১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধৈর্যের একটা শেষ আছে’, কৃষক দল নেতা হত্যার প্রতিবাদে রিজভী

মঙ্গলবার রাতে ভাঙ্গায় মহাসড়ক অবরোধের মধ্যে ‘পিটিয়ে ও গায়ে আগুন’ দিয়ে রাজু মোল্লাকে হত্যা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 10:09 PM

Updated : 18 Nov 2026, 10:09 PM

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা দেশ নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, “ধৈর্যের একটা শেষ আছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। তাদের মত সন্ত্রাসের মাধ্যমে রাজনীতি করতে চাই না। আমরা শান্তি চাই। কিন্তু তারা জোর করে সন্ত্রাসের রাজনীতি করতে চায়।

“অন্যের আশ্রয়-প্রশ্রয়ে থেকে দেশের ভেতরে অরাজকতা সৃষ্টি করছে। তাদের অবৈধ কর্মকাণ্ড দেশের মানুষ মেনে নেবে না। পাড়া-মহল্লা থেকে শুরু করে রাস্তাঘাটসহ প্রতিটি জায়গায় তাদের প্রতিহত করা হবে।”

বুধবার বিকাল ফরিদপুরের ভাঙা বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা কৃষক দলের নেতা রাজ মোল্লা হত্যাকাণ্ড এবং সহিংসতা-নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপির নেতা বলেন, “ফ্যাসিস্টরা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র ধ্বংস করেছিল। গত ১৭ বছর শেখ হাসিনার রাজনীতি ছিল এভাবেই। দেশে একটি বিপ্লবের মধ্য দিয়ে আজ গণতন্ত্র ফিরে এসেছে। অথচ আওয়ামী লীগের নেতারা বিদেশে বসে ফূর্তি করছেন এবং দেশ নিয়ে ষড়যন্ত্র করছেন।”

সমাবেশে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “যারা ভোটের রাজনীতিতে বিশ্বাস করে না, তারাই জনগণের ওপর হামলা চালায়। যারা রাতের অন্ধকারে এভাবে হামলা করতে আসে, তাদের বিষদাঁত ভেঙে দিতে হবে।”

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার সেলিমুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

সমাবেশ শেষে কৃষক দল নেতা রাজু মোল্লার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মঙ্গলবার রাতে ভাঙ্গায় মহাসড়ক অবরোধের মধ্যে ‘পিটিয়ে ও গায়ে আগুন’ দিয়ে কৃষক দলের উপজেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে হত্যা করা হয়।

বিএনপি এ ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন।

পুরনো খবর:

ভাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধের মধ্যে হামলা, কৃষক দল নেতা নিহত