২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাকশিল্প: খসড়া সুপারিশের গেজেট প্রকাশে বৈঠকে বসছে বোর্ড

বোর্ডের খসড়া সুপারিশ গেজেট আকারে প্রকাশের ১৪ দিনের মধ্যে কোনো আপত্তি বা সুপারিশ থাকলে তা লিখিতভাবে জানানো যাবে।

পোশাকশিল্প: খসড়া সুপারিশের গেজেট প্রকাশে বৈঠকে বসছে বোর্ড

মঙ্গলবার গভীর রাতে নতুন মজুরি কাঠামো ঘোষণা করেন সৈয়দ আজাদ সুবহানী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 10:08 AM

Updated : 26 Nov 2026, 10:08 AM

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পর সেই সুপারিশের খসড়া গেজেট প্রকাশ করতে যাচ্ছে নিম্নতম মজুরি বোর্ড।

এজন্য বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সেগুনবাগিচায় বোর্ড চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠক হবে বলে জানিয়েছেন শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মূলত গ্রেডেশন নির্ধারণ করে খসড়া সুপারিশের গেজেট প্রকাশ করার জন্য বসা হবে। সেখানে পুনর্মূল্যায়নের কোনো বিষয় থাকবে না।

“খসড়া প্রকাশের ১৪ দিনের মধ্যে কোনো আপত্তি বা সুপারিশ থাকলে তা লিখিতভাবে জানানো যাবে। তখন আবারও বৈঠক করে বিষয়গুলো নিয়ে আলোচনা করা যেতে পারে।”

বোর্ডের চতুর্থ সভা শেষে মঙ্গলবার গভীর রাতে নতুন মজুরি কাঠামো ঘোষণা করেন সৈয়দ আজাদ সুবহানী। গ্রেড-৪-এ মাসিক মজুরি ১৭ হাজার টাকা, গ্রেড-৩-এ নিম্নতম মজুরি ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড-২-এ নিম্নতম ২০ হাজার টাকা এবং গ্রেড-১-এ ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণের কথা জানানো হয়।

শ্রম আইন অনুযায়ী, বোর্ডের এ খসড়া সুপারিশ গেজেট আকারে প্রকাশের ১৪ দিনের মধ্যে কোনো আপত্তি বা সুপারিশ থাকলে তা লিখিতভাবে জানানো যাবে। এরপর আপত্তি বা সুপারিশ বিবেচনার পর বোর্ড চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে পেশ করবে। বোর্ডের সুপারিশ পর্যালোচনা করে সরকার নতুন মজুরি গেজেট প্রকাশ করবে।

তবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজন মনে করলে ৪৫ দিনের মধ্যে সুপারিশ পুনর্বিবেচনার জন্য তা বোর্ডে ফেরত পাঠাতে পারে।

নতুন মজুরি কাঠামো ঘোষণার পর বুধবার ঢাকার আশুলিয়া, সাভার এবং গাজীপুরের শিল্পাঞ্চল উত্তপ্ত হয়ে ওঠে। নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে তারা সড়কে নেমে এলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে।

নতুন মজুরি ঘোষণার আগে সোমবার বোর্ডের তৃতীয় সভায় প্রথমবারের মতো মালিক ও শ্রমিকপক্ষের তিন বিশেষজ্ঞ প্রতিনিধি অংশ নেন। মালিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং সংগঠনটির সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ রাসেল। শ্রমিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশদুল আলম রাজু।

বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য বোর্ড গঠন করে সরকার। এর পরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষ চলতে থাকে।

তারপর গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন।

এরপর ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকার প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়। সেই অনুযায়ী ১৬ নভেম্বরের সভায় মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে জানিয়েছিল বিজিএমইএ। তবে এক প্রতিনিধির অসুস্থতাসহ নানা কারণে সেই সভা স্থগিত হওয়ায় ফের অশান্ত হয়ে ওঠে শিল্পাঞ্চল। পরে সেই সভা ২৩ নভেম্বর বসে, যাতে দুই পক্ষের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।