ভাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধের মধ্যে হামলা, কৃষক দল নেতা নিহত
নিষিদ্ধ সংগঠনের নেতারা সড়কে তাকে একা পেয়ে পিটিয়েছে, তার গায়ে আগুন দিয়েছে, অভিযোগ উপজেলা বিএনপি সভাপতির।
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক অবরোধের মধ্যে ‘পিটিয়ে ও গায়ে আগুন’ দিয়ে কৃষক দলের এক নেতাকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে এ অবরোধ ও হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।
এদিন রাত ৯টার দিকে ভাঙ্গা উপজেলার পুকুরিয়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে রাজু মোল্লা নামে স্থানীয় ওই কৃষক দল নেতার ওপর হামলার এ ঘটনা ঘটে। এসময় তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।
ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার সেলিমের অভিযোগ, নিষিদ্ধ সংগঠনের নেতারা সড়কে তাকে একা পেয়ে পিটিয়েছে, তার গায়ে আগুন দিয়েছে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিরুল ইসলাম বলেন, “রাত সাড়ে ৯টার দিকে অগ্নিদগ্ধ অবস্থায় রাজু মোল্লা নামের একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে আমরা পরীক্ষা করে দেখি তিনি মারা গেছেন।”
নিহত রাজু মোল্লা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে তথ্য দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি।
রাজু মোল্লা ভাঙ্গার নুরালাগঞ্জ ইউনিয়নের বাকপুড়া এলাকার মুক্তার মোল্লার ছেলে। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া তিনটি মোটরসাইকেলের একটির আরোহী ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদকর্মীরা বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মী রাত ৮টার পর ঢাকা-বরিশাল মহাসড়কের পুকুরিয়া এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে একটি অংশ অবরোধ করে। এতে পুকুরিয়া থেকে হামিরদী বাসস্ট্যান্ড পর্যন্ত গাড়ি আটকা পড়ে।
পরে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা চলে যায়। ওই অংশের যানজট ছাড়তে আধা ঘণ্টার মত সময় লাগে বলে এলাকাবাসীদের বরাতে স্থানীয় সংবাদকর্মীরা বলেন।
এর কিছু পর রাজু মোল্লার ওপর হামলার এ ঘটনা ঘটে। তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভাঙ্গা স্টেশনের সদস্যরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভাঙ্গা স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা ফায়ার ফাইটার মাহমুদুল হাসান বলেন, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। তারা যাওয়ার আগের আগুন নিভিয়ে ফেলা হয়।
হতাহতের ব্যাপারে জানতে চাইলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, এ ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই।
এ ঘটনায় ভাঙ্গা থানা পুলিশের কর্মকর্তাদের মোবাইল নম্বরে ফোন করা হলেও কেউ ধরেননি। জেলা পুলিশের এক কর্মকর্তা বলেছেন, নিহত রাজু মোল্লার লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
