রোহিঙ্গা গণহত্যার রায় তো হলো, একাত্তরের বিচারের কী হবে?
রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের ঐতিহাসিক রায়ের পর নতুন করে সামনে এসেছে ১৯৭১ সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি ও বিচারের প্রশ্ন।
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায় একটি ঐতিহাসিক ঘটনা। ২০২৬ সালের ১৯ নভেম্বর আদালত রায়ে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা সনদের বাধ্যবাধকতা লঙ্ঘনের বিষয়টি প্রতিষ্ঠা করেছেন। এই রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের বেদনা ও ন্যায়বিচারের দাবিকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। একটি জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে চালানো হত্যাযজ্ঞ যে মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ, তা আবারও স্পষ্ট হয়েছে।
তবে এই রায় আমাদের সামনে একটি অস্বস্তিকর প্রশ্নও তুলে ধরেছে। অন্যের গণহত্যার বিচারের দাবিতে আমরা যতটা সোচ্চার, নিজেদের ইতিহাসের গণহত্যার স্বীকৃতি আদায় এবং বিচারের প্রশ্নে আমরা কি ততটা সক্রিয়?
রোহিঙ্গাদের ওপর নির্যাতন কোনো বিচ্ছিন্ন সামরিক অভিযান ছিল না। এর অংশ ছিল হত্যা, ধর্ষণ, নির্যাতন, গ্রাম জ্বালিয়ে দেওয়া এবং জীবনধারণের পরিবেশ ধ্বংস করা। উদ্দেশ্য ছিল একটি জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করা। এই অপরাধের বিচার হওয়া দরকার। দায়ীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
বাংলাদেশ এই সংকটে সরাসরি ক্ষতিগ্রস্ত। প্রাণ বাঁচাতে ১০ লাখের বেশি রোহিঙ্গা এ দেশে আশ্রয় নিয়েছে। তাদের মানবিক সহায়তা দেওয়া বাংলাদেশের দায়িত্বশীলতার পরিচয়। তবে শুধু আশ্রয় দিলেই দায়িত্ব শেষ হয় না। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক চাপও অব্যাহত রাখতে হবে।
এই প্রেক্ষাপটে ১৯৭১ সালের বাংলাদেশের গণহত্যার প্রসঙ্গ তোলা আবেগের তুলনা নয়। এটি ন্যায়বিচারের ধারাবাহিকতার প্রশ্ন। পাকিস্তানি সামরিক শাসকগোষ্ঠী নির্বাচনের রায় অস্বীকার করে পূর্ব পাকিস্তানের মানুষের ওপর সামরিক অভিযান চালায়। ২৫ মার্চ রাতে শুরু হয় ‘অপারেশন সার্চলাইট’। এরপর পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের স্থানীয় সহযোগীরা বাঙালির ওপর ব্যাপক হত্যাযজ্ঞ, ধর্ষণ, নির্যাতন ও ধ্বংসযজ্ঞ চালায়।
এই অপরাধে সহযোগিতা করে আলবদর, রাজাকার, আলশামসসহ বিভিন্ন মৌলবাদী গোষ্ঠী। তাদের লক্ষ্যবস্তু ছিল রাজনৈতিক কর্মী, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, পেশাজীবী, সামরিক ও পুলিশ সদস্য এবং সাধারণ মানুষ। হিন্দু সম্প্রদায়কে বিশেষভাবে চিহ্নিত করে হত্যা, লুটপাট ও উচ্ছেদ করা হয়। তবে নিহতদের মধ্যে মুসলমানসহ বিভিন্ন ধর্মের বাঙালিও ছিলেন। অর্থাৎ, সামগ্রিকভাবে বাঙালি জনগোষ্ঠীই ছিল এই হত্যাযজ্ঞের শিকার। হিন্দুরা বিশেষভাবে নিপীড়নের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল।
একাত্তরের হত্যাযজ্ঞ আন্তর্জাতিক মহলেও আলোচিত হয়েছিল। তখন ঢাকায় কর্মরত ছিলেন মার্কিন কূটনীতিক আর্চার ব্লাড। পাকিস্তানি বাহিনীর নৃশংসতা দেখে তিনি ওয়াশিংটনে প্রতিবাদী বার্তা পাঠান। সেটিই পরে ‘ব্লাড টেলিগ্রাম’ নামে পরিচিত হয়।
১৯৭১ সালের ৬ এপ্রিল পাঠানো সেই বার্তায় ব্লাড মার্কিন সরকারের নীরবতার সমালোচনা করেন। তার বক্তব্য ছিল, গণহত্যার মতো অপরাধ ঘটলেও যুক্তরাষ্ট্র নৈতিক প্রতিবাদ জানাতে ব্যর্থ হয়েছে। এর আগে ২৮ মার্চ পাঠানো আরেকটি বার্তায় তিনি ‘সিলেক্টিভ জেনোসাইড’ বা বেছে বেছে গণহত্যার কথা উল্লেখ করেছিলেন।
