১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

‘মাথার পাশ দিয়ে বল উড়ে গেলে ঘাবড়ানো যাবে না’

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের ব্যাটিং কোচ ডেল বেনকেনস্টেইন বললেন তার দায়িত্বের নানা দিক, দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে বাংলাদেশের ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

জোহানেসবার্গ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 09:00 AM

Updated : 14 Nov 2026, 09:00 AM

বাংলাদেশের সঙ্গে ডেল বেনকেনস্টেইনের সংযোগ পুরোনো। তার আন্তর্জাতিক অভিষেক বাংলাদেশেই, ১৯৯৮ আইসিসি নকআউট বিশ্বকাপে। খুব দারুণ কিছু না করতে পারলেও ফাইনালে ভালো জুটি গড়েছিলেন হান্সি ক্রনিয়ের সঙ্গে, যা দক্ষিণ আফ্রিকাকে এনে দিয়েছিল প্রথম বৈশ্বিক শিরোপা। ২৩ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি ছিল বাংলাদেশের বিপক্ষে ২০০২ সালে। এখন তিনি সেই দলেরই ব্যাটিং কোচ।

শুধু এই দক্ষিণ আফ্রিকা সফরের জন্যই তাকে নিয়োগ দিয়েছে বিসিবি। আন্তর্জাতিক ক্যারিয়ার লম্বা না হলেও তার প্রথম শ্রেণির ক্যারিয়ার দারুণ সমৃদ্ধ। রান করেছেন প্রায় ১৬ হাজার। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে ও কাউন্টিতে ছিলেন দারুণ সফল। খেলা ছাড়ার পর কোচিংয়ে নাম লিখিয়ে বেশ পরিচিতি গড়েছেন। নিজ দেশের ডলফিনস, কাউন্টিতে ল্যাঙ্কাশায়ার ও ডারহামের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন, দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের কোচ ছিলেন দুই বছর। প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন গ্লস্টারশায়ার, ল্যাঙ্কাশায়ার, হ্যাম্পশায়ারে।

এখন তার চ্যালেঞ্জটা অনেক কঠিন। স্বল্প সময়ের মধ্যেই দক্ষিণ আফ্রিকার কন্ডিশন ও ক্ষুরধার বোলিং আক্রমণের জন্য বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রস্তুত করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে ৫২ বছর বয়সী কোচ বললেন তার দায়িত্বের নানা দিক, বাংলাদেশের ব্যাটসম্যানদের সম্ভাবনা এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে।

বাংলাদেশের সঙ্গে আপনার তো পুরোনো সম্পর্ক। আপনার আন্তর্জাতিক অভিষেক সেখানে, শেষ ম্যাচটি খেলেছেন বাংলাদেশের বিপক্ষেই। এখন সেই দেশের সঙ্গে নতুন সংযোগের শুরু হলো…!

ডেল বেনকেনস্টেইন: পেছনে ফিরে তাকালে দেখা যায় যে, ছোট সংযোগ রয়েছে (বাংলাদেশের সঙ্গে)। আমার মনে হয়, বছরের পর বছর ধরে দক্ষিণ আফ্রিকার কোচদের সঙ্গে বাংলাদেশের একটা সংযোগ ছিল বরাবরই। কোচিংয়ের দিক থেকে বলতে গেলে, আমার জন্য সুযোগ পাওয়াটা দারুণ ব্যাপার এবং আমি সবসময় সুযোগ কাজে লাগাতে চাই।

লোকে সবসময় শিখতে থাকে। ভিন্ন সংস্কৃতির অংশ হওয়া, নতুন জিনিস শেখা এবং ভিন্ন খেলোয়াড়দের সাথে মানিয়ে নেওয়াটা দারুণ ব্যাপার। আমি অনেক ক্রিকেট দেখেছি এবং বলতে পারি, এখানে অসাধারণ স্কিলফুল কিছু ব্যাটসম্যান আছে। বাংলাদেশের বোলিং আক্রমণও গুছিয়ে উঠতে শুরু করেছে বলে মনে হচ্ছে। যদিও দু-একটি চোটসমস্যা রয়েছে।

