প্রথমবার জাতীয় দলে বেলিংহ্যামের ছোট ভাই
নেশন্স লিগের দলে জায়গা হয়নি অ্যাটকিং মিডফিল্ডার কোল পামারের।
বরুশিয়া ডর্টমুন্ড ও ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ইংলিশ তারকা ফুটবলার জুড বেলিংহ্যামের ছোট ভাই জোব বেলিংহ্যাম। প্রথমবারের মতো ইংল্যান্ডের জাতীয় দলে ডাক পেয়েছেন এই মিডফিল্ডার।
চলতি মাসে নেশন্স লিগে ক্রোয়েশিয়া ও স্পেনের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। এই দুই ম্যাচের জন্য কোচ টমাস টুখেলের শুক্রবার ঘোষিত দলে জায়গা হয়নি চেলসির অ্যাটাকিং মিডফিল্ডার কোল পামারের।
পেশির চোটের কারণে গত সেপ্টেম্বর জাতীয় দল থেকে নাম সরিয়ে নেন ২৪ বছর বয়সি পামার। এবার দলেই জায়গা হলো না চলতি মৌসুমে চেলসির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে পাঁচটি গোল ও তিনটি অ্যাসিস্ট করা এই ফুটবলারের।
নতুন মুখ জোব বেলিংহ্যাম ২০২৫ সালের গ্রীষ্মে সান্ডারল্যান্ড থেকে ডর্টমুন্ডে যোগ দেন। চলতি মৌসুমে জার্মান ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে মাঠে নামেন তিনি। যার মধ্যে ১০টিতেই ছিলেন শুরুর একাদশে। আর ১২ ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের প্রতিনিধিত্ব করেছেন ২১ বছর বয়সি এই ফুটবলার।
চোটের কারণে বুকায়ো সাকাকে পাচ্ছে না ইংল্যান্ড। ননি মাদুয়েকে এবং কবি মেইনুকে জায়গা হয়নি দলে।
ডাক পেয়েছেন দুই অ্যাটকিং মিডফিল্ডার ফুলহ্যামের জশ কিং এবং নটিংহ্যাম ফরেস্টের মর্গ্যান গিবস-হোয়াইট। এর আগে ফ্লোরিডায় ইংল্যান্ডের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পেও ছিলেন কিং। আগের আন্তর্জাতিক বিরতিতে বিশ্রাম পাওয়া ডেক্লান রাইস ফিরেছেন এবার।
নেশন্স লিগের ‘সি’ গ্রুপে দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড। আগামী বৃহস্পতিবার ওয়েম্বলিতে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে তারা। এরপর স্পেনের বিপক্ষে খেলতে যাবে মাদ্রিদে, আগামী ১৫ নভেম্বর।
