২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমি কোনো জাদুকর নই’, সিটির ছন্দহীনতা নিয়ে মারেস্কা

ম্যানচেস্টার সিটির সাম্প্রতিক বাজে ফর্ম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু দেখছেন না কোচ এন্টসো মারেস্কা।

‘আমি কোনো জাদুকর নই’, সিটির ছন্দহীনতা নিয়ে মারেস্কা

এন্টসো মারেস্কা। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 08:10 AM

Updated : 28 Nov 2026, 08:10 AM

স্বপ্নের শুরু যেন রূপ নিয়েছে দুঃস্বপ্নে। হঠাৎ করেই কক্ষচ্যুত হয়ে পড়েছে ম্যানচেস্টার সিটি। তবে দলের সাম্প্রতিক বাজে ফর্ম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু দেখছেন না কোচ এন্টসো মারেস্কা। তার মতে, পেপ গুয়ার্দিওলার বিদায়ের পর ক্লাবের পুনর্গঠনের এই পর্যায়ে পারফরম্যান্সে কিছুটা ভাটা পড়া খুবই স্বাভাবিক বিষয়।

এই মৌসুমে প্রিমিয়ার লিগে প্রথম সাত ম্যাচেই জয়ের পর, সিটি তাদের সবশেষ চার ম্যাচে স্রেফ এক পয়েন্ট পেয়েছে। বর্তমানে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তারা তৃতীয় স্থানে রয়েছে, দ্বিতীয় স্থানে থাকা ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের সমান পয়েন্ট তাদের, আর শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে তারা ৬ পয়েন্ট পিছিয়ে আছে।

আগামী রোববার আর্সেনালের মাঠেই খেলতে যাবে সিটি। সম্প্রতি দলের পারফরম্যান্স কেন কিছুটা পড়ে গেছে, এমন প্রশ্ন করা হয় শুক্রবার মারেস্কার সংবাদ সম্মেলনে।

গুয়ার্দিওলার এক দশকের সিটি দীর্ঘ অধ্যায় শেষের পর, গত জুনে দায়িত্ব নেওয়া মারেস্কা মনে করেন, পরিবর্তনের এই সময়ে দলের পারফরম্যান্সে অধারাবাহিকতা থাকাটা প্রত্যাশিতই ছিল।

“পুনর্গঠনের জন্য সময়ের প্রয়োজন। টানা সাতটি জয়, চ্যাম্পিয়ন্স লিগসহ টানা আটটি জয় পাওয়ার কারণে সবাই হয়তো ভেবেছিল, দলে কোনো পুনর্গঠন প্রক্রিয়া চলছে না।

“কিন্তু অনেকবারই বলেছি, আমি কোনো জাদুকর নই। দলে পুনর্গঠন প্রক্রিয়া চলছে, আর এটি (পারফরম্যান্সে অধারাবাহিকতা) খুবই স্বাভাবিক। দলে আট-নয়জন নতুন খেলোয়াড় এসেছে, নতুন কোচ এসেছে, সব মিলিয়ে সময়ের প্রয়োজন। অন্যান্য ক্লাবের ক্ষেত্রেও দেখা গেছে, পুনর্গঠনের সময়টা কতটা জটিল হতে পারে।”

তাই বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নন চেলসির সাবেক এই কোচ।

“আমি পুরোপুরি শান্ত আছি, আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমি বুঝি যে, আমাদের ম্যাচ জিততে হবে, কারণ এটাই আমাদের কাজ; তবে আমার কাছে এই পরিস্থিতি খুবই স্বাভাবিক।”