‘একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেব’
ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন এই হুঁশিয়ারি দেন।
ফরিদপুরে কোনো গাড়ি পোড়ানো বা ভাঙচুরের ঘটনা ঘটলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন।
বৃহস্পতিবার বিকালে ফরিদপুর প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।
ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্যাকে হত্যার প্রতিবাদে জেলা ও মহানগর কৃষক দলের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে এ কে এম কিবরিয়া স্বপন বলেন, “ফরিদপুরে যদি কোনো ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়, আমরা আওয়ামী লীগের বাড়িঘর পুড়িয়ে দেব। একটা গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টা বাড়ি পুড়িয়ে দেব। এর দায়দায়িত্ব তখন আমাদের থাকবে না।”
গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য প্রশাসনের ভেতরে-বাইরে নানা ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে থানায় অগ্নিসংযোগ, দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটছে। ভাঙ্গায় কৃষক দল নেতা এবং নড়াইলে দুজনকে হত্যা করা হয়েছে।
ফরিদপুর মহানগর কৃষক দলের সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে সমাবেশে জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন এবং মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির বক্তব্য দেন।
সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল থেকে ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্যা হত্যার বিচার দাবি করা হয়।
মঙ্গলবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর এলাকায় হামলায় নিহত হন কৃষক দল নেতা রাজু মোল্যা। সে সময় ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
আরও পড়ুন:
ভাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধের মধ্যে হামলা, কৃষক দল নেতা নিহত
