২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের শেষ সুযোগ, বাংলাদেশ কতটা প্রস্তুত?

তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠীকে যুগোপযোগী দক্ষতা ও মানসম্মত কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করতে না পারলে জনমিতিক লভ্যাংশ আশীর্বাদের বদলে অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারে।

ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের শেষ সুযোগ, বাংলাদেশ কতটা প্রস্তুত?

২০৪৫ সালে বাংলাদেশের কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে; এরপর থেকেই ধীরে ধীরে কমতে শুরু করবে তরুণ জনশক্তি ও বাড়বে বার্ধক্যের সংকট।

সাজ্জাদ সাব্বির সাজ্জাদ সাব্বির

Published : 25 Nov 2026, 08:10 AM

Updated : 25 Nov 2026, 08:10 AM

বাংলাদেশের সামনে সম্ভাবনার একটি নির্দিষ্ট জানালা খোলা আছে। ২০৪৫ সালে দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। অর্থনীতির ভাষায় একে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশ। কিন্তু এই সুবিধা কাজে লাগানোর জন্য আমরা কি আদৌ প্রস্তুত?

কোনো দেশের জনসংখ্যায় তরুণ ও কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি থাকা মানেই অর্থনীতি আপনাআপনি সমৃদ্ধ হয়ে ওঠা নয়। এর জন্য কর্মক্ষম মানুষের হাতে কাজ থাকতে হয়, কাজের উপযোগী দক্ষতা থাকতে হয় এবং উৎপাদনশীল অর্থনীতিতে প্রবেশের সুযোগ থাকতে হয়। রাষ্ট্র ওই পরিবেশ গড়ে তুলতে ব্যর্থ হলে জনসংখ্যার এই অনুকূল বয়সকাঠামো আশীর্বাদের বদলে বোঝায় পরিণত হতে পারে।

বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছে। বাংলাদেশ এখনো অনুকূল বয়সকাঠামোর সুবিধা পুরোপুরি কাজে লাগাতে পারেনি। আনুষ্ঠানিক কর্মসংস্থানের সীমাবদ্ধতা, শ্রমবাজারে নারীর কম অংশগ্রহণ এবং দক্ষতার ঘাটতি আমাদের অর্থনৈতিক সম্ভাবনাকে আটকে রেখেছে। অথচ এই সুযোগের সময়সীমা খুবই সীমিত। ২০৪৫ সালের পর কর্মক্ষম মানুষের অনুপাত কমতে শুরু করবে এবং ২০৫১ সালে বাংলাদেশে জনসংখ্যার বার্ধক্য আরও স্পষ্ট বাস্তবতা হয়ে উঠবে। অর্থাৎ বাংলাদেশের হাতে সময় আছে আর মাত্র ২০ বছর।

সংকটটি এখন আর কেবল ভবিষ্যতের পরিসংখ্যানে সীমাবদ্ধ নেই। বর্তমানের রাষ্ট্র পরিচালনা, শিক্ষাব্যবস্থা, শিল্পনীতি ও কর্মসংস্থান পরিকল্পনার সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। তরুণ উদ্যোক্তাদের পুঁজি ও বাজারে প্রবেশের সুযোগ তৈরি, নিরাপদ ও মানসম্মত চাকরির বাজার সম্প্রসারণ, শিক্ষা ও শ্রমবাজারের দক্ষতার ব্যবধান কমানো, তরুণীদের কর্মসংস্থান বৃদ্ধি এবং আঞ্চলিক বৈষম্য দূর করতে হবে। পাশাপাশি কর্মসংস্থানসংক্রান্ত ডেটার অবাধ প্রবাহ নিশ্চিত করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের ফলে আগামীর চাকরির বাজারে যে অনিশ্চয়তা তৈরি হচ্ছে, তা মোকাবিলায় সরকারকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করতে হবে।

দুঃখজনক বাস্তবতা হলো, এখন পর্যন্ত সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে এ বিষয়ে সমন্বিত, দীর্ঘমেয়াদি ও পরিমাপযোগ্য কোনো পরিকল্পনা দৃশ্যমান হয়নি। বিভিন্ন সময়ে কর্মসংস্থান নিয়ে বড় বড় সংখ্যা উচ্চারিত হয়েছে ঠিকই, কিন্তু বাস্তবতার সঙ্গে সেগুলোর কোনো মিল খুঁজে পাওয়া যায়নি।

এতগুলো সংকটের সমাধান বিচ্ছিন্ন কোনো প্রকল্প দিয়ে সম্ভব নয়। এর জন্য প্রয়োজন অন্তত দশ থেকে পনেরো বছরের একটি জাতীয় কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন কৌশল। রাজনৈতিক সরকার বদলালেও যেন পরিকল্পনার ধারাবাহিকতা নষ্ট না হয়, ওই প্রাতিষ্ঠানিক কাঠামোও গড়ে তুলতে হবে। কারণ জনমিতিক সুবিধার সময়সীমা কোনো নির্বাচনী মেয়াদের জন্য অপেক্ষা করবে না।

