২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

হোজার সমাজতন্ত্র থেকে ফ্লেমিঙ্গো বিপ্লব: যুগসন্ধিক্ষণে আলবেনিয়ার তরুণরা

“পদত্যাগ নেই তো সংলাপও নেই।”—আলবেনিয়ায় ক্ষুব্ধ তরুণদের আন্দোলন কীভাবে প্রথাগত দলগুলোকে প্রত্যাখ্যান করে ফ্লেমিঙ্গো বিপ্লবে রূপ নিল?

হোজার সমাজতন্ত্র থেকে ফ্লেমিঙ্গো বিপ্লব: যুগসন্ধিক্ষণে আলবেনিয়ার তরুণরা

আনোয়ার হোজার চার দশকের একরোখা ও বিচ্ছিন্ন সমাজতান্ত্রিক শাসন আলবেনিয়াকে একসময় বিশ্বের সবচেয়ে বন্ধ রাষ্ট্রে পরিণত করেছিল। ছবি: এআই

সাঈদ ইফতেখার আহমেদ সাঈদ ইফতেখার আহমেদ

Published : 26 Nov 2026, 12:23 PM

Updated : 26 Nov 2026, 12:29 PM

“নতুন একটি সেতু বানাতে যদি একটি প্রাণী বলি দিতে হয়, তাহলে পুরো একটি নতুন পৃথিবী গড়তে কী লাগবে?” — আলবেনীয় ঔপন্যাসিক ইসমাইল কাদারে, ‘ক্রনিকল ইন স্টোন’

ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতা, ইউরোপের নিরাপত্তা সংকট কিংবা বৃহৎ শক্তিগুলোর ভূরাজনৈতিক টানাপোড়েন নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম যখন ব্যস্ত, তখন ইউরোপের দক্ষিণ-পূর্ব প্রান্তের ছোট দেশ আলবেনিয়া নীরবে এক রাজনৈতিক সন্ধিক্ষণ পার করছে। মে মাস থেকে নভেম্বরের শুরু পর্যন্ত রাজধানী তিরানাসহ বিভিন্ন শহরে যে বিক্ষোভ চলেছে, তার তীব্রতা এখন অনেকটা কমে এসেছে; রাস্তায় আগের মতো জনস্রোত নেই। কিন্তু আন্দোলন যে প্রশ্নগুলো তুলেছিল, তার মীমাংসা হয়নি। ক্ষোভের লক্ষ্য শুধু ক্ষমতাসীন সরকার নয়, গোটা রাজনৈতিক ব্যবস্থা। রাষ্ট্র ও রাজনৈতিক দলগুলো তরুণ প্রজন্মের আস্থা আদৌ ধরে রাখতে পারছে কি না, প্রশ্ন সেখানেই। যে দেশ একসময় নিজেকে বিশুদ্ধ সমাজতন্ত্রের শেষ দুর্গ ভাবত, সেই দেশের সরকারের বিরুদ্ধেই আজ অভিযোগ, সংরক্ষিত উপকূল তুলে দেওয়া হচ্ছে বিদেশি পুঁজির হাতে। এই রূপান্তর বুঝতে ফিরে তাকানো দরকার আলবেনিয়ার অতীতে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রায় চার দশক আলবেনিয়া শাসন করেছেন আনোয়ার হোজা। পূর্ব ইউরোপের অন্য কমিউনিস্ট রাষ্ট্রগুলোর সঙ্গে আলবেনিয়ার বড় পার্থক্য ছিল হোজার একরোখা স্বাতন্ত্র্য। ১৯৪৮ সালে তিনি যুগোস্লাভিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন, ১৯৬১ সালে ‘সংশোধনবাদের’ অভিযোগ তুলে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে, আর ১৯৭৮ সালে মার্কিন ঘনিষ্ঠতার অভিযোগে চীনের সঙ্গেও। কোনো পরাশক্তির ছায়ায় না থেকে নিজস্ব ধারার সমাজতন্ত্র গড়ার এই প্রকল্প অনেকের কাছে ‘হোজাবাদ’ নামে পরিচিত। তবে তার মূল্য দিতে হয়েছিল আলবেনিয়ার জনগণকে। দেশটির বাকি বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। ১৯৬৭ সালে আলবেনিয়াকে বিশ্বের প্রথম নাস্তিক রাষ্ট্র ঘোষণা করা হয়; সে বছর বন্ধ করে দেওয়া হয় দেশের ২,১৬৯টি ধর্মীয় স্থাপনা, যার মধ্যে ছিল ৭৪০টি মসজিদ আর সাত শতাধিক গির্জা। অনেকগুলো গুঁড়িয়েও দেওয়া হয়। পরের বছর চেকোস্লোভাকিয়ায় সোভিয়েত নেতৃত্বাধীন বাহিনীর অভিযানের প্রতিবাদে হোজা ওয়ারশ জোটও ত্যাগ করেন। সাবেক মিত্রদের কিংবা ন্যাটোর সম্ভাব্য হামলার ভয়ে দেশজুড়ে তৈরি করা হয় লক্ষাধিক বাংকার; আর গোপন পুলিশ সিগুরিমি ভিন্নমত দমন করে নির্মমভাবে।

