চাঁদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৪, আটক ২৫ কিশোর
এ সময় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে একদিনে ৪৪ আসামিকে গ্রেপ্তার এবং ২৫ কিশোরকে আটক করা হয়েছে।
এ সময় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
শনিবার জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর।
তিনি বলেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার সব থানা পুলিশ এ কার্যক্রমে অংশ নেয়।
রোববার সকালে পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে সদর মডেল থানায় ১২ জন, ফরিদগঞ্জ থানায় ৮ জন, মতলব দক্ষিণ থানায় ২ জন, মতলব উত্তর থানায় ৪ জন, হাজীগঞ্জ থানায় ৪ জন, শাহরাস্তি থানায় ২ জন এবং কচুয়া থানায় ৬ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, মাদকবিরোধী অভিযানে হাইমচর থানায় একজন, ফরিদগঞ্জ থানায় ২ জন, মতলব উত্তর থানায় একজন এবং শাহরাস্তি থানায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় হাইমচর ও ফরিদগঞ্জ থানা পুলিশ ২টি করে মোট ৪টি ইয়াবা এবং মতলব উত্তর ও শাহরাস্তি থানা পুলিশ যথাক্রমে ২০ ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
এ ছাড়া কিশোর গ্যাংবিরোধী অভিযানে চাঁদপুর সদর মডেল থানায় ৩ জন, হাইমচর থানায় ৪ জন, ফরিদগঞ্জ থানায় ৫ জন, মতলব দক্ষিণ থানায় ৪ জন, হাজীগঞ্জ থানায় ৪ জন এবং কচুয়া থানায় ৫ জনসহ মোট ২৫ জনকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর বলেন, আটক কিশোরদের মধ্যে ২৪ জনকে যাচাই-বাছাই শেষে মুচলেকার মাধ্যমে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। অপর একজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ছাড়া গ্রেপ্তার অন্য আসামিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আগের সংবাদ
