২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলের কালিয়া থেকে সবাই এখন ‘একটু দূরে’ থাকে

রাতভর সোশ্যাল মিডিয়ায় আগুনের লেলিহান শিখা, অথচ প্রথম ১২ ঘণ্টা মূলধারার গণমাধ্যম নিশ্চুপ! কালিয়ার অগ্নিসংযোগ, আতঙ্ক ও নীরবতার পেছনের গল্প।

নড়াইলের কালিয়া থেকে সবাই এখন ‘একটু দূরে’ থাকে

নড়াইলের কালিয়ায় অগ্নিসংযোগের পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও থেকে নেওয়া ছবি।

পপি দেবী থাপা পপি দেবী থাপা

Published : 24 Nov 2026, 09:44 AM

Updated : 24 Nov 2026, 09:44 AM

সকালে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে কেনাকাটার ফাঁকে দোকানি ছেলেটাকে প্রশ্ন করলাম, “তোমার বাড়ি তো কালিয়ায়, গত রাতে কী ঘটেছে জান কিছু? বাড়ির সবাই ভালো আছে তো?”

মুহূর্তেই চোখ নামিয়ে নিল ছেলেটা। উত্তর এড়িয়ে অন্য কিছু খোঁজার অজুহাতে ব্যস্ত হয়ে পড়ল। মুখ ঘুরিয়েই বলল, “আর কিছু লাগবে?”

বুঝে নিলাম, সে মুখ খুলবে না। নিরাপত্তার কথা ভেবেই ওর নামটা গোপন রাখলাম। কথা না বাড়িয়ে চলে এলাম, কিন্তু ওর ওই অস্বস্তিকর নীরবতা আমার ভেতরের আতঙ্কটাকে আরও উসকে দিল। আগের রাত থেকেই অস্থিরতায় কাটছিল সময়। রাতভর সোশ্যাল মিডিয়ায় জ্বলন্ত আগুনের ভিডিও দেখেছি, আর প্রকৃত খবরের আশায় বারবার ছুটে গেছি কখনও ‘প্রথম আলো’, কখনও ‘বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’, কখনও ‘ডেইলি স্টার’, কখনও ‘সমকাল’ পত্রিকার অনলাইনে উঁকি দিয়েছি। দেশের মূলধারার গণমাধ্যম যখন রহস্যজনকভাবে নীরব, তখন নিরুপায় হয়ে ঢুঁ মেরেছি ‘বিবিসি বাংলা’, ‘আল-জাজিরা’ আর ‘আনন্দবাজার’ ইত্যাদি বিদেশি সংবাদমাধ্যমের দরজাতেও।

দোকান থেকে টুকটাক কেনাকাটা ছিল বটে, তবে নির্ঘুম রাত শেষে এত সকালে বের হতাম না, যদি না জানতাম দোকানি ছেলেটার বাড়ি নড়াইলের কালিয়ায়।

ছেলেটাকে কথা বলাতে না পেরে ফোন দিলাম ওই এলাকার পরিচিত তিনজনকে। কালিয়ায় থাকেন এমন একজনের নম্বর বন্ধ পেলাম। বাকি দুজন কাজের সূত্রে দীর্ঘদিন এলাকার বাইরে; প্রসঙ্গ তুলতে দুজনই এড়িয়ে গিয়ে বললেন, তাদের বাড়ি ওখানে নয়, আরেকটু দূরে।

জানতে চাইলাম নড়াগাতির বড়দিয়ার এক বন্ধুর কাছে। সেও কথা ঘোরাতে শুরু করল। বিরক্ত হয়ে বললাম, “তোমাকে কি বড়দিয়া বাজারের কেউ চেনে না?” এবার মনে হলো একটু লাগল ওর। বলল, “কে চেনে না আমাকে, সবাই চেনে।” বুঝলাম, বলতে চাইছে না। একপর্যায়ে বলল, “এসব নিয়ে এখন কি কেউ বলবে, বোঝ না!”