১৯৮৫ সালে হোজার মৃত্যুর পর এই ব্যবস্থা বেশিদিন টেকেনি। ১৯৯০ সালের ৮ ডিসেম্বর তিরানার আনোয়ার হোজা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্রাবাসে বিদ্যুৎ ও তাপের অভাবের প্রতিবাদে রাস্তায় নামেন। দিনটি আলবেনিয়া আজও জাতীয় যুব দিবস হিসেবে পালন করে। দ্রুতই সেই ক্ষোভ একদলীয় শাসনের অবসানের দাবিতে পরিণত হয়। চাপের মুখে ১১ ডিসেম্বর ক্ষমতাসীন দল বহুদলীয় ব্যবস্থা মেনে নেয়, পরদিন জন্ম নেয় দেশের প্রথম বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি। ইতিহাসের পরিহাস হলো, ছাত্র আন্দোলনের গর্ভে জন্ম নেওয়া সেই দল এবং ১৯৯২ সালে দলটিকে ক্ষমতায় নিয়ে যাওয়া সালি বেরিশা আজকের ছাত্রদের চোখে পুরোনো ব্যবস্থারই অংশ।

গণতন্ত্রে উত্তরণের প্রথম বড় ধাক্কা আসে ১৯৯৭ সালে। বাজার অর্থনীতিতে প্রবেশের পর দেশজুড়ে গজিয়ে ওঠা পিরামিড স্কিমে, অর্থাৎ অস্বাভাবিক মুনাফার লোভ দেখানো ভুয়া বিনিয়োগ প্রতিষ্ঠানে, বহু মানুষ বাড়ি বিক্রি করে সঞ্চয় ঢেলেছিলেন। রাষ্ট্র সেগুলোর ওপর কোনো নজরদারি করেনি, আর মানুষের অভিযোগ ছিল, তৎকালীন প্রেসিডেন্ট বেরিশার সরকার নিজেই এসব প্রতিষ্ঠান থেকে লাভবান হচ্ছে। ১৯৯৬ সালের শেষে স্কিমগুলো একে একে ধসে পড়লে আলবেনীয়রা হারান প্রায় ১২০ কোটি ডলার। ক্ষোভ দ্রুত সশস্ত্র বিদ্রোহে রূপ নেয়, সরকারের পতন ঘটে, দুই হাজারের বেশি মানুষ নিহত হন আর শৃঙ্খলা ফেরাতে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী নামাতে হয়। রাষ্ট্র নাগরিকের সর্বস্ব রক্ষায় ব্যর্থ হলে আস্থা কত দ্রুত ভেঙে পড়ে, ১৯৯৭ সালের আলবেনিয়া তার এক রূঢ় দৃষ্টান্ত হয়ে আছে।

এবারের আন্দোলনের শুরু ২০২৬ সালের ২৩ মে, দক্ষিণ উপকূলে নার্তা লেগুনের কাছে জভেরনেৎস গ্রামে। ফ্লেমিঙ্গোর সংরক্ষিত আবাসস্থলের পাশে, হোজার আমলের নিষিদ্ধ সামরিক ঘাঁটি সাজান দ্বীপ ও উপকূলজুড়ে প্রায় ১৪০ কোটি ইউরোর একটি বিলাসবহুল পর্যটন প্রকল্পের প্রধান বিনিয়োগকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধানমন্ত্রী এদি রামার সরকার প্রকল্পটি তড়িঘড়ি অনুমোদন দিয়েছে। প্রশ্ন উঠেছে জমির মালিকানা নিয়েও; জমিটি কেনা হয়েছে এমন এক ব্যক্তির কাছ থেকে, যাকে দেশটির সংঘবদ্ধ অপরাধ দমন সংস্থা মাদক পাচারে জড়িত বলে সন্দেহ করে, যদিও আইনজীবীর মাধ্যমে তিনি অভিযোগ অস্বীকার করে এসেছেন। কুশনার নিজেকে ক্ষুদ্র অংশীদার দাবি করে বলেছেন, প্রকল্পটি দেশের সব নিয়ন্ত্রক ও পরিবেশগত প্রক্রিয়া মেনেই এগোবে; রামাও একে বৈধ ও দেশের জন্য ‘ঐতিহাসিক সুযোগ’ বলছেন। ফ্লেমিঙ্গো হয়ে ওঠে প্রতীক, আন্দোলনের নাম হয় ‘ফ্লেমিঙ্গো বিপ্লব’। গ্রীষ্মজুড়ে তিরানায় প্রায় ১৩০ দিন শান্তিপূর্ণ বিক্ষোভ চলে।