আমার জন্য এটা দারুণ সুযোগ। প্রতিটি সুযোগ আমি খোলা মনে গ্রহণ করি এবং কোনো কিছুকেই নিশ্চিত বলে ধরে নিই না। তাই আমি আশা করি আমি তাদের জন্য কিছু একটা করতে পারব, যদিও দায়িত্বটি খুব অল্প সময়ের জন্য।

আপনি তো কাউন্টি দল ডারহামের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছিলেন। বাংলাদেশের সুযোগটি কিভাবে এলো?

বেনকেনস্টেইন: আসলে (কাউন্টি মৌসুম শেষে) গত ছয় সপ্তাহ ধরে দক্ষিণ আফ্রিকায় আছি। একটি স্কুলে কাজ করি, যেখানে আগেও কাজ করতাম। কিন্তু আমার মূল চুক্তি ডারহামের সঙ্গেই। স্বাভাবিকভাবেই, ডারহামে আমি দীর্ঘদিন খেলেছি এবং সেখানেই থাকি। (বাংলাদেশের) স্বল্প মেয়াদে একজনের প্রয়োজন ছিল। আমি নিশ্চিত যে, তাদের তালিকার শীর্ষে ছিলাম না আমি, কিন্তু তালিকায় ছিলাম। (হাসি) তবে হ্যাঁ,, এই সুযোগগুলো কাজে লাগাতে হয়।

যেমনটা বললাম, আমি চ্যালেঞ্জ পছন্দ করি। নিজেকে ময়দানে নামাতে পিছপা হই না এবং এই ভুল ধারণার মধ্যে নেই যে এটা সহজ হবে। অবশ্যই চ্যালেঞ্জিং হবে। কিন্তু সত্যিই আশা করি এটা দেখতে পাব যে, এই ক্রিকেটারদের মধ্যে কিছু পরিবর্তন আনতে পারব এবং নিজেদের যাত্রাপথে এগিয়ে যেতে তাদেরকে সাহায্য করতে পারব।

আপনি মূলত কাউন্টি দলগুলিতেই কোচিং করিয়েছেন। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচও ছিলেন। নিজ দেশ আর কাউন্টির বাইরে প্রথম কোনো আন্তর্জাতিক দলের দায়িত্ব নিলেন। প্রাদেশিক বা রাজ্য দল কিংবা কাউন্টি দলে কোচিং করানোর সঙ্গে আন্তর্জাতিক দলকে কোচিং করানোর পার্থক্য কোথায়?

বেনকেনস্টেইন: দক্ষিণ আফ্রিকা জাতীয় দলে দুই বছর কাজ করেছি ব্যাটিং কোচ হিসেবে, ওটিস গিবসন যখন ছিল দায়িত্বে। এছাড়া কাউন্টি দলের দায়িত্বে থাকলে অনেক আন্তর্জাতিক ক্রিকেটারের সঙ্গে কাজ করা হয়ই। সব স্তরের ক্রিকেটারের সঙ্গেই কাজ করতে এখন বেশ স্বচ্ছন্দ আমি।

মূল বিষয় হলো, কোন আবহে আছি, তা বুঝে নেওয়া এবং ব্যাটসম্যানদের থেকে সেরাটা বের করে আনার জন্য সেই পরিবেশের সঙ্গে কীভাবে মানিয়ে নেওয়া যায়। আমার জন্য এটা খুব বড় কোনো পদক্ষেপ নয়; এই কাজে আমি বেশ অভ্যস্ত। যেমনটা বললাম, এই কয়েক সপ্তাহ সত্যিই উপভোগ করতে চাই এবং আশা করি, বাংলাদেশ দলে একটা পরিবর্তন আনতে পারব।

মাত্রই দুই দিন হলো কাজ করলেন। বুঝে ওঠার জন্য সময়টা যথেষ্ট নয়। তবু এই সময়ে ছেলেদের কেমন দেখলেন এবং প্রস্তুতি কেমন চলছে?

