয়। আবার ভারতের সহায়তাবিহীন একটি মুক্তিযুদ্ধের ইতিহাসও ঐতিহাসিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ইতিহাসের কেন্দ্রে বাংলাদেশ, নাকি পাকিস্তান? 

১৯৭১ সালের ইতিহাসকে অন্তত তিনটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা যায়। পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে সেটা রাষ্ট্রের ভৌগোলিক বিভাজনের ইতিহাস। ভারতের দৃষ্টিকোণ থেকে সেটা একটি গুরুত্বপূর্ণ সামরিক ও ভূরাজনৈতিক বিজয়ের ইতিহাস। আর বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে সেটা একটি জনগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণ, গণহত্যার বিরুদ্ধে প্রতিরোধ এবং জাতীয় মুক্তির ইতিহাস। একই ঘটনাকে কেন্দ্র করে তিনটি ভিন্ন রাজনৈতিক অভিজ্ঞতা।

কিন্তু বাংলাদেশের জাতীয় ইতিহাসের কেন্দ্রে কোন অভিজ্ঞতাটি থাকা উচিত?

ভারত পাকিস্তানকে দুর্বল করেছে—এই বক্তব্যকে যখন ১৯৭১ সালের কেন্দ্রীয় ব্যাখ্যা বানানো হয়, তখন ইতিহাসের বিষয়বস্তুটাই বদলে যায়। বাঙালির স্বাধীনতা অর্জনের চেয়ে পাকিস্তানের ভূখণ্ড হারানো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বাঙালির রাজনৈতিক অধিকার, গণআকাঙ্ক্ষা এবং আত্মত্যাগের চেয়ে ভারতের ভূরাজনৈতিক উদ্দেশ্য বেশি গুরুত্ব পায়। এই বয়ানের সমস্যা হলো, বাংলাদেশের মানুষ নিজেদের স্বাধীনতার ইতিহাসে আবারও গৌণ চরিত্রে পরিণত হয়।

ইতিহাসবিদ ও নৃবিজ্ঞানী মিশেল-রলফ ত্রুইয়ো তার ‘Silencing the Past: Power and the Production of History’ (১৯৯৫) বইয়ে দেখিয়েছেন, ক্ষমতা শুধু ইতিহাসের ঘটনাপ্রবাহকে প্রভাবিত করে না, ইতিহাস কীভাবে লেখা হয়, কোন তথ্যকে গুরুত্ব দেওয়া হয় এবং কোন অভিজ্ঞতাকে নীরব করে দেওয়া হয়, সেই প্রক্রিয়াকেও নিয়ন্ত্রণ করে।

ইতিহাস বিকৃত করার জন্য সব সময় নতুন মিথ্যা আবিষ্কার করতে হয় না। প্রতিষ্ঠিত সত্যগুলোকে এমনভাবে সাজানো যায়, যাতে কিছু ঐতিহাসিক চরিত্র ও অভিজ্ঞতা কেন্দ্রে চলে আসে, আর অন্যগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়।

ভারতের ভূরাজনৈতিক স্বার্থ ছিল, এটা সত্য। কিন্তু সেই সত্যকে এমনভাবে উপস্থাপন করা, যাতে বাঙালির স্বাধীনতার সংগ্রামে ভারতের বাস্তব সহায়তা এবং পাকিস্তানি রাষ্ট্রের ঐতিহাসিক দায় আড়াল হয়ে যায়, সেটা ইতিহাসের পূর্ণাঙ্গ পাঠ নয়। এটা নির্বাচিত সত্যের রাজনীতি।

ঐতিহাসিক সার্বভৌমত্ব এবং স্পিকারের দায়িত্ব 

রাষ্ট্রের রাজনৈতিক সার্বভৌমত্ব নিয়ে আমরা অনেক কথা বলি। কূটনৈতিক সার্বভৌমত্ব নিয়েও আলোচনা করি। কিন্তু একটি রাষ্ট্রের ঐতিহাসিক সার্বভৌমত্ব নিয়েও আলোচনা হওয়া প্রয়োজন।

ঐতিহাসিক সার্বভৌমত্ব বলতে আমি বোঝাচ্ছি, একটি সমাজের নিজের অতীতকে ঐতিহাসিক দলিল, গবেষণা, সাক্ষ্য এবং স্বাধীন বুদ্ধিবৃত্তিক অনুসন্ধানের মাধ্যমে বোঝার সক্ষমতা, যেখানে ইতিহাসের ব্যাখ্যা বর্তমান ক্ষমতাসীনদের রাজনৈতিক সুবিধা কিংবা বিদেশি রাষ্ট্রের কূটনৈতিক চাহিদার অধীন হবে না। এর অর্থ রাষ্ট্র অনুমোদিত একটি মাত্র ইতিহাস প্রতিষ্ঠা করা নয়। বরং রাষ্ট্রের নিজের তৈরি ইতিহাসকেও প্রশ্ন করার স্বাধীনতা থাকা।

এই জায়গাতেই জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের প্রাতিষ্ঠানিক অবস্থান গুরুত্বপূর্ণ। তিনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারও। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার ব্যক্তিগত অভিজ্ঞতা অবশ্যই মূল্যবান ঐতিহাসিক সাক্ষ্য। কিন্তু কোনো ঐতিহাসিক ঘটনায় প্রত্যক্ষ অংশগ্রহণ সেই ঘটনার সম্পূর্ণ ইতিহাস ব্যাখ্যা করার একচ্ছত্র অধিকার দেয় না।

