বার্সা সমর্থকদের দুশ্চিন্তা করতে মানা হাফিনিয়ার
নিজে যে এখনও পুরোপুরি ফিট নন, এ বিষয়ে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে কথা বলেছেন বলে জানালেন এই ফরোয়ার্ড।
ব্রাজিল দলে হাফিনিয়ার ডাক পড়ায় আগাম দুশ্চিন্তার কথা রাখঢাক না করেই বলেছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। জাতীয় দলের হয়ে সবশেষ দু্ই অভিযানেই এই ফরোয়ার্ড চোটে পড়ায়, সামনের আন্তর্জাতিক ফুটবলের বিরতি নিয়ে কাতালান ক্লাবটির সমর্থকরাও হয়তো কিছুটা চিন্তিত। তবে সবাইকে আশ্বস্ত করে কোনোরকম চিন্তা করতে মানা করলেন হাফিনিয়া।
আগামী ১৪ নভেম্বর জাপান ও এর তিন দিন পর সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে ব্রাজিল। দুটি ম্যাচই হবে সিঙ্গাপুরে। এজন্য প্রত্যাশিতভাবে হাফিনিয়াকে নিয়েই দল দিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।
তবে জাতীয় দলে হাফিনিয়ার গত কয়েকটি অভিযান ভালো কাটেনি। গত মৌসুমে চোটের কারণে বেশ ভুগতে হয় তাকে। পরে জুন-জুলাইয়ে বিশ্বকাপে গিয়েও চোটে পড়েন তিনি। আবার সবশেষ আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলে হাঁটুর চোটে পড়েন এবং সেকারণে ক্লাবে ফিরে খেলতে পারেননি দুটি ম্যাচ।
একারণে আনচেলত্তির দলে হাফিনিয়ার ডাক পড়ার পরপরই, এ বিষয়ে ফ্লিক নিজের দুর্ভাবনার কথা বলেছিলেন। দারুণ ছন্দে থাকা এই ফরোয়ার্ডের জাতীয় দলে খেলার সময় যতটা কম হবে, ততই খুশি হবেন বলে তখন জানান এই জার্মান কোচ।
কোচের সেই দুশ্চিন্তাই যেন কিছুটা কমালেন হাফিনিয়া। বললেন, ব্যস্ত সূচিতে ফুটবলারদের কতটা সময় খেলানো উচিত, আনচেলত্তি জানেন।
“একজন কোচ হিসেবে আনচেলত্তি জানেন, স্কোয়াডের সবাইকেই খেলার সময় দিতে হবে। তিনি এটাও জানেন, কেউ চোট পেলে ব্রাজিলের জন্যও সেটা সমস্যা তৈরি করবে, এবং তিনি জানেন সবার ম্যাচ টাইম কিভাবে ম্যানেজ করতে হবে।
“আমরা কথা বলেছি; তিনি জানেন আমি একটা চোট থেকে পুরোপুরি সেরে ওঠার মধ্যে আছি, এখনও শতভাগ ফিট নই। এ ব্যাপারে বার্সা সমর্থকদের দুশ্চিন্তা করার দরকার নেই, কারণ আমি ভালোভাবে নিজের যত্ন নিচ্ছি।”
চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচ খেলেই ১৯ গোল করেছেন হাফিনিয়া। তিনটি অ্যাসিস্টও করেছেন বার্সেলোনা অধিনায়ক।
লা লিগায় খুব গুরুত্বপূর্ণ ম্যাচে আগামী রোববার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে বার্সেলোনা।
১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আতলেতিকো।
