সম্পূরক পরীক্ষার্থীর ভর্তি: আচার্যের হস্তক্ষেপই কি শেষ ভরসা?
১৯৭৩ সালের আইনে পরিচালিত রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পূরক পরীক্ষার্থীদের সুযোগ দিতে পারলে ঢাকা বা জাহাঙ্গীরনগর পারবে না কেন?
উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের মাত্র এক মাসের মাথায় সম্পূরক পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এত কম সময়ে এমন আয়োজন সম্ভবত দেশের ইতিহাসে এবারই প্রথম। এইচএসসির এই পরীক্ষায় এক ও দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় সুযোগ দিতে দেশের ইতিহাসে এমন মহৎ উদ্যোগের কথা শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানিয়েছে।
সরকারের এই উদ্যোগ যখন চারদিকে প্রশংসিত হচ্ছিল, তখন দেশের সিংহভাগ বিশ্ববিদ্যালয় সম্পূরক পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় সুযোগ দেওয়ার বিষয়ে ইউজিসির আহ্বান এড়িয়ে যাচ্ছিল। পরে এই বিষয়টি নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি হওয়ার পর বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় নিজেদের অবস্থান পরিবর্তন করলেও কয়েকটি বিশ্ববিদ্যালয় নিজেদের আগের অবস্থানেই রয়ে গিয়েছে।
সংবাদমাধ্যম বলছে, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। তাদের মধ্যে ৩ লাখ ৬৫ হাজার ৯১১ জন এরই মধ্যে সম্পূরক পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন।
তবে পরিতাপের বিষয় হলো, প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয় যখন বিপুলসংখ্যক শিক্ষার্থীর কথা ভেবে ভর্তির যোগ্যতায় সংশোধন আনছে, তখন তিনটি বিশ্ববিদ্যালয় সরকার ও শিক্ষার্থীদের চাওয়াকে উপেক্ষা করে আগের অবস্থানেই অনড়। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এইচএসসির সম্পূরক পরীক্ষার্থীদের বাদ রাখার পক্ষে অবস্থান নিয়েছে (প্রথম আলো, ১৩ নভেম্বর ২০২৬)। অথচ রাজশাহী, চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণার পরও তাতে পরিবর্তন আনছে। তাহলে কোন যুক্তিতে এই তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষার নিয়ন্ত্রক সংস্থার চাওয়াকে উপেক্ষা করছে?
বিষয়টি বোঝার জন্য ১০ নভেম্বর প্রকাশিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি বিজ্ঞপ্তিটি মনোযোগ দিয়ে পড়লাম। সেখানে বলা আছে, ২০২৬ সালে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ যেসব শিক্ষার্থী বিভিন্ন ইউনিটের শর্ত পূরণ করে, কেবল তারাই ২৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবে। ভর্তির ওয়েবসাইটে এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের শিক্ষার্থীদের কথা বলা হলেও সম্পূরক পরীক্ষার্থীদের বিষয়ে একটি শব্দও নেই।
তাহলে এখন প্রশ্ন, যেসব বিশ্ববিদ্যালয় সম্পূরক পরীক্ষার্থীদের সুযোগ দিচ্ছে, তারা কি এই তিন বিশ্ববিদ্যালয়ের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে? নাকি তিন লাখের বেশি এই শিক্ষার্থী দেশের শীর্ষ তিন প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার জন্য প্রতিযোগিতা করার অধিকারই পাবে না? এদের মধ্য থেকে কি আগামী দিনে কেউ দেশ পরিচালনায় বা নেতৃত্বে আসতে পারে না? কেউ কি বিশ্বসেরা গবেষক, লেখক, চিকিৎসক বা প্রকৌশলী হতে পারে না?
তারা কি ভুলে গেছেন যে বিপুলসংখ্যক এই শিক্ষার্থী কার্যত অকৃতকার্য হয়েছে মাত্র এক বা দুই বিষয়ে? হয়তো কেউ পরীক্ষার দিন অসুস্থ ছিল, কেউ পারিবারিক সংকটে ছিল, কারও বা একটি খারাপ দিন গেছে; কিংবা প্রশ্নপত্র কিছুটা কঠিন ছিল। সম্পূরক পরীক্ষায় পাস করার পরও যদি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের দরজা বন্ধ থাকে, তাহলে তাদের জন্য আফসোস রয়ে যাবে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য এ এক কান্না, কারণ এ দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা আসেই নিম্নমধ্যবিত্ত পরিবারগুলো থেকে। আর একটি বছর হারানোর মানসিক চাপ যে কতটা গভীর, তা অভিভাবকমাত্রই জানেন। এতে সম্পূরক পরীক্ষার মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যায়।
সমাধানও কঠিন নয়, এ নিয়ে এরই মধ্যে লিখেছিও। সম্পূরক পরীক্ষার্থীদের শর্তসাপেক্ষে এখনই আবেদনের সুযোগ দেওয়া যায়। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে চূড়ান্ত ভর্তির আগে তারা সম্পূরক পরীক্ষার ফল জমা দেবে। ফলাফলে নির্ধারিত যোগ্যতা পূরণ না করলে ভর্তি বাতিল হবে। এতে মানের সঙ্গে কোনো আপস হয় না।
ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ৪৬ অনুচ্ছেদে ভর্তির বিষয়টি বলা আছে। ৪৬(২) অনুচ্ছেদের মর্ম অনুযায়ী, বিশ্ববিদ্যালয় বা এর অধিভুক্ত কলেজে ডিগ্রি পাঠক্রমে ভর্তির জন্য শিক্ষার্থীকে উচ্চমাধ্যমিক বা স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশে নির্ধারিত অন্য কোনো যোগ্যতা থাকলে সেটিও পূরণ করতে হবে।
এখানে লক্ষ করার মতো বিষয় হলো উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হওয়া। সম্পূরক পরীক্ষায় পাস করা শিক্ষার্থীও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ, সেটা কেবলই কিছুটা সময়ের হেরফের মাত্র। অর্থাৎ ১৯৭৩ সালের আদেশ সম্পূরক পরীক্ষার্থীদের ভর্তিতে কোনো বাধা দেয় না।
বাধাটা বিশ্ববিদ্যালয়ের নিজের তৈরি ভর্তি নীতিতে। ৪৬(১) অনুচ্ছেদ অনুযায়ী ভর্তির দায়িত্ব একাডেমিক কাউন্সিলের নিয়োগ করা ভর্তি কমিটির, তাই নীতিটি চাইলে তারা নিজেরাই বদলাতে পারে। রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও প্রায় একই ধাঁচের ১৯৭৩ সালের আইনে চলে। তারা যদি ভর্তি বিজ্ঞপ্তি সংশোধন করে সম্পূরক পরীক্ষার্থীদের দিকে হাত বাড়িয়ে দিতে পারে, তাহলে ঢাকা বা জাহাঙ্গীরনগর পারবে না কেন?
