১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফ হাসানের নেতৃত্বে ‘এ’ দলে সাব্বির-আফিফ

অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে সাজানো হয়েছে এশিয়া কাপ রাইজিং স্টারসের জন্য বাংলাদেশ 'এ' দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 12:23 PM

Updated : 15 Nov 2026, 12:29 PM

জাতীয় দলে ফেরার অভিযানে নতুন সুযোগ পেলেন সাব্বির রহমান, আফিফ হোসেন, ইয়াসির আলি চৌধুরিরা। এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ‘এ’ দলে ডাক পেলেন অভিজ্ঞ ক্রিকেটাররা।

কাতারের দোহায় বৃহস্পতিবার শুরু হবে ৮ দলের এই টুর্নামেন্ট। সাইফ হাসানের নেতৃত্বে রোববার ১৫ জনের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার বিকেলে কাতারের উদ্দেশে দেশ ছাড়ার কথা তাদের।

পঞ্চাশ ওভারের টুর্নামেন্টের জন্য চলতি মাসের শুরুতে ঘোষণা করা হয় ১৯ জনের প্রাথমিক স্কোয়াড। মোহাম্মদ আশরাফুলের তত্ত্বাবধানে গত ৬ নভেম্বর অনুশীলন শুরু করেন ডাক পাওয়া ক্রিকেটাররা।

ওই প্রাথমিক স্কোয়াডে ছিলেন না সাইফ। এবার মূল দলে এসে সরাসরি অধিনায়কত্বও পেলেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের টপ-অর্ডারের নিয়মিত ব্যাটসম্যান।

প্রাথমিক দলে থাকা জাকির হাসান, এসএম মেহেরব হাসান ও আমিনুল ইসলামের জায়গা হয়নি চূড়ান্ত স্কোয়াডে। এছাড়া দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে ডাক পাওয়ায় মোহাম্মদ নাঈম শেখ ও শারীরিক অসুস্থতায় ছিটকে যান মাহমুদুল হাসান জয়।

অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে সাজানো হয়েছে 'এ' দল। সাব্বির, আফিফ, ইয়াসির, ইরফান শুক্কুর, মোহাম্মদ সাইফউদ্দিনের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে রাখা হয়েছে সামিউন বশির, ইফতেখার হোসেন, চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, ইকবাল হোসেনদের মতো সম্ভাবনাময় ক্রিকেটারদের।

২০২২ সালের অক্টোবরের পর আর জাতীয় দলে খেলা হয়নি সাব্বিরের। গত অগাস্টে বাংলাদেশ এইচপি দলের হয়ে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলেছেন তিনি। এবার 'এ' দলের হয়ে ভালো করতে পারলে জাতীয় দলে ফেরার সুযোগ তৈরি হবে তার।

সাব্বিরের মতোই জাতীয় দলে ফেরার লড়াইয়ে আফিফ, ইয়াসির, সাইফউদ্দিনরা। আসা-যাওয়ার মধ্যে থাকা আফিফ গত এপ্রিলে খেলেছেন সবশেষ ওয়ানডে। ২০২৩ সালের পর আর এই সংস্করণে সুযোগ পাননি ইয়াসির। সাইফউদ্দিন গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরের পর আর সুযোগ পাননি খেলার।

অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও নিজেদের সামর্থ্যের জানান দেওয়ার মঞ্চ এই টুর্নামেন্ট। এরই মধ্যে ঘরোয়া ক্রিকেটে আলো ছড়ানো ইফতেখার, সামিউন, রকিবুলরা মুখিয়ে থাকবেন ধারাবাহিক পারফরম্যান্সে নজর কাড়তে।

পেস আক্রমণে ইকবাল ও রিপন মণ্ডলের সঙ্গে আছেন দুই অলরাউন্ডার সাইফউদ্দিন ও রিজওয়ান। স্পিনে দুই বাঁহাতি রকিবুল ও সামিউনের সঙ্গে ডাক পেয়েছেন রহস্য স্পিনার মোহাম্মদ রুবেল। দলের প্রয়োজনে আফিফ ও সাব্বিরকেও হাত ঘোরাতে দেখা যেতে পারে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। 'এ' গ্রুপে তাদের পরের দুই প্রতিপক্ষ আফগানিস্তান 'এ' (২১ নভেম্বর) ও শ্রীলঙ্কা 'এ' (২৩) নভেম্বর। গ্রুপের সেরা দুই দল পাবে সেমি-ফাইনালের টিকিট।

বাংলাদেশ ‘এ’ স্কোয়াড

পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান (অধিনায়ক), ইফতেখার হোসেন, শাহাদাত হোসেন, ইয়াসির আলি চৌধুরি, সাব্বির রহমান, আফিফ হোসেন, ইরফান শুক্কুর, সামিউন বশির, রকিবুল হাসান, মো. রুবেল, চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, ইকবাল হোসেন, রিপন মণ্ডল, মোহাম্মদ সাইফউদ্দিন