জনমিতিক লভ্যাংশের মূল কথা হলো, কর্মক্ষম মানুষের অনুপাত বাড়লে নির্ভরশীল জনগোষ্ঠীর তুলনায় উপার্জনক্ষম মানুষের সংখ্যা বাড়ে। এতে পরিবারে সঞ্চয়ের সুযোগ তৈরি হয়, বিনিয়োগ বাড়ে এবং উৎপাদনশীলতা বৃদ্ধির পথ সুগম হয়। তবে এই প্রক্রিয়া কার্যকর করতে হলে হিউম্যান ক্যাপিটাল ফর্মেশন বা মানবসম্পদ গঠনে জোর দিতে হবে। অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, কারিগরি দক্ষতা ও কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগকে একই অর্থনৈতিক পরিকল্পনার আওতায় আনতে হবে। শুধু তরুণ জনগোষ্ঠীর সংখ্যা দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি আসবে না; তাদের সক্ষমতা কাজে লাগানোর মতো প্রতিষ্ঠান ও বাজারও তৈরি করতে হবে।

দক্ষিণ কোরিয়ার অভিজ্ঞতা আমাদের সামনে একটি স্পষ্ট উদাহরণ। পঞ্চাশ ও ষাটের দশকে দেশটি শিক্ষাকে উৎপাদনমুখী করার ওপর জোর দিয়েছিল এবং শিল্পায়নের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলেছিল। পাশাপাশি কৃষি, উৎপাদনশিল্প, অবকাঠামো ও শ্রমঘন খাতে বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করেছিল। জনসংখ্যা নীতি, শিক্ষা ও অর্থনৈতিক পরিকল্পনাকে একই সুতোয় গেঁথেছিল দেশটি। বিশ্ব ব্যাংকের গবেষণায় দেখা গেছে, কোরিয়ার মাথাপিছু আয়ের প্রবৃদ্ধির প্রায় এক-তৃতীয়াংশই এসেছিল এই জনমিতিক পরিবর্তনের হাত ধরে।

এই অভিজ্ঞতা বাংলাদেশের বাস্তবতাকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করায়। আমাদের শিক্ষাব্যবস্থা কি অর্থনীতির চাহিদা বুঝে দক্ষ জনবল তৈরি করছে? বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী বের হচ্ছেন, কিন্তু তাদের অনেকেরই কর্মক্ষেত্রে প্রবেশের মতো ব্যবহারিক দক্ষতা নেই। নিয়োগদাতারা অভিজ্ঞতা চান, অথচ শিক্ষাপ্রতিষ্ঠান বাস্তব কাজের অভিজ্ঞতা দিতে পারছে না। একদিকে তরুণেরা চাকরি খুঁজছেন, অন্যদিকে প্রতিষ্ঠানগুলো দক্ষ কর্মী খুঁজছে। মাঝখানে দাঁড়িয়ে আছে শিক্ষা ও শ্রমবাজারের দীর্ঘ বিচ্ছিন্নতা।

ভিয়েতনামের অভিজ্ঞতাও প্রায় একই বার্তা দেয়। ১৯৮৬ সালের দই মই অর্থনৈতিক সংস্কারের পর দেশটি কৃষিনির্ভর অর্থনীতি থেকে উৎপাদনশিল্প ও রপ্তানিমুখী অর্থনীতির দিকে এগিয়ে যায়। বিশ্ব ব্যাংকের ডেটা অনুযায়ী, ১৯৮৬ সালে দেশটির শ্রমশক্তির প্রায় ৮০ শতাংশ কৃষিতে নিয়োজিত ছিল, যা ২০১৫ সালে কমে প্রায় ৪০ শতাংশে নেমে আসে। ২০০৯ থেকে ২০১৫ সালের মধ্যে দেশটির উৎপাদনশিল্পে ১৬ লাখ নতুন কর্মসংস্থান তৈরি হয়েছিল এবং শ্রমবাজারে নারীদের অংশগ্রহণও ছিল তুলনামূলকভাবে বেশি।

তবে ভিয়েতনামের এই সাফল্যের আড়ালে একটি সতর্কবার্তাও রয়েছে। দেশটির উৎপাদনশিল্পে এখন উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীর ঘাটতি দেখা দিয়েছে। বিশ্ব ব্যাংকের ২০৪৫ বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, ভিয়েতনামের উৎপাদনশিল্পের মাত্র ৫ শতাংশ কর্মীকে উচ্চ দক্ষতাসম্পন্ন হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ কম মজুরির শ্রম দিয়ে শিল্পায়নের প্রাথমিক ধাপ পার হওয়া সম্ভব হলেও দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য প্রযুক্তি, গবেষণা ও দক্ষতার মান বাড়াতেই হবে।