অক্টোবরে আন্দোলন নতুন মাত্রা পায়। ১৩ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের সামনে কয়েক শ ছাত্রের সমাবেশ কয়েক দিনের মধ্যে গোটা সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভে রূপ নেয়। ছাত্রদের অভিযোগের তালিকায় ছিল উচ্চ শিক্ষাব্যয়, বিশ্ববিদ্যালয়ের জীর্ণ অবকাঠামো, কর্মসংস্থানের অভাব আর একের পর এক দুর্নীতির কেলেঙ্কারি। প্রধান দাবি হয়ে ওঠে রামার পদত্যাগ। বিক্ষোভ দ্রুতই সহিংসতায় গড়ায়। সরকারি ভবন, পুলিশ স্টেশন, ব্যাংক আর শিক্ষা মন্ত্রণালয়ে হামলা ও অগ্নিসংযোগ হয়; পুলিশ জবাব দেয় টিয়ার গ্যাস, জলকামান আর রাবার বুলেটে। শুধু ১৪ অক্টোবরের দাঙ্গাতেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে আহত হন ৮৯ জন, যাদের ৬১ জন পুলিশ সদস্য; পরের সপ্তাহগুলোতে আহত ও গ্রেপ্তারের সংখ্যা গিয়ে দাঁড়ায় কয়েক শতে। সর্বশেষ বড় সংঘর্ষ হয় ৭ নভেম্বর, আর ১৪ নভেম্বর রামা আবার সংলাপের ডাক দেন। এরপর রাস্তার উত্তাপ কমেছে, তবে আন্দোলনকারীরা পিছু হটার কোনো ঘোষণা দেননি।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো ক্ষোভের লক্ষ্য। হামলা হয়েছে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির পাশাপাশি বিরোধী ডেমোক্র্যাটিক পার্টির সদর দপ্তরেও। মিছিলে স্লোগান উঠেছে ‘রামাকে জেলে, বেরিশাকে জেলে’; যোগ দিতে আসা ডেমোক্র্যাটিক পার্টির সংসদ সদস্যদের চলে যেতে বলা হয়েছে। বার্তাটি স্পষ্ট: শুধু সরকার বদল নয়, পুরো রাজনৈতিক সংস্কৃতিই বদলাতে হবে।

ক্ষোভের মূলে না গিয়ে সরকার একে দেখছে বাইরের শত্রুদের কারসাজি হিসেবে। রামা আন্দোলনকে ‘হাইব্রিড যুদ্ধ’—অর্থাৎ বিদেশি অপপ্রচার ও প্ররোচনায় সাজানো অস্থিরতা—আখ্যা দিয়ে বিরোধী দল ও ‘বিদেশি শক্তিকে’ দায়ী করেছেন, আঙুল তুলেছেন রাশিয়া ও ইরানের দিকে। তার মতে, কুশনার না থাকলে ফ্লেমিঙ্গো বা আলবেনিয়া নিয়ে কারও মাথাব্যথা থাকত না। কিন্তু ঘরের ক্ষোভকে বাইরের ষড়যন্ত্র বলে খারিজ করার চেষ্টা করলে রাজনৈতিক সংকট কাটে না, বরং আরও ঘনীভূত হয়। ২০ অক্টোবর রামার কার্যালয়ের সামনে ‘সংলাপ’ লেখা লাল চেয়ার সাজানো হয়েছিল। ছাত্ররা সেগুলো উল্টে দিয়ে স্লোগান দেয়, ‘পদত্যাগ নেই তো সংলাপও নেই!’ ২৮ অক্টোবর বৃত্তিসহ সুবিধার একটি প্যাকেজ ঘোষণা করেও সরকার পরিস্থিতি সামাল দিতে পারেনি। এই প্রত্যাখ্যান নতুনও নয়। ২০১৮-১৯ সালে পরীক্ষার ফি বাড়ানোর প্রতিবাদে ছাত্ররা যখন ক্লাস বর্জন করেছিলেন, তখনো রামা বিশ্ববিদ্যালয়ে ঘুরে ঘুরে সংলাপের প্রস্তাব দিয়েছিলেন, আর ছাত্ররা তা ফিরিয়ে দিয়েছিলেন। আস্থার ঘাটতি তাই হঠাৎ তৈরি হয়নি, পুঞ্জীভূত হয়েছে বছরের পর বছর।

