২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাকশিল্প: সোনার ডিমপাড়া হাঁস

ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা করতে পারলে এবং মুনাফা অর্জন করতে পারলে শ্রমিকদের বাড়তি বেতন নিয়ে তারা গড়িমসি করতে পারবেন না বা কোনো অজুহাতও দিতে পারবেন না।

পোশাকশিল্প: সোনার ডিমপাড়া হাঁস

দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পকে বাঁচিয়ে রাখতে হলে শ্রমিকদের জীবনমান উন্নয়নের পাশাপাশি কারখানার উৎপাদন পরিবেশ, জ্বালানি সরবরাহ ও ব্যাংকিং সহায়তা নিশ্চিত করা জরুরি।

আমীন আল রশীদ আমীন আল রশীদ

Published : 25 Nov 2026, 04:22 PM

Updated : 25 Nov 2026, 04:22 PM

সোনার ডিমপাড়া হাঁসের গল্প এবং বাংলাদেশের পাটশিল্প ধ্বংসের কাহিনী আপনার জানা। ওই গল্প ও কাহিনী এখন দেশের প্রধান রপ্তানি পণ্য, অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এবং সারা পৃথিবীতে ‘মেইড ইন বাংলাদেশ’ স্লোগানের প্রধান নিয়ামক পোশাক খাতে পুনরাবৃত্তি হচ্ছে কি না, ওই প্রশ্ন উঠছে। সোমবার (২৩ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সঙ্গে বৈঠক শেষে একজন পোশাকশিল্প মালিকও আক্ষেপ করে বলেছিলেন, “একটি হাঁস প্রতিদিন একটি করে সোনার ডিম দেয়। কিন্তু হাঁসটি যখন অসুস্থ হয়ে যায়, তখনো কি আপনি তার কাছ থেকে সোনার ডিম আশা করেন?”

সোনার ডিমপাড়া হাঁসটি কেন অসুস্থ হলো, ওই প্রসঙ্গে যাওয়ার আগে পোশাকশিল্পের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কিছুটা আলোকপাত করা যাক। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) টানা ১২ ঘণ্টা বৈঠক করে তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে চার হাজার টাকা বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, নতুন মজুরি কাঠামো অনুযায়ী ন্যূনতম বা গ্রেড ৪-এ মজুরি ১৭ হাজার টাকা, গ্রেড ৩-এ নিম্নতম মজুরি ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড ২-এ নিম্নতম ২০ হাজার টাকা এবং গ্রেড ১-এ ২১ হাজার ৫০০ টাকা।

সংবাদমাধ্যমের খবর বলছে, বেতন বাড়ানো নিয়ে বোর্ডের সব সদস্য একমত না হওয়ায় ভোটের মাধ্যমে নতুন কাঠামো চূড়ান্ত হয়। বোর্ডের ছয় সদস্যের ভোটের মধ্যে ১৭ হাজার টাকার পক্ষে পড়ে চারটি, ১৮ হাজার টাকার পক্ষে বাকি দুটি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, ২৫ নভেম্বর ২০২৬)।

এদিন বিকেলে পোশাক খাতের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব দেয় মালিকপক্ষ। অন্যদিকে নিজেদের অবস্থান থেকে সরে এসে শ্রমিকপক্ষের দাবি ছিল ২২ হাজার টাকা। দুই পক্ষের প্রস্তাবে বড় ব্যবধান থাকায় মধ্যরাত পর্যন্ত বৈঠক চলে।

বেশ কিছুদিন ধরেই ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। সবশেষ তাদের ন্যূনতম মাসিক বেতন ছিল সাড়ে ১২ হাজার টাকা। ফলে গত অগাস্ট মাসে সরকারি কর্মচারীদের জন্য নবম পে স্কেল ঘোষণার পরপরই পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর দাবি জোরাল হয়। যদিও বেসরকারি অন্যান্য খাতেও যে বেতন খুব সন্তোষজনক তা নয়।

এর আগে বেতন বাড়ানোর দাবিতে এরকম বড় পরিসরে পোশাক শ্রমিকদের আন্দোলন হয়েছিল ২০২৩ সালে, যখন তাদের ন্যূনতম মাসিক বেতন ছিল ৮ হাজার ৩০০ টাকা। তিন বছরের মাথায় একইভাবে রাজপথে নামেন পোশাক শ্রমিকরা। এবার তাদের দাবি ৩০ হাজার টাকা। অবশ্য শ্রমিকপক্ষের তরফে পরবর্তী সময়ে ৩২ হাজার টাকা দাবি করা হলেও সেখান থেকে তারা সরে আসে। প্রশ্ন হলো, ৩২ ও সাড়ে ১২ হাজার টাকার মাঝামাঝি যে ১৭ হাজার টাকা নির্ধারিত হলো, এর মধ্য দিয়ে সংকটের সুরাহা হলো? মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, ১৭ হাজার টাকা মজুরিতে তারা সন্তুষ্ট নন। তবে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই মজুরি মেনে নিতে হবে। এটি যাতে এখন সব কারখানায় দ্রুত কার্যকর হয়, ওই ব্যবস্থা গ্রহণ করতে হবে।