বাংলাদেশের জন্য এই শিক্ষা অত্যন্ত জরুরি। তৈরি পোশাকশিল্প আমাদের বিপুল কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা এনে দিয়েছে ঠিকই, কিন্তু রপ্তানি ও কর্মসংস্থানের ভিত্তি কেবল কয়েকটি খাতের ওপর নির্ভরশীল থাকলে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন হবে। ইলেকট্রনিকস, ওষুধ, কৃষিপ্রক্রিয়াজাতকরণ, জাহাজ নির্মাণ, আইটি, নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্যসেবা ও কেয়ার ইকোনমিতে নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে হবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ, প্রযুক্তি, বাজার ও নীতিগত সহায়তা দিতে হবে। ব্যবসা শুরু করার অনুমতি, কর, লাইসেন্স ও নিয়ন্ত্রণমূলক জটিলতা কমিয়ে উদ্যোক্তাদের পথের রাষ্ট্রীয় বাধাগুলো দূর করতে হবে।

সবচেয়ে বড় অবহেলার জায়গাটি হলো নারীর কর্মসংস্থান। দেশের অর্ধেক জনগোষ্ঠীকে শ্রমবাজারের বাইরে রেখে জনমিতিক সুবিধা অর্জনের স্বপ্ন দেখা আত্মপ্রবঞ্চনা ছাড়া কিছুই নয়। কর্মক্ষেত্রে নিরাপদ যাতায়াতের অভাব, হয়রানি, শিশুযত্নের ব্যবস্থা না থাকা, সামাজিক বাধা ও বৈষম্যমূলক নিয়োগনীতি নারীর অগ্রযাত্রায় বড় প্রতিবন্ধকতা। নারীর কর্মসংস্থানকে কেবল সামাজিক উন্নয়নের আনুষঙ্গিক বিষয় হিসেবে না দেখে জাতীয় উৎপাদনশীলতার অপরিহার্য শর্ত হিসেবে বিবেচনা করতে হবে।

একই সঙ্গে প্রয়োজন একটি উন্মুক্ত ও নির্ভরযোগ্য ন্যাশনাল লেবার মার্কেট ইনফরমেশন সিস্টেম। কোন খাতে কী ধরনের দক্ষতার চাহিদা তৈরি হচ্ছে, কোথায় কত কর্মসংস্থান আছে, কোন অঞ্চলে কোন পেশার সুযোগ বাড়ছে কিংবা কোন দক্ষতার চাহিদা কমছে, এসব ডেটা তরুণ, শিক্ষাপ্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের জন্য সহজলভ্য করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশন কোন পেশাকে বদলে দেবে এবং নতুন কোন কাজের ক্ষেত্র তৈরি করবে, ওই পূর্বাভাসের ভিত্তিতে প্রশিক্ষণ ও শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে।

আমাদের সামনে আরেকটি বড় সংকট হলো জনসংখ্যার ক্রমবর্ধমান বার্ধক্য। বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার বয়স্ক জনগোষ্ঠীর পেনশন সুরক্ষার দুর্বল চিত্রটি উঠে এসেছে। এই অঞ্চলে কর্মক্ষম মানুষের মাত্র ১৭ শতাংশ ভবিষ্যৎ পেনশন কর্মসূচির আওতায় সুরক্ষিত এবং বয়স্ক জনগোষ্ঠীর মাত্র ১০ শতাংশ পেনশন সুবিধা পান। বাংলাদেশকে এখন থেকেই স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা, পেনশন ও দীর্ঘমেয়াদি পরিচর্যার কাঠামো গড়ে তুলতে হবে। আজকের তরুণ কর্মীই আগামী দিনের প্রবীণ নাগরিক; তাই তাদের ভবিষ্যৎ নিরাপত্তার পরিকল্পনা আজকের উন্নয়ননীতির অংশ হওয়া জরুরি।

সবশেষে প্রশ্নটি গিয়ে ঠেকে রাজনৈতিক সদিচ্ছায়। আমাদের হাতে সময় আছে মাত্র ২০ বছর। জনমিতিক সুবিধা কাজে লাগাতে হলে আগামী বাজেট থেকেই শিক্ষা, শিল্প, স্বাস্থ্য, প্রযুক্তি ও কর্মসংস্থানের মধ্যে সমন্বিত পরিকল্পনা নিতে হবে। প্রতিবছর কত কর্মসংস্থান তৈরি হলো, তার পাশাপাশি কতটি মানসম্মত কাজ সৃষ্টি হলো, কত তরুণ বাজারোপযোগী দক্ষতা অর্জন করল, কত নারী নিরাপদ কর্মক্ষেত্রে প্রবেশ করলেন এবং কত ক্ষুদ্র উদ্যোক্তা অর্থায়ন পেলেন, এসবের স্বচ্ছ জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

২০৪৫ সালের জানালাটি খোলা থাকতেই আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এই ঐতিহাসিক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলে আমরাই হয়তো বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদি এক অর্থনৈতিক অমানিশা ডেকে আনব।

সাজ্জাদ সাব্বির: কেন্দ্রীয় সহ-সভাপতি, জাতীয় যুবশক্তি। ইমেইল: sajjadsabbir24@gmail.com

মতামত লেখকের নিজস্ব; বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদকীয় অবস্থান নয়।