একই বছরের ১ নভেম্বর মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডির নেতৃত্বাধীন একটি কমিটির প্রতিবেদনেও পাকিস্তানি সেনাবাহিনীর পরিকল্পিত সন্ত্রাস ও গণহত্যার বিবরণ উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, ২৫ মার্চের রাত থেকে পূর্ব বাংলায় সন্ত্রাসের রাজত্ব শুরু হয়েছিল। মার্কিন সরকারের মাঠপর্যায়ের প্রতিবেদন, সাংবাদিকদের প্রত্যক্ষ বিবরণ এবং আন্তর্জাতিক সংস্থার তথ্যেও এর প্রমাণ পাওয়া যায়।
হিন্দু সম্প্রদায় বিশেষভাবে নির্যাতনের শিকার হয়েছিল। তাদের জমি ও দোকানপাট দখল, হত্যা এবং বাড়িঘর ধ্বংসের ঘটনা নথিবদ্ধ হয়। আন্তর্জাতিক আইনবিদ কমিশনের ১৯৭২ সালের এক গবেষণায়ও বলা হয়, শুধু ধর্মীয় পরিচয়ের কারণে হিন্দুদের হত্যার এবং তাদের বাড়িঘর ও গ্রাম ধ্বংসের ব্যাপক প্রমাণ রয়েছে।
বাংলাদেশের ১৯৭১ সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি নতুন নয়। ২০২২ সালের ১৪ অক্টোবর মার্কিন প্রতিনিধি পরিষদে এ বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করা হয়। এতে বলা হয়, ১৯৭১ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের মানুষের ওপর যে হত্যাযজ্ঞ ও নির্যাতন চালিয়েছিল, তা সাধারণ যুদ্ধকালীন নৃশংসতা ছিল না। এর মধ্যে মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও গণহত্যার বৈশিষ্ট্য ছিল।
প্রস্তাবে বাঙালি ও হিন্দু জনগোষ্ঠীর ওপর পরিকল্পিত হামলার কথা তুলে ধরা হয়। উল্লেখ করা হয় বুদ্ধিজীবী ও পেশাজীবীদের হত্যা এবং নারীদের ওপর ব্যাপক যৌন সহিংসতার বিষয়টিও। বিপুলসংখ্যক মানুষকে দেশত্যাগে বাধ্য করার ঘটনাও এতে স্থান পায়। পাশাপাশি পাকিস্তানকে একাত্তরের অপরাধের দায় স্বীকার এবং বাংলাদেশের জনগণের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। জীবিত অপরাধীদের বিচারের আওতায় আনার কথাও বলা হয়।
এরপর ২০২৬ সালের ২০ মার্চ মার্কিন প্রতিনিধি পরিষদে আরও একটি প্রস্তাব উত্থাপিত হয়। এতে একাত্তরের গণহত্যার বিষয়টি নতুন করে গুরুত্ব পায়। বিশেষভাবে বলা হয়, পাকিস্তানি সেনাবাহিনী শুধু বাঙালিদের ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়নি, হিন্দু সম্প্রদায়কেও পরিকল্পিতভাবে নিধন ও উচ্ছেদের লক্ষ্যবস্তু করেছিল।
এই প্রস্তাবে হত্যা, ধর্ষণ, জোরপূর্বক ধর্মান্তর এবং দেশত্যাগে বাধ্য করার মতো অপরাধের কথা উল্লেখ করা হয়। পাকিস্তানি সেনাবাহিনীর পাশাপাশি তাদের স্থানীয় সহযোগীদের ভূমিকাও তুলে ধরা হয়। এসব কর্মকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও গণহত্যা হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানানো হয়। অর্থাৎ, প্রায় চার বছর পরও বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি মার্কিন আইনপ্রণেতাদের আলোচনায় ফিরে এসেছে।
বাংলাদেশের সরকারি হিসাব অনুযায়ী, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ৩০ লাখ। বিভিন্ন নথিতে যৌন সহিংসতার শিকার নারীর সংখ্যা তিন থেকে চার লাখ বলা হয়েছে। তবে নিহতের সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে। কেউ কেউ দাবি করেন, সংখ্যাটি বড়জোর দুই লাখ। কিন্তু সংখ্যার পার্থক্য দেখিয়ে গণহত্যার বাস্তবতা অস্বীকার করা যায় না। এ বিষয়ে নিরপেক্ষ গবেষণা প্রয়োজন। সংরক্ষণ করতে হবে নথি ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য। আন্তর্জাতিক অনুসন্ধানের মাধ্যমেও ইতিহাসকে আরও স্পষ্ট করতে হবে।