বিশ্ববিদ্যালয়গুলো যদি ১৯৭৩ সালের আইনকে বেদবাক্য মনে করে, তাহলে সেই আইনের সব বিধান কি তারা অক্ষরে অক্ষরে মেনে চলে? যেমন—ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশের ১১ অনুচ্ছেদ অনুযায়ী উপাচার্য নিয়োগের কথা সিনেটের মনোনীত তিনজনের প্যানেল থেকে। গত কয়েক দশকে কতজন উপাচার্য সেই পথে নিয়োগ পেয়েছেন? সুবিধামতো আইন মানা আর অসুবিধায় আইনের দোহাই দেওয়া এক জিনিস নয়।
শিক্ষার্থীদের পক্ষে দাঁড়ালে কোনো বিশ্ববিদ্যালয় ছোট হয় না। বরং তাতে প্রতিষ্ঠানের মানবিক মুখটাই সবার সামনে আসে। এটাই শিক্ষার সবচেয়ে বড় সৌন্দর্য। আর একটি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বাড়ে কঠোরতায় নয়, ন্যায্যতা ও সংবেদনশীলতায়, শিক্ষার্থীর প্রতি দায়বোধে।
এসব মৌলিক প্রশ্নের উত্তর হয়তো এই তিন নামী বিশ্ববিদ্যালয়ের কাছে নেই। কিন্তু তারা যেহেতু শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির আহ্বান উপেক্ষা করে অনড় রয়েছে, তাই এখানে বড় ভূমিকা রাখতে পারেন বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশের ১০ অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের আচার্য। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদে থাকা এই ব্যক্তির পরামর্শ বা উদ্যোগ কোনো বিশ্ববিদ্যালয়ই হালকাভাবে নিতে পারে না।
১৯৭৩ সালের এই অধ্যাদেশের ৫১ ধারায় স্পষ্টত বলা আছে, কোনো বিষয়ে প্রশ্ন উঠলে প্রশ্নটি চ্যান্সেলরের কাছে পাঠাতে হবে। এ বিষয়ে চ্যান্সেলরের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। ‘এই বিধান প্রযোজ্য হবে কেবল তখন, যখন এই আদেশ, সংবিধি এবং বিশ্ববিদ্যালয় অধ্যাদেশে বিষয়টি নিয়ে কোনো স্পষ্ট বিধান নেই।’
যদিও এই অনুচ্ছেদে ব্যক্তির বিষয়ে সিদ্ধান্তের কথা বলা হয়েছে, তবে আইনটি এই ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। কারণ, সম্পূরক পরীক্ষার্থীদের বিষয়েও বিশ্ববিদ্যালয়ের বিধানে স্পষ্ট করে বলা নেই।
বিষয়টি জনগুরুত্বপূর্ণ, আর এর সঙ্গে জড়িয়ে আছে একটি পুরো প্রজন্মের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা। গণমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা চলছে, শিক্ষা মন্ত্রণালয়ও শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো আনুষ্ঠানিকভাবে আচার্যকে জানাক বা না জানাক, আচার্য চাইলে নিজ উদ্যোগে বিশ্ববিদ্যালয়গুলোকে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানাতে পারেন। সে আহ্বানে বিশ্ববিদ্যালয়গুলো কতটা মর্যাদাপূর্ণ সাড়া দেবে, জানি না।
তবে এই মুহূর্তে শিক্ষার্থী ও অভিভাবকদের উচিত হবে রাষ্ট্রপতি তথা আচার্যের হস্তক্ষেপ চাওয়া। বিশ্ববিদ্যালয়গুলো নিজেরাই এগিয়ে এলে সবচেয়ে ভালো হয়। না এলে আচার্যের একটি উদ্যোগই হয়তো ফিরিয়ে দিতে পারে সম্পূরক পরীক্ষার্থীদের হারাতে বসা একটি বছর কিংবা তাদের লালিত স্বপ্ন।
ড. নাদিম মাহমুদ, গবেষক, পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়, ই-মেইল: nadim.ru@gmail.com
মতামত লেখকের নিজস্ব; বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদকীয় অবস্থান নয়।