বুঝলাম! নড়াইলের কালিয়ায় এখন আর কারও বাড়ি নেই—সবাই থাকে কালিয়া থেকে ‘একটু দূরে’। বলে রাখা ভালো, যাদের সঙ্গে কথা হলো, তাদের সবাই হিন্দু সম্প্রদায়ের মানুষ।

ঘটনা ২০ নভেম্বর বিকেলের। ২১ নভেম্বর দুপুর ১২টা বাজার আগে আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে খবর পেলাম—‘কালিয়ার সাবেক এমপি মুক্তির বাড়িসহ অর্ধশতাধিক স্থাপনায় অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ’। এর আগে অন্য কোনো গণমাধ্যম খবরটি দিয়েছিল কি না জানা নেই আমার, জানাটা খুব দরকারও নয়। তবে বিডিনিউজের শিরোনাম আর খবর পড়ে মনে হলো, এটি প্রকাশ করতে তারা বেশ দ্বিধা করেছে।

অগ্নিসংযোগ আর সর্বস্ব হারানো মানুষের হাহাকারে ২০ তারিখ সন্ধ্যা থেকে সোশ্যাল মিডিয়া প্রকম্পিত। অথচ তথ্যপ্রযুক্তির এই যুগে মূলধারার কোনো সংবাদমাধ্যমের কোথাও প্রথম ১২ ঘণ্টার ভেতরে এ নিয়ে কোনো খবরের ছিটেফোঁটাও ছিল না। বলাবাহুল্য মূলধারার গণমাধ্যমও নড়াইলের কালিয়া থেকে একটু দূরে আছে।

এর আগে ১৯ নভেম্বর সন্ধ্যায় কালিয়া পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান (৪২), পৌর কৃষক দলের সদস্যসচিব শাহিনুর মোল্লা (৪৫) ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫) আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে শাহিনুর ও সোহেল মারা যান। বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় তারা নিহত হয়েছেন।

তার জেরে কালিয়া ও আশপাশের এলাকাজুড়ে নেমে আসে তাণ্ডব। সে আগুনের লেলিহান শিখায় পুড়ে যাওয়া ঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, সারা জীবনের গচ্ছিত সম্পদ হারানো মানুষের আর্তনাদ এখন আর কারও বিবেকের দুয়ারে কড়া নাড়ে না। মানবিকতা এ দেশে দলীয়করণে বশীভূত। এখানে বিবেক গেছে নির্বাসনে আর ভালোবাসা নিয়েছে ছুটি। প্রতিশোধের আগুন জ্বলে প্রতিনিয়ত। একের বিপরীতে নিঃস্ব হয় নির্দোষ, অসহায় পুরো গ্রাম। মানবের মাঝে দানবের প্রভাব কতটা বাড়লে একটা এলাকা পুড়লে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের গাড়ি যাতে না পৌঁছাতে পারে, সেজন্য রাস্তাজুড়ে গাছ ফেলে ব্যারিকেড দেওয়া হয়।

আগুন না চেনে মুসলমানের বাড়ি, না চেনে হিন্দুর। পুড়ে ছারখার করা যার ধর্ম, সে কি জ্বলবার সময় মনে রাখে এটি সরকার সমর্থকের নাকি বিরোধীর? পুড়ে ছাই হয় স্বপ্ন, সংসার। ঘরপোড়া ছাইয়ের নিচে চাপা পড়ে বিশ্বাস, দেশপ্রেম।

মুক্তিযুদ্ধের কথায় শুনেছি, এলাকায় যাতে পাকিস্তানি সেনাবাহিনী প্রবেশ না করে সে কারণে রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দেওয়া হতো। আজ স্বাধীন বাংলাদেশে ২০২৬ সালে এসে দেখছি বাঙালি বাঙালিকে পোড়াচ্ছে, আবার সেই বাঙালিই রাস্তায় গাছ ফেলছে যাতে আগুন নেভাতে কেউ না আসতে পারে। পোড়ে বাঙালি, পোড়ায়ও বাঙালি!