সংলাপের চেয়ার উল্টে দেওয়ার ঘটনাটি আন্দোলনের একটি মৌলিক বৈশিষ্ট্যও স্পষ্ট করে: ছাত্ররা আলোচনায় বসতে রাজি নন, কারণ তারা কোনো ছাড় চান না, চান জবাবদিহিতা। এ আন্দোলনের কোনো একক নেতা নেই, সুস্পষ্ট সাংগঠনিক কাঠামো বা কেন্দ্রীয় কমান্ডও নেই। সমন্বয় হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম, মেসেজিং অ্যাপ আর অনানুষ্ঠানিক নেটওয়ার্কে; বিশ্লেষকেরা একে বলছেন ‘হরাইজন্টাল রিভোল্ট’। বিংশ শতাব্দীর গণআন্দোলন দমন বা আলোচনার টেবিলে আনা তুলনামূলক সহজ ছিল, কারণ সেখানে নির্দিষ্ট নেতা, দল বা আলোচনাকারী পক্ষ থাকত। একজন নেতাকে কারারুদ্ধ করা যায়, একটি দলকে নিষিদ্ধ করা যায়। কিন্তু হাজারো বিকেন্দ্রীভূত মানুষের অসন্তোষের সামনে সরকার জানেই না কার সঙ্গে আলোচনা করবে, কাকে ছাড় দিলে আপস হবে।

তবে এই শক্তির উল্টো পিঠও আছে। নেতৃত্বহীন আন্দোলন রাষ্ট্রকে নাড়িয়ে দিতে পারে, কিন্তু দাবিকে নীতি কিংবা নির্বাচনী শক্তিতে রূপ দিতে প্রায়ই ব্যর্থ হয়; তখন অন্যরা ফসল ঘরে তোলে। আলবেনিয়াতেই এর দৃষ্টান্ত আছে। ফেব্রুয়ারিতে উপপ্রধানমন্ত্রী বেলিন্দা বাল্লুকুর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত ঘিরে যে বিক্ষোভ হয়, তার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল বিরোধী দল। আরব বসন্তের অভিজ্ঞতাও একই সতর্কবার্তা দেয়, আর আন্দোলন-পরবর্তী রূপান্তরের জটিলতা বাংলাদেশের মানুষের কাছেও অপরিচিত নয়।

প্রশ্ন হলো, প্রচলিত দলগুলো কেন এই তরুণদের প্রতিনিধিত্ব করতে পারছে না। রামা ক্ষমতায় আছেন ২০১৩ সাল থেকে; ২০২৫ সালের নির্বাচনে তার দল ১৪০ আসনের ৮৩টি জিতে টানা চতুর্থ মেয়াদ পেয়েছে, যদিও ভোট দিয়েছেন নিবন্ধিত ভোটারদের অর্ধেকেরও কম। বিরোধী শিবিরের নেতৃত্বে এখনো সেই বেরিশা, যিনি নব্বইয়ের দশকের শুরুতেই রাষ্ট্রক্ষমতায় ছিলেন। তিন দশক ধরে একই মুখ, একই দ্বন্দ্ব। আরও বড় স্ববিরোধ সোশ্যালিস্ট পার্টির নামে। দলটি হোজার পার্টি অব লেবারেরই উত্তরসূরি, অথচ রামার অর্থনৈতিক নীতিকে সমালোচকেরা নব্য-উদারতাবাদী বলেই চিহ্নিত করেন। এক সময়ের কট্টর কমিউনিস্ট রাষ্ট্রে ‘সোশ্যালিস্ট’ নামটি তাই আজ প্রায় অর্থহীন।