বেনকেনস্টেইন: আমি মনে করি, তাদেরকে দ্রুত ঘুরে দাঁড়াতে হবে (গত সিরিজ থেকে)। তবে ভালো দিকটা হলো, তারা সরাসরি টেস্ট ক্রিকেট খেলে এসেছে। এই কন্ডিশনের সঙ্গে কতটা মানিয়ে তে পারছে, সেটির প্রমান রোববারই পাওয়া যাবে। কিন্তু, তারা পরিশ্রম করছে এবং এখনও পর্যন্ত যা দেখেছি, তাতে মনে হচ্ছে এটি খুবই প্রতিভাবান একটি ব্যাটিং গ্রুপ, টেকনিক্যালি খুবই দক্ষ।

আসল পরীক্ষা হবে, আমরা এই পরিস্থিতির সাথে কতটা এবং কত দ্রুত মানিয়ে নিতে পারি। কিন্তু তারা অস্ট্রেলিয়ার একটি দুর্দান্ত সফর করে এসেছে, যেখান কন্ডিশন দক্ষিণ আফ্রিকার মতোই, তাই আমার মনে হয়, এখানেও মানিয়ে নেওয়ার যথেষ্ট আত্মবিশ্বাস আছে তাদের।

এখন পর্যন্ত সবকিছু দারুণ, চমৎকার অভিজ্ঞতা, কাজ করার জন্য অসাধারণ একটি দল। তারা আমাকে স্বাগত জানিয়েছে এবং সামনের চ্যালেঞ্জগুলোর জন্য সত্যিই মুখিয়ে আছি। আমরা সবাই জানি যে, বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে খেলা সহজ হবে না, কিন্তু তারা এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত এবং আমিও অপেক্ষায় আছি।

প্রথম দুই দিনে আপনি কোন বিষয়গুলোর ওপর বেশি মনোযোগ দিয়েছেন?

বেনকেনস্টেইন: আমি মনে করি, ব্যাটিংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভিন্ন ধরনের বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়া। দক্ষিণ আফ্রিকা অবশ্যই গতি এবং বাউন্স নিয়েই আসবে। তবে কয়েক মাস আগে স্টার্ক-হেইজেলউডের মুখোমুখি হওয়ায় তাদের (বাংলাদেশের ব্যাটস্যানদের) আত্মবিশ্বাস অনেক বেশি থাকবে। ওয়েস্ট ইন্ডিজেরও কিছু ফাস্ট বোলার ছিল। যদিও কন্ডিশন এখানে ভিন্ন, কিন্তু তাদের এই আত্মবিশ্বাস থাকবে যে, তারা ওই মানের বোলারদের মোকাবেলা করতে পারবে।

প্রথম দুই দিনের মূল বিষয় হলো টেস্ট ম্যাচে পুরোপুরি ঢুকে পড়া। আমরা লাঞ্চের পর শুরু করতে চাই না; আমরা প্রথম বল থেকেই খেলতে চাই এবং নিশ্চিত করতে চাই যে, আমরা যেন পুরোপুরি সজাগ থাকি। দুটি টেস্টে কোনো কিছু বুঝে ওঠার চেষ্টা করে পুরো একটি সেশন নষ্ট করা যাবে না। তাই আমি বলব, খুব দ্রুত মানিয়ে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

মানিয়ে নেওয়ার ক্ষেত্রে স্কিলের চেয়ে মানসিক প্রস্ততিই কি বেশি গুরুত্বপূর্ণ? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যর্থতার পর ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস তলানিতে থাকার কথা...