প্রসঙ্গত, বাংলাদেশের অর্থনীতির একটি বড় শক্তি তৈরি পোশাকশিল্প। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ থেকে ৮৫ ভাগ আসে এই খাত থেকে। ২০২৫-২৬ অর্থবছরে পোশাক রপ্তানির পরিমাণ ৩৮ দশমিক ৭০ বিলিয়ন ডলার। গত জুলাই মাসের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাজারে চলতি বছরের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি থেকে মে) তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয় শীর্ষ স্থান ধরে রেখেছে। যদিও বাংলাদেশের রপ্তানি কমেছে। অন্যদিকে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষে থাকা ভিয়েতনামের রপ্তানি বেড়েছে।

সম্প্রতি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ জানায়, চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও উৎপাদন বিঘ্নের কারণে পয়লা নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১৮ দিনে ৩১৭টি সদস্য কারখানার উৎপাদন ক্ষতি দাঁড়িয়েছে ৪২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। একই সঙ্গে ক্রেতারা ৫ কোটি ৯০ লাখ পিস পোশাকের নিশ্চিতকৃত অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছে, যার বাজারমূল্য ২৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। এতে শুধু তাৎক্ষণিক আর্থিক ক্ষতিই নয়, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের প্রতিযোগিতার সক্ষমতা ও ক্রেতাদের আস্থা ধরে রাখা নিয়েও তৈরি হয়েছে নতুন উদ্বেগ।

একজন পোশাকশিল্প মালিকের কাছে জানতে চেয়েছিলাম, এই সময়ের বাস্তবতায় একজন মানুষের পক্ষে কি মাত্র সাড়ে ১২ হাজার টাকায় সংসার চালানো আদৌ সম্ভব? তিনিও একমত যে, সম্ভব নয়। কিন্তু একই সঙ্গে তিনি এও বললেন যে, একজন পোশাক শ্রমিক যে সাড়ে ১২ হাজার টাকা পান, এটি অর্ধসত্য। কেননা, সাড়ে ১২ হাজার টাকা পান একেবারে শিক্ষানবিশ বা যিনি একদমই নতুন কর্মী। কিন্তু যারা দক্ষ শ্রমিক, তাদের বেতন এর চেয়ে অনেক বেশি এবং প্রত্যেকেরই ওভারটাইমের সুযোগ আছে। ফলে মোটামুটি দক্ষ শ্রমিকরাও মাসে ১৮ থেকে ২০ হাজার টাকা আয় করেন বলে দাবি করেন তিনি।

পোশাক শ্রমিকদের দাবির সঙ্গে একাত্ম এবং তাদের প্রতি সংবেদনশীল থেকেই প্রশ্নটি তোলা দরকার যে, এখনই ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি দেওয়ার সক্ষমতা নিশ্চয়ই সব মালিকের নেই। অন্য পেশার ন্যূনতম মজুরির সঙ্গেও এর সংগতি রাখা দরকার। অন্য পেশায় কি ন্যূনতম মজুরির কোনো কাঠামো আছে?

দ্বিতীয়ত, শুধু শ্রমিকের বেতন নয়, বরং এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য শ্রম ব্যয়ও বাড়বে। যেমন ওভারটাইম, ছুটি, বিভিন্ন সুবিধা, সামাজিক নিরাপত্তা ইত্যাদি। একই সঙ্গে পোশাক খাতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা, জ্বালানি ও উৎপাদন খরচ, অর্ডারের চাপ এবং কম মার্জিনের সমস্যাও আছে।

সুতরাং বোর্ড যে ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণ করল, বিদ্যমান বাস্তবতায় সেটি মেনে নিয়ে শ্রমিকদের কাজে ফিরে যাওয়া এবং সোনার ডিমপাড়া হাঁসটিকে সুস্থ করে তুলতে ভূমিকা রাখা উচিত, যাতে সে প্রতিদিন একটি করে ডিম দিতে পারে। কেননা অতিরিক্ত চাপে হাঁসটি অসুস্থ হয়ে বা মরে গিয়ে ডিমপাড়া বন্ধ করে দিলে সেটি শুধু শ্রমিকদের নয়, সামগ্রিকভাবে দেশের অর্থনীতির জন্যও ক্ষতি বয়ে আনবে।