আর একজন সাধারণ রাজনৈতিক ব্যক্তির বক্তব্য এবং বিদেশে রাষ্ট্রীয় সফররত সংসদের স্পিকারের বক্তব্যের কূটনৈতিক তাৎপর্যও এক নয়। বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে যখন পাকিস্তানের রাজধানীতে বক্তব্য দেওয়া হয়, তখন সেই বক্তব্যের প্রাতিষ্ঠানিক ও প্রতীকী গুরুত্ব অনেক বেশি।

এখানে প্রশ্ন তার ব্যক্তিগত উদ্দেশ্য কী ছিল, সেটা নয়। প্রশ্ন হলো, এমন একটি সাংবিধানিক পদে থেকে ইতিহাস নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে প্রমাণের প্রতি তার দায়িত্ব কতটা?

ঐতিহাসিক কৃতজ্ঞতা রাজনৈতিক আনুগত্য নয় 

বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক উন্নত হবে, বাণিজ্য বাড়বে, সাংস্কৃতিক যোগাযোগ তৈরি হবে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে কূটনৈতিক সহযোগিতা হবে—এতে আপত্তির কোনো কারণ নেই। কিন্তু কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য ঐতিহাসিক দায় অস্বাভাবিকভাবে আড়াল করতে হবে কেন?

একইভাবে ভারতের সঙ্গে বাংলাদেশের অমীমাংসিত পানিবণ্টন সমস্যা, সীমান্ত হত্যা, অসম দ্বিপক্ষীয় সম্পর্ক কিংবা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ নিয়ে প্রশ্ন তোলার পূর্ণ অধিকার বাংলাদেশের রয়েছে।

১৯৭১ সালে ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল বলে বর্তমান ভারতীয় রাষ্ট্র বাংলাদেশের ওপর কোনো স্থায়ী রাজনৈতিক কর্তৃত্বের অধিকার অর্জন করেনি। ঐতিহাসিক কৃতজ্ঞতা রাজনৈতিক আনুগত্য নয়। আবার বর্তমান ভারতের নীতির বিরোধিতা করার জন্য ১৯৭১ সালের ভারতের অবদানকে অস্বীকার করারও কোনো প্রয়োজন নেই।

১৯৭১ সালের ভারত এবং বর্তমান ভারতকে তাদের নিজ নিজ ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে বিচার করতে হবে। পাকিস্তানের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য। একটি আত্মবিশ্বাসী ও সার্বভৌম রাষ্ট্রের পররাষ্ট্রনীতির শক্তি এখানেই যে, সে অতীতের সত্যকে স্বীকার করেও বর্তমানের জাতীয় স্বার্থ নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে।

বাংলাদেশের রাজনীতির পরিহাস হলো, ভারতের প্রভাব থেকে নিজেদের স্বাধীন প্রমাণ করতে গিয়ে আমরা যদি পাকিস্তানকেন্দ্রিক ইতিহাসের বয়ান গ্রহণ করি, তাহলে সেটা প্রকৃত স্বাধীনতা নয়। সেটা ইতিহাস বোঝার ক্ষেত্রে একটি বিদেশি নির্ভরতার পরিবর্তে আরেকটি বিদেশি নির্ভরতা তৈরি করা।

বাংলাদেশের স্বাধীনতা ভারতের ভূরাজনৈতিক উপহার ছিল না। আবার সেটা পাকিস্তানের নিছক ভূখণ্ড হারানোর ঘটনাও ছিল না। এটা ছিল বাংলাদেশের মানুষের রাজনৈতিক আত্মনিয়ন্ত্রণের সংগ্রাম। সেই ইতিহাসের ব্যাখ্যা নির্ধারণ করার অধিকার বাংলাদেশ দিল্লিকেও দেয়নি, ইসলামাবাদকেও দেয়নি।

কূটনৈতিক সম্পর্ক নিয়ে দরকষাকষি হতে পারে। বাণিজ্যিক চুক্তি নিয়ে দরকষাকষি হতে পারে। আঞ্চলিক সহযোগিতা ও নিরাপত্তা নিয়ে দরকষাকষি হতে পারে। কিন্তু ইতিহাসের সত্য কোনো কূটনৈতিক দরকষাকষির উপকরণ হতে পারে না।

ভারতের সঙ্গে বন্ধুত্বের মূল্য যদি হয় ভারতের প্রতি নিঃশর্ত রাজনৈতিক আনুগত্য, আর পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের মূল্য যদি হয় পাকিস্তানের ঐতিহাসিক দায়কে আড়াল করা, তাহলে দুটি সম্পর্কের মধ্যেই বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন থেকে যায়।

১৯৭১ সালে বাংলাদেশ নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের অধিকার অর্জনের জন্য যুদ্ধ করেছিল। স্বাধীনতার অর্ধশতাব্দীরও বেশি সময় পর নিজের অতীতকে নিজের মতো করে, ঐতিহাসিক সত্য ও প্রমাণের ভিত্তিতে বোঝার অধিকারের জন্যও কি বাংলাদেশকে সংগ্রাম করতে হবে?

ড. লুবনা ফেরদৌসী: যুক্তরাজ্য প্রবাসী শিক্ষক, গবেষক ও সমাজবিশ্লেষক। ই-মেইল: lferdowsi@yahoo.com

মতামত লেখকের নিজস্ব; বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদকীয় অবস্থান নয়।