বেনকেনস্টেইন: হ্যাঁ, আমি একমত (মানসিক প্রস্তুতি গুরুত্বপূর্ণ বেশি)। আমি অবশ্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ছিলাম না, কিন্তু তারা অস্ট্রেলিয়া সফরের খেলা নিয়ে অনেক কথা বলছে এবং সেখান থেকে তাদের মধ্যে অনেক আত্মবিশ্বাস আসছে। কিন্তু আমি একমত, এটা বিশ্বাসের ব্যাপার। এখানে এসে বিশ্বাস রাখতেই হবে নিজের ওপর। আপনাকে রাখতে হবে যে, মানিয়ে নিতে নিতে পারব, দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব, এবং আমি সত্যিই বিশ্বাস করি যে, নীরবে তাদের ভেতরে সেই বিশ্বাসটা আছে এবং স্কিলও অবশ্যই আছে।

দক্ষিণ আফ্রিকায় প্রথম শ্রেণির ক্রিকেটে আপনি প্রচুর রান করেছেন আপনি, কোচিং করাচ্ছেন। এখানে ব্যাট করা এত কঠিন কেন? উপমহাদেশের তো বটেই, বিশ্ব ক্রিকেটের অনেক গ্রেট এখানে ধুঁকেছেন, তাদের ব্যাটিং গড় এখানে বাজে!

বেনকেনস্টেইন: আমার মনে হয়, কয়েকটি কারণ আছে। প্রথমত, দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণ সবসময়ই সাধারণত বেশ শক্তিশালী ছিল। কন্ডিশনও সাধারণত সবসময় পেস বোলারদের জন্য সহায়ক থাকে। দক্ষিণ আফ্রিকানরা উপমহাদেশীয় দলগুলোকে হাইভেল্ডে খেলতে পাঠাতে পছন্দ করে, যেখানে বল দ্রুতগতির হয়, বেশি বাউন্স করে, একটু বেশি সুইং হয় এবং ক্যারি থাকে। তাই তারা সব পরিস্থিতি নিজেদের অনুকূলে নিয়ে আসে।

তবে একথাও বলতে হয় যে, দক্ষিণ আফ্রিকার উইকেটগুলো কিছুটা ধীরগতির হয়ে গেছে। আমরা এখন কিছুটা বেশি স্পিন দেখতে পাচ্ছি— (সাইমন) হার্মার, (কেশাভ) মহারাজ… তারা দলের জন্য সত্যিকারের শক্তি হয়ে উঠছেন। তাই মনে হচ্ছে তাদের বোলিং আক্রমণও এখন আরও ভারসাম্যপূর্ণ, এবং তাদের ক্রিকেটের ধরনেও এখন একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি রয়েছে।

বাংলাদেশের ব্যাটসম্যানরা তাহলে কিভাবে মানিয়ে নিতে পারে? মানে, টেস্ট সিরিজের আগে এত কম সময়—মাত্র তিন দিনের অনুশীলন—তাদের জন্য মৌলিক ব্যাপার কি হওয়া উচিত?

বেনকেনস্টেইন: এটা খুব ভালো একটা প্রশ্ন (হাসি)। তিন দিনে সবকিছু পরিবর্তন করা খুব কঠিন, কিন্তু আমার মনে হয়, আপনি একটু আগে যা বললেন, মানসিকভাবে মানিয়ে নেওয়াটাই আসল। আমরা এখন যে কয়েকদিন অনুশীলন করেছি, নেটের উইকেটের আচরণ মাঠের উইকেটের মতোই। তাই আমরা এখন যা করেছি, তা সাহায্য করবে ম্যাচে।

তবে ব্যাপারটা আসলে বিশ্বাস রাখার, বলটা মাথার পাশ দিয়ে উড়ে যেতে দেখে ঘাবড়ে না গিয়ে একটু নড়েচড়ে বসার, শুধু এই ভরসা রাখা যে তাদের স্কিল আসলেই যথেষ্ট ভালো। কারণ ক্রিজে যত বেশি সময় কাটানো যায়, ব্যাপারটা ততই সহজ হয়ে আসে। কিন্তু তাদেরকে যথেষ্ট লম্বা সময় ধরে সেখানে টিকে থাকতে হবে।

