চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর
গ্রেপ্তারদের মধ্যে ৬২ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে একদিনে ৭৪ জন আসামিকে গ্রেপ্তার এবং ১৯ জন কিশোরকে আটক করা হয়েছে।
শুক্রবার জেলার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে তাদের আটক ও গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর।
শনিবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে জানান হয়, পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এসব অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে ৬২ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
তাদের মধ্যে ফরিদগঞ্জ থানায় ৬ জন, চাঁদপুর সদর মডেল থানায় ৩১ জন, শাহরাস্তি থানায় ৬ জন, হাজীগঞ্জ থানায় ৭ জন এবং মতলব উত্তর থানায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অপরদিকে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১২ জনকে।
এছাড়া অভিযানে ফরিদগঞ্জ থানা পুলিশ ৫৪০ গ্রাম গাঁজা ও ৫০টি ইয়াবা, মতলব দক্ষিণ থানা পুলিশ ৫০ গ্রাম গাঁজা ও ৩০টি ইয়াবা, শাহরাস্তি থানা পুলিশ ১৫০ গ্রাম গাঁজা এবং ২৬টি ইয়াবা উদ্ধার করে। এছাড়া হাইমচর থানা পুলিশ ২টি, মতলব উত্তর থানা পুলিশ ৭ ইয়াবা উদ্ধার করে। হাজীগঞ্জ থানা পুলিশ ৫১টি ইয়াবা উদ্ধার করলেও এ ঘটনায় সংশ্লিষ্ট আসামি পালিয়ে যায়।
সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে ৭৪০ গ্রাম গাঁজা ও ১৬৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ফরিদগঞ্জ থানায় ৭ জন, চাঁদপুর সদর মডেল থানায় ৪ জন, হাইমচর থানায় ৪ জন এবং হাজীগঞ্জ থানায় ৪ জনসহ মোট ১৯ জনকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেপ্তার অন্য আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলার অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