মনে রাখা দরকার, চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক অস্থিরতার ধাক্কার সঙ্গে শ্রমিক অসন্তোষ, কারখানা বন্ধ, জ্বালানি সংকট, ব্যাংক ঋণের চাপ, আন্তর্জাতিক বাজারের দুর্বলতা, যুক্তরাষ্ট্রের শুল্ক এবং স্বল্পোন্নত দেশে উত্তরণে অনিশ্চয়তাসহ নানা কারণে পোশাক খাত সংকটে পড়ে। গত অগাস্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত দুই বছরে প্রায় ৭০০ টেক্সটাইল ও গার্মেন্ট কারখানা বন্ধ বা আর্থিকভাবে সংকটে পড়েছে।

গ্যাসের চাপ কমে যাওয়ায় উৎপাদন কমেছে। উৎপাদন কমার সরাসরি প্রভাব পড়ে রপ্তানি আয়ে। গত সেপ্টেম্বরের বিকেএমইএর এক জরিপে বলা হয়, গ্যাসের চাপ কমে যাওয়ায় দেশের ৯০ শতাংশ কারখানা বিদ্যুৎ সংকটে পড়ে। এর ফলে উৎপাদন কমে যায় প্রায় ৩৮ শতাংশ।

পোশাকশিল্পের আরেকটি বড় সংকট ওয়ার্কিং ক্যাপিটাল। পোশাকশিল্পের ব্যবসার ধরন এমন যে, কাঁচামাল কিনতে টাকা লাগে। তা দিয়ে কয়েক মাস উৎপাদন হয়। তারপরে ক্রেতার কাছ থেকে টাকা আসে। ফলে কাঁচামাল কেনার জন্য ব্যাংক থেকে দ্রুত ও স্বল্পমেয়াদি অর্থায়ন প্রয়োজন হয়। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংকিং খাতে অস্থিরতা, উচ্চ সুদ, খেলাপি ঋণসহ নানা কারণে ছোট ও মাঝারি উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার সঙ্গে সবশেষ যুক্ত হলো শ্রমিকদের মজুরি বাড়ানোর বিষয়টি।

সুতরাং ন্যূনতম মজুরি নিয়ে বিদ্যমান সংকট সমাধানে মজুরি বোর্ড যে সিদ্ধান্ত নিল, সেটি মালিক-শ্রমিক উভয় পক্ষেরই মেনে নেওয়া উচিত এবং আন্দোলন বন্ধ করে কারখানাগুলো পুরোদমে চালু করা প্রয়োজন।

তবে নতুন যে মজুরি নির্ধারিত হলো সেটি পোশাক খাতের ছোট ও মাঝারি উদ্যোক্তাদের ওপরে কী প্রভাব ফেলবে, তা এখনই বলা কঠিন। কেননা তাদের উৎপাদন ও বিপণন যাই হোক না কেন, বাড়তি মজুরি তাদেরও গুনতে হবে। বড় ব্যবসায়ীরা বেশি মুনাফা করেন। ফলে তাদের ওপর বাড়তি মজুরির চাপ যতটা পড়বে, ছোট ও মাঝারি ব্যবসায়ীদের ওপর চাপ পড়বে তার চেয়ে বেশি।

সে ক্ষেত্রে ব্যবসার পরিবেশ ঠিক রাখা, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা, ব্যাংকিং ব্যবস্থায় আমলাতন্ত্র ও দুর্নীতি বন্ধ করাসহ সরকারের হাতে যেসব নিয়ন্ত্রণ আছে, সেগুলো ঠিক রাখতে হবে। অর্থাৎ ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা করতে পারলে এবং মুনাফা অর্জন করতে পারলে শ্রমিকদের বাড়তি বেতন নিয়ে তারা গড়িমসি করতে পারবেন না বা কোনো অজুহাতও দিতে পারবেন না। আর যদি তারা শ্রমিক আন্দোলন, রাষ্ট্রীয় নীতি ও পরিকল্পনার দুর্বলতা এবং সুশাসনের অভাবে ক্ষতিগ্রস্ত হন, সে ক্ষেত্রে মজুরি বোর্ড যে সিদ্ধান্তই নিক না কেন, সোনার ডিমপাড়া হাঁসের পক্ষে প্রতিদিন একটি করে ডিম দেওয়া সম্ভব হবে না। বরং অপেক্ষাকৃত ছোট ও দুর্বল হাঁসগুলো মরেও যেতে পারে।

আমীন আল রশীদ: সাংবাদিক ও লেখক। ই-মেইল: aminalrasheed@gmail.com

মতামত লেখকের নিজস্ব; বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদকীয় অবস্থান নয়।