দেশটিতে কার্যকর বামপন্থি শক্তি কি আছে? আছে, তবে প্রান্তে। সেই ২০১৮-১৯ সালের ছাত্র আন্দোলন থেকে উঠে আসা কর্মীরা ২০২২ সালে গড়ে তোলেন লেভিজা বাশকে, অর্থাৎ ‘একসঙ্গে আন্দোলন’। ২০২৫ সালের নির্বাচনে দলটি প্রায় ১.৪ শতাংশ ভোট পেয়ে একজন সংসদ সদস্য পেয়েছে। দলটির নেতাদের যুক্তি, পার্থক্য সত্ত্বেও দুই প্রধান দলই একই অলিগার্কির ওপর নির্ভরশীল। এই যুক্তির সঙ্গে রাস্তার ক্ষোভের মিল স্পষ্ট, কিন্তু সেই ক্ষোভ এখনো তাদের ভোটে রূপ নেয়নি।

ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদকে রামা তার শাসনের চূড়ান্ত লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন, এমনকি ইঙ্গিত দিয়েছেন যে অস্থিরতা সেই পথে বাধা হতে পারে। অথচ এই ‘ইউরোপমুখী সাফল্যের গল্প’ দেশ ছেড়ে চলে যাওয়া তরুণদের দীর্ঘ মিছিল থামাতে পারেনি; প্রবাসীরাও তাই এবারের বিক্ষোভে শামিল হয়েছেন।

আলবেনিয়ার ঘটনা কোনো বিচ্ছিন্ন সংকট নয়। বাংলাদেশের জুলাই ২০২৪, নেপালের ২০২৫ সালের বিক্ষোভ, সার্বিয়ার ছাত্র আন্দোলন কিংবা এই শরতে ফ্রান্সের স্কুল-কলেজের তরুণদের বিদ্রোহের মতো এটিও বিশ্বজুড়ে ‘জেন-জি’ বিদ্রোহের অংশ। প্রেক্ষাপট ভিন্ন হলেও মিলগুলো চোখে পড়ার মতো: সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠিত হওয়া, দলীয় পরিচয় এড়িয়ে চলা, আর চাকরি ও ভবিষ্যতের অনিশ্চয়তার মূলে দুর্নীতিকে চিহ্নিত করা। এই তরুণেরা নতুন নেতা খুঁজছেন না; প্রশ্ন তুলছেন পুরো ব্যবস্থার বৈধতা নিয়েই। এ ধরনের আন্দোলনকে তাই কেবল আইনশৃঙ্খলার সমস্যা হিসেবে মোকাবিলা করা যায় না। এর পেছনে থাকে প্রতিনিধিত্বের সংকট, আস্থার সংকট আর রাজনৈতিক বৈধতার সংকট।

রাস্তা আজ শান্ত, কিন্তু শান্ত রাস্তা মানেই মীমাংসা নয়। ১৯৯০ সালে ছাত্ররা একটি একনায়কতন্ত্রের পতন ঘটিয়েছিলেন; তিন যুগ পর তাদের উত্তরসূরিরা জানতে চাইছেন, সেই গণতন্ত্র কার জন্য গড়া হলো। কাদারের প্রশ্নটি তাই আলবেনিয়ার জন্য নতুন করে প্রাসঙ্গিক: একটি সেতুর জন্য যদি বলি লাগে, নতুন পৃথিবী গড়তে আর কত মূল্য দিতে হবে?

তিরানার শাসকদের সামনে পথ দুটি: এই প্রশ্নকে আরেকটি ‘হাইব্রিড যুদ্ধ’ বলে উড়িয়ে দেওয়া, অথবা দলীয় রাজনীতির দরজা নতুন প্রজন্মের জন্য খুলে দেওয়া। প্রথম পথটি সহজ, কিন্তু আলবেনিয়ার নিজের ইতিহাসই বলে, সেই পথের শেষে অপেক্ষা করে আরও গভীর আস্থাহীনতা, আরও বড় রাজনৈতিক সংকট। বড় পরিবর্তনের পূর্বাভাস সবসময় বড় রাষ্ট্র থেকে আসে না। ইউরোপের প্রান্তের এ দেশটিতে আজ যা ঘটছে, তা কেবল একটি সরকারের বিরুদ্ধে আন্দোলন নয়; এটি প্রচলিত দলীয় গণতন্ত্রের ভবিষ্যৎকেই প্রশ্নবিদ্ধ করছে।

সাঈদ ইফতেখার আহমেদ: শিক্ষক, স্কুল অব সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিজ, আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেম। ই-মেইল: sia112002@yahoo.com

মতামত লেখকের নিজস্ব; বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদকীয় অবস্থান নয়।