মুশফিকুর রহিমের মতো ক্রিকেটার, যিনি একশর বেশি টেস্ট খেলেছেন, মুমিনুল হক খেলেছেন ৮২ টেস্ট, তাদের মতো অভিজ্ঞদের আপনি আসলে কি বলেন? মুমিনুলের সঙ্গে নিবিড়ভঅবে কাজ করতে দেখলাম…

বেনকেনস্টেইন: তাদেরকে তো কিছুই বলার নেই, তাদের কাছে জিজ্ঞেস করার আছে! আমি মনে করি, তাদের কাছ থেকে অন্য ক্রিকেটারদের সম্পর্কে, সম্পর্কে অনেক তথ্য পাই যে তারা কেমন অনুভব করছে এবং আমি মনে করি, অন্যদের সঙ্গে কেমন আচরণ করতে হবে, সেই বিষয়ে এটি আমাকে সাহায্য করে। কোচ হিসেবে তাদেরকে পাওয়াটা দারুণ ব্যাপার। তাদের ওপর নির্ভর করা যায়, তাদের কাছ থেকে তথ্য পাওয়া যায়।

মজার ব্যাপার হলো... হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্সের মতো বিশ্বের সেরা কিছু ব্যাটসম্যানকে কোচিং করানোর অভিজ্ঞতা থেকে বলছি— প্রায়শ সবচেয়ে বেশি প্রশ্ন করে তারাই! কখনও কখনও তারা যা অনুভব করছে, সেটি কেবল নিশ্চিত হতে চায়, কারণ তাদের ক্রিকেটীয় মস্তিষ্ক অত্যন্ত প্রখর। মুশির ক্ষেত্রেও একই কথা; এতগুলো টেস্ট খেলার পরও সে অনুশীলনে চেষ্টায় কোনো কমতি রাখে না। সে এখনও তার কাজ করে যাচ্ছে, এখনও কিছু প্রশ্ন করে। সম্ভবত একারণেই সে এত দীর্ঘ সময় ধরে খেলে যাচ্ছে।

মাহফিজুল ইসলামের মতো নবীনরা, মোহাম্মাদ নাঈম শেখের মতো অনভিজ্ঞ, যারা দলে এসেছেন বা ফিরেছেন, তাদের ক্ষেত্রে নিশ্চয়ই ব্যাপারটি ভিন্ন!

বেনকেনস্টেইন: হ্যাঁ, কিছুটা আলাদা। স্বাভাবিকভাবেই চেষ্টা থাকে যতটা সম্ভব সাহায্য করার। আবার কখনও কখনও আমি জানতে চাই তারা কী চায় এবং তারাও চায় আমি কী দেখছি। সফর যত এগোবে, সম্পর্কটা আরও গভীর হবে। এই পর্যায়ে আমি তাদেরকে অনেক বেশি কিছু বলে ভারাক্রান্ত করতে চাই না। আমি চাই, তারা যতটা সম্ভব স্বচ্ছ ধারণা নিয়ে থাকুক।

মাঠেই শিখতে হবে তাদেরকে। অবশ্যই তা কঠিন হবে এবং সবাই তা জানে। কিন্তু টেকনিক্যালি তাদের যা আছে, তা দেখলে বোঝা যায়, তাদের স্কিলের পর্যায় আসলে অনেক উঁচু। তাই আমি নিশ্চিত যে, তাদের প্রতিভা এবং যতটুকু ধারণা তাদের আছে, এখানে তারা মানিয়ে নিতে পারবে।

আপনি বারবার বলছিলেন, এটা আপনার জন্য বড় সুযোগ। এক সিরিজের দায়িত্বটিকে দীর্ঘমেয়াদি দায়িত্বে পরিণত করার ইচ্ছে আছে?

বেনকেনস্টেইন: কে জানে! সময়ই বলবে। আমি দূরের কিছু ভাবতে চাই না। সবসময় প্রতিটি সুযোগ কাজে লাগাতে চাই, প্রতিটি দিন আলাদা করে ভাবতে চাই। মানুষের জীবনে কবে কী আসে, কেউ জানে না। বর্তমানে থাকা ও প্রতিটি দিন আলাদা করে ভাবতে পারাটাই আসল।