রোহিঙ্গা মামলার রায় থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। গণহত্যার বিচার শুধু রাজনৈতিক বক্তব্যের বিষয় নয়, এটি আন্তর্জাতিক আইনের বিষয়। তবে আইসিজে রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রের বিরোধ নিষ্পত্তি করে। এটি কোনো ব্যক্তিকে ফৌজদারি আদালতের মতো কারাদণ্ড দেয় না। ব্যক্তির অপরাধের বিচার নিশ্চিত করতে আলাদা আইনি উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা, আন্তর্জাতিক অপরাধবিষয়ক প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগ কাজে লাগাতে হবে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি। তিনি উদ্যোগী হলে একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের প্রচেষ্টা জোরদার হতে পারে।
এ জন্য বাংলাদেশের করণীয়ও স্পষ্ট। প্রথমত, ১৯৭১ সালের গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের প্রমাণ আন্তর্জাতিক মানে সংরক্ষণ করতে হবে। সেগুলো ডিজিটাল আর্কাইভে প্রকাশ করতে হবে। দ্বিতীয়ত, দেশি-বিদেশি ইতিহাসবিদ, আইনজ্ঞ ও গবেষকদের নিয়ে স্বাধীন তথ্য-অনুসন্ধান এবং আইনি পর্যালোচনা চালাতে হবে। তৃতীয়ত, জাতিসংঘ, আন্তর্জাতিক অপরাধবিষয়ক সংস্থা ও বন্ধু রাষ্ট্রগুলোর কাছে ধারাবাহিক কূটনৈতিক প্রচার চালাতে হবে। চতুর্থত, পাকিস্তানের কাছে রাষ্ট্রীয়ভাবে দায় স্বীকার, আনুষ্ঠানিক ক্ষমা এবং জীবিত অপরাধীদের বিচারের দাবি জানাতে হবে। একাত্তরের স্থানীয় সহযোগীদের অপরাধের নথি ও বিচারপ্রক্রিয়াও সংরক্ষণ করতে হবে।
এই উদ্যোগ কোনো জাতি বা ধর্মের বিরুদ্ধে প্রতিশোধের অভিযান হওয়া উচিত নয়। অপরাধের দায় অপরাধীর, কোনো গোটা জনগোষ্ঠীর নয়। আজকের পাকিস্তানের সাধারণ মানুষকে ১৯৭১ সালের অপরাধের জন্য দায়ী করা অন্যায়। কিন্তু রাষ্ট্র হিসেবে পাকিস্তানের ঐতিহাসিক দায় অস্বীকার করাও গ্রহণযোগ্য নয়। ন্যায়বিচার প্রতিহিংসা নয়। এর উদ্দেশ্য সত্য প্রতিষ্ঠা, অপরাধের দায় নির্ধারণ এবং ভবিষ্যতে এমন অপরাধ ঠেকানো।
গণহত্যার আইনি সংজ্ঞা নির্দিষ্ট। জাতিসংঘের ১৯৪৮ সালের গণহত্যা সনদ অনুযায়ী, কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার অভিপ্রায়ে নির্দিষ্ট কিছু কাজ করা হলে তা গণহত্যা হিসেবে বিবেচিত হয়। এর মধ্যে রয়েছে হত্যা, গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি, ধ্বংসাত্মক জীবনপরিস্থিতি চাপিয়ে দেওয়া, জন্মরোধ এবং শিশুদের অন্য গোষ্ঠীতে স্থানান্তর।
তাই শুধু বিপুল প্রাণহানির তথ্যই যথেষ্ট নয়। প্রমাণ করতে হয়, নির্দিষ্ট জনগোষ্ঠীকে ধ্বংস করার অভিপ্রায় ছিল। সেই উদ্দেশ্য বাস্তবায়নে পরিকল্পনা, নির্দেশ, সহযোগিতা ও কর্মকাণ্ডের প্রমাণও প্রয়োজন। একাত্তরের ঘটনাবলির ক্ষেত্রে এসব তথ্য-প্রমাণ সংগ্রহ করে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা জরুরি।
আমরা যদি রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার চাই, তাহলে নিজেদের ইতিহাসের সত্যও বিশ্বদরবারে প্রতিষ্ঠা করতে হবে। একাত্তরের শহীদ, নির্যাতিত নারী, বাস্তুচ্যুত পরিবার এবং জীবিত সাক্ষীদের প্রতি আমাদের দায় এখনো শেষ হয়নি। আন্তর্জাতিক স্বীকৃতি ও কার্যকর জবাবদিহির পথ কঠিন। তবু সেই পথ অনুসন্ধান করা বাংলাদেশের নৈতিক ও ঐতিহাসিক দায়িত্ব।
চিররঞ্জন সরকার: লেখক ও কলামনিস্ট। ই-মেইল: chiros234@gmail.com
মতামত লেখকের নিজস্ব; বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদকীয় অবস্থান নয়।