বেন্দারচর গ্রামে পুড়ে যাওয়া বাড়িঘরের মধ্যে নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িসহ কালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন, স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম শামীমসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘর রয়েছে। বলা হচ্ছে আওয়ামী সমর্থক নেতা-কর্মীদের বাড়ি পোড়ানো হয়েছে। কেউ বলছে না মানুষের বাসস্থান পুড়েছে। কোনো দলকে সমর্থন করার কারণে যদি তার শেষ সম্বল, ভিটেমাটি পুড়িয়ে দেওয়া হয়, তাহলে সে দেশকে গণতান্ত্রিক দেশ বলা যায় কি? তবে কি দেশে একটা দলই থাকবে? অবশ্য যে ক্ষমতায় আসে সেই এটা কায়েম করতে চায়। জনগণের সমর্থনের অধিকার নির্ধারণ করে—ক্ষমতা। তার বিপরীত হলেই জ্বলে আগুন। মানুষ নয়, কথা বলে দল—তার সময় এবং সুবিধানুযায়ী। তাদের কথায় তাল মেলাও, না হলে ভাড়ে যাও।

যশোরের অভয়নগরের মালোপাড়া, নড়াইলের কালিয়া, রংপুরের রামনাথপুর, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর—এই এলাকাগুলো কোনো না কোনো ইস্যুতে পুড়ে ছয়লাপ হয়। আবার ঘর, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার আগে সেখানকার জিনিসপত্র লুট করে নেওয়া হয়। পোড়া অবস্থায় কেউ শেষ সম্বলটুকু বাঁচাতে পানি ঢালে, তার মাঝে কেউ লুট করে। মনে প্রশ্ন, উত্তর গভীরে। এসব গ্রামের অধিকাংশ মানুষ কারা? কেনই বা বারবার বিনা কারণে তাদের ওপর আঘাত আসে? ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করায় একাত্তরকে। তখনও হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে এভাবে নির্যাতন হয়েছে। পুরো গ্রাম জ্বালিয়ে দিয়েছে। সেখানকার মানুষ সর্বস্ব হারিয়ে পথে বসেছে, না হয় দেশত্যাগ করেছে। রাজনৈতিক পটপরিবর্তনে এই পরিস্থিতির পরিবর্তন ঘটে না।

অজুহাত আলাদা, কাজ এক। এবার জ্বলছে কালিয়া! এ আগুন কত দূর যাবে, আমাদের আগামীর মতো সেটাও অনিশ্চিত। মুক্তি ঠিক কত দূর, তাও জানা নেই।

শ্রীমদ্ভাগবত পুরাণে আছে: কৃষ্ণ কালিয়া নাগকে জিজ্ঞাসা করেছিলেন, “তুমি যমুনার জলে বিষ ঢেলে তাকে বিষাক্ত করেছ কেন? দেখো, সেই জল পান করে আমার কত রাখাল এবং গরু মারা গেছে।”

কালিয়া নাগ উত্তরে বলেছিল, “ঠাকুর, আমাকে তো অমৃত দাওনি যে ঢালব, বিষ দিয়েছ তাই বিষই ঢেলেছি।”

সমাজে যেভাবে ঘৃণার চাষাবাদ হচ্ছে, মত-মোড়ল থেকে রাজনীতিক সকলেই যেন ঘৃণার বিষ ছড়ানোর সর্বগ্রাসী খেলায় মত্ত। তখন মুক্তির সম্ভাবনা একটাই—অমৃতের পুত্ররা যদি জেগে ওঠে। কবে জাগবে—সেটাই প্রশ্ন।

পপি দেবী থাপা: সাংবাদিক ও সংস্কৃতিকর্মী। ই-মেইল: popythapabpc@gmail.com

মতামত লেখকের নিজস্ব; বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদকীয় অবস্থান নয়।