চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযান: একদিনে গ্রেপ্তার ৫২
গ্রেপ্তারদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মীকে রয়েছে।
চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান চলছে। এ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয়েছে ১৫ জন কিশোরকে।
বুধবার জেলার বিভিন্ন থানা-পুলিশের পরিচালিত অভিযানে এসব গ্রেপ্তার ও আটকের ঘটনা ঘটে বলে জানিয়েছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর।
বৃহস্পতিবার সকালে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবারের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ৩ জন, মতলব দক্ষিণ থানায় ২ জন, মতলব উত্তর থানায় ৬ জন, হাজীগঞ্জ থানায় ২ জন, শাহরাস্তি থানায় ৩ জন এবং কচুয়া থানায় ১ জন রয়েছেন।
পাশাপাশি মাদকবিরোধী অভিযানে ফরিদগঞ্জ থানা-পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ছাড়া বিভিন্ন মামলা, বিভিন্ন ধারা ও বিশেষ অভিযানে চাঁদপুর সদর মডেল থানায় ১৯ জন, হাইমচর থানায় ৩ জন এবং ফরিদগঞ্জ থানায় ৯ জন এবং শাহরাস্তি থানায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
একই অভিযানে ১৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। তাদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ৩ জন, ফরিদগঞ্জ থানায় ৫ জন, হাজীগঞ্জ থানায় ২ জন এবং কচুয়া থানায় ৫ জন রয়েছে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে মুচলেকার মাধ্যমে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
