২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়া থানা যেন ধ্বংসস্তূপ, পুরোদমে শুরু হয়নি কাজ

গোপালগঞ্জ সদর থানায় সীমিত আকারে টুঙ্গিপাড়া থানার জিডি ও মামলা সংক্রান্ত কার্যক্রম চালানো হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 11:40 PM

Updated : 25 Nov 2026, 11:40 PM

সাধারণ মানুষের চলাচলের প্রধান ফটকটিই এখানে বন্ধ হয়ে আছে; যদিও বিশাল লোহার গেইটের পাশেরই লেখা রয়েছে, ‘সেবাই পুলিশের ধর্ম’।

কার্যক্রমে নিষেধাজ্ঞা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলা ও অগ্নিসংযোগে পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা। ঘটনার এক সপ্তাহ পেরোলেও থানাটির স্বাভাবিক কার্যক্রম পুরোদমে শুরু করা যায়নি।

সার্ভার রুম ও সরঞ্জাম পুড়ে যাওয়ায় এখন ২০ কিলোমিটার দূরে গোপালগঞ্জ সদর থানায় সীমিত আকারে টুঙ্গিপাড়া থানার জিডি ও মামলা সংক্রান্ত কার্যক্রম চালানো হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

মঙ্গলবার বিকালে গিয়ে দেখা যায়, থানার ফটক বন্ধ থাকায় পুলিশ মেসের পাশের ছোট গেইট দিয়ে ভেতরে ঢুকতে হয়। এখান দিয়ে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়ে ওসির কোয়ার্টার, যার জানালার কাচ ভাঙা।

এর পাশেই পড়ে আছে আগুনে পুড়ে যাওয়া একটি প্রিজন ভ্যান, চারটি পুলিশ ভ্যান, একটি পেট্রোল গাড়ি, এএসপির একটি গাড়ি, দুটি টহল গাড়ি ও ১৫টি মোটরসাইকেল।

দুই তলা থানা ভবনের প্রতিটি কক্ষের আসবাবপত্র, নথিপত্র, কম্পিউটার, এসি, ফ্যান ও পুলিশের পোশাক পুড়ে ছাই হয়ে গেছে। ওসি, পরিদর্শক (তদন্ত), ডিউটি অফিসার, এসআই ও এএসআইদের কক্ষ, গারদখানা, অস্ত্রাগার, সার্ভার রুম এবং কন্ট্রোল রুমের মেঝেতে ছাই জমে আছে; ভবন থেকে এখনো পোড়া গন্ধ বেরোচ্ছে।

পাশের দোতলা সার্ভিস ডেলিভারি সেন্টার ও কনফারেন্স রুম ভবনটিতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে, যার দ্বিতীয় তলায় নারী পুলিশ সদস্যরা থাকতেন।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) পলাশ আহমেদ বলেন, “দুজন পরিদর্শক, চারজন এসআই, চারজন এএসআই ও ১০ জন কনস্টেবল দিয়ে থানার ভেতরের কার্যক্রম কোনোমতে চালিয়ে নেওয়া হচ্ছে। পুলিশ মেসের ডাইনিং বন্ধ থাকায় আমরা হোটেলে খাচ্ছি। আগুনে সব ভস্মীভূত হওয়ায় লজিস্টিক সাপোর্ট নেই।”

তিনি বলেন, “এখন জিডি, মামলাসহ অন্যান্য কার্যক্রম সার্ভারের মাধ্যমে করা হয়; মোবাইল ডেটা বা ওয়াই-ফাই দিয়ে এটি করা সম্ভব নয়। থানার সার্ভার রুম পুড়ে যাওয়ায় গোপালগঞ্জ সদর থানায় সীমিত আকারে জিডি ও মামলার কাজ চলছে। আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। সেগুলো পেলেই পুরোদমে কার্যক্রম শুরু করা যাবে।”

মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো সেবাগ্রহীতাকে আসতে দেখা যায়নি।

থানার পাশের চা বিক্রেতা নাসির শেখ বলেন, থানা পুড়ে যাওয়ার পর প্রথম দুই-তিন দিন লোকজন জিডি ও মামলার কাজে এসে সেবা না পেয়ে ফিরে গেছেন।

তিনি বলছিলেন, “থানা বন্ধ হওয়ার আগে গড়ে প্রতিদিন এক থেকে দেড়শ কাপ চা বিক্রি করতাম। এখন দিনে মাত্র ৪০ থেকে ৫০ কাপ চা বিক্রি করতে পারছি।

“সদর থানায় টুঙ্গিপাড়া থানার সীমিত কার্যক্রম শুরু করায় এলাকাবাসী আর টুঙ্গিপাড়া থানায় আসছেন না। তাই আমারও বেচা-বিক্রি কমে গেছে। টুঙ্গিপাড়ার মানুষ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আমি দ্রুত থানার সব কার্যক্রম চালুর দাবি জানাচ্ছি।”

সেদিন যা ঘটেছিল

পুলিশ ও স্থানীয়রা বলছেন, ১৭ নভেম্বর সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে আটক করে টুঙ্গিপাড়া থানায় নিয়ে যায় পুলিশ। এরপর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন বিশ্বাস কালু ফেইসবুক লাইভে এসে আটকদের ছেড়ে দেওয়ার আল্টিমেটাম দেন।

কিন্তু পুলিশ আটকদের ছাড়েনি। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘবদ্ধ হয়ে থানা ঘেরাও ও ভাঙচুর শুরু করেন নেতাকর্মীরা। পুলিশ রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাসের শেল ছুড়েও তাদের ছত্রভঙ্গ করতে না পেরে নিরাপদ আশ্রয়ে সরে যায়।

এ সুযোগে হামলাকারীরা থানা থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের ছিনিয়ে নেয় এবং থানা ভবন ও পুলিশের যানবাহনে আগুন ধরিয়ে দেয়।

টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এসকান্দার শেখ বলেন, “থানায় আগুন লাগার খবর পেয়ে আমরা বের হওয়ার চেষ্টা করি। কিন্তু স্টেশনের সামনেই একদল সশস্ত্র মানুষ বিক্ষোভ করছিলেন। তাদের বাধা ও নিরাপত্তার অভাবে আমরা আগুন নেভাতে যেতে পারিনি।”

১৯৭২ সালে গোপালগঞ্জ সদর থানার পাঁচটি ইউনিয়ন নিয়ে টুঙ্গিপাড়া থানা গঠিত হয়। ১৯৮৪ সালে এটি উপজেলায় উন্নীত হয় এবং ১৯৯৭ সালে গঠিত হয় টুঙ্গিপাড়া পৌরসভা। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে দ্রুত থানাটির সব কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।