১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়া থানায় আগুনে পুড়ল পুলিশের গাড়ি, মোটরসাইকেল

থানা ছাড়াও উপজেলার নিলফা বাজার এবং বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়া থানায় আগুনে পুড়ল পুলিশের গাড়ি, মোটরসাইকেল

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার সামনে আগুনে পোড়া একটি গাড়ি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 04:41 PM

Updated : 18 Nov 2026, 04:41 PM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে গিয়ে হামলার সময় দেওয়া আগুনে সেখানকার গাড়ি ও মোটরসাইকেল পুড়ে গেছে।

মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া থানা ছাড়াও নিলফা বাজার এবং পাটগাতী দক্ষিণপাড়া গ্রামে গোপালগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

তবে এ ব্যাপারে পুলিশ কিংবা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কেউ বক্তব্য দিতে রাজি হননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ সংলগ্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার থেকে পাঁচজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানায় নিয়ে যায় পুলিশ।

খবর পেয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শাহীন বিশ্বাস কালু তার ফেইসবুক থেকে ভিডিও বার্তায় গ্রেপ্তারদের ছেড়ে দেওয়ার জন্য আল্টিমেটাম দেন। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা ও সমর্থকরা থানা ঘেরাও করেন।

এ সময় পুলিশের সঙ্গে দফায় দফায় তাদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। গ্রেপ্তারদের ছিনিয়ে নিতে গেলে টিয়ার সেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ।

পরে হামলাকারীরা চড়াও হয়ে পুলিশের গাড়ি, মালামাল ও থানা অভ্যন্তরে আগুন দেয়। এতে থানার নয়টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়ে গেছে।

পরে বিক্ষোভকারীরা সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দিলে একটি গাড়ি পুড়িয়ে দেয়।

এ ছাড়া টুঙ্গিপাড়া সড়কের নিলফায় মিছিলকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর টহল গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে গ্রেপ্তারদের নিয়ে গেছে বলে শুনেছি। তবে থানা থেকে অস্ত্র লুট হয়েছে কিনা সে বিষয়ে কোনো খবর পাইনি।”

টুঙ্গিপাড়া থানায় আগুনের খবর পেয়েও কোনো ইউনিট সেখানে যেতে পারেননি উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান।

তিনি বলেন, “আমরা আগুনের খবর পেয়েছি, গাড়ি রাস্তায় আছে। কিন্তু নিরাপত্তার কারণে আমরা যেতে পারছি না।”

এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। তাতে দেখা যায়, পুলিশের বাধা অতিক্রম করে কিছু মানুষ থানা চত্বরে ঢুকে পড়েন।

হামলাকারীরা থানা চত্বরে থাকা কয়েকটি গাড়িতে আগুন দেয়। তারপর তারা থানা ভবনে আগুন দেয়।

পুরনো খবর:

মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ও পুলিশ মেসে অগ্নিসংযোগ, ছিনিয়ে নেওয়া হল গ্রেপ্তারদের