১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

হাসানের বোলিংয়ে নিজের ছায়া দেখেন ফিল্যান্ডার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ভার্নন ফিল্যান্ডার উচ্ছ্বসিত প্রশংসা করলেন হাসান মাহমুদের, কথা বললেন বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে, ফিরে তাকালেন তার ক্যারিয়ারের নানা বাঁকেও।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

জোহানেসবার্গ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 09:00 AM

Updated : 18 Nov 2026, 08:33 AM

হাসান মাহমুদ যে ধরনের বোলার, অনেকটা সেই ঘরানারই মাস্টার ছিলেন ভার্নন ফিল্যান্ডার। নিখুঁত লাইন-লেংথ, নিয়ন্ত্রণ, সুইং-মুভমেন্ট ও বুদ্ধিদীপ্ত বোলিং দিয়ে বিশ্ব ক্রিকেটে নিজের আলাদা জায়গা করে নিয়েছিলেন। অভিষেক টেস্টে ২০১১ সালে কেপ টাউনে নিয়েছিলেন ইনিংসে ম্যাচে ৮ উইকেট, মাত্র ৭ টেস্টে ৫০ উইকেট পেরিয়ে গড়েছিলেন তিনি রেকর্ডও। পরে ক্যারিয়ারের ইতি টেনেছেন ৬৪ টেস্টে ২২৪ উইকেট নিয়ে।

সিম বোলিংয়ের সাবেক এই শিল্পী ধারাভাষ্য দিচ্ছেন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজে। ধারাভাষ্যের ফাঁকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার উচ্ছ্বসিত প্রশংসা করলেন হাসান মাহমুদের, কথা বললেন বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে, ফিরে তাকালেন তার ক্যারিয়ারের নানা বাঁকেও।

দক্ষিণ আফ্রিকায় আগের সব সফরে বাংলাদেশ স্রেফ বিধ্বস্ত হয়েছে। এবার এখনও পর্যন্ত তাদের যে পারফরম্যান্স এবং যেভাবে তারা বারবার ঘুরে দাঁড়িয়েছে তিন দিনে, অবাক হয়েছেন?

ভার্নন ফিল্যান্ডার: মোটেও না! অবাক হইনি। আমি বরং খুবই খুশি যে বাংলাদেশ এই পর্যায়ে এসে পৌঁছেছে এবং এখন তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে, বিশেষ করে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের সঙ্গে। তাদের ক্রিকেট ও ক্রিকেটাররা যেভাবে উন্নতি করেছে, তা দেখে আমি খুবই আনন্দিত।

এটা অবশ্যই এক দিনে হয়নি। এই পর্যায়ে পৌঁছাতে কয়েক প্রজন্ম লেগে যায়, তাই না? সাবেকদের অবদান অনেকেই ভুলে যেতে পারে। কিন্তু বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে অবদান রাখার জন্য সাবেক সব ক্রিকেটারকে সাধুবাদ জানাতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, অনেক সিনিয়র ক্রিকেটারকে কৃতিত্ব দিতেই হবে, যারা সেই কঠিন ও প্রতিকূল সময়ে পাশে থেকে বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটের আবির্ভাবও এখানে কিছুটা ভূমিকা রেখেছে। বিভিন্ন লিগে খেলায় ক্রিকেটারদের নিজেদের ওপর এই বিশ্বাসটা এসেছে যে, তারাও বড় বড় নামগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।

তবে আপনি যে প্রশ্ন করেছিলেন, সেটির জবাবে বলছি, না, আমি অবাক হইনি। আমি বরং এটা দেখে খুবই খুশি যে, বাংলাদেশ এই মানের ক্রিকেট খেলছে।

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়টার কারণেই কি আপনাদের একটা ভাবনা ছিল যে, বাংলাদেশ এখানেও লড়াই করতে পারে?

ফিল্যান্ডার: হ্যাঁ, সেটা একটা কারণ তো বটেই। আমার মনে হয়, এটা সবসময়ই হওয়ার ছিল।

উপমহাদেশের দলগুলো যখন দক্ষিণ আফ্রিকা সফরে আসে, তাদের বিপক্ষে সবসময়ই হাইভেল্ডে কিছু ম্যাচ আয়োজন করার চেষ্টা করা হয়, কারণ সেখানে বাড়তি বাউন্স পাওয়া যায়। উপকূলীয় শহরগুলোতে খেললে, সেখানে বাউন্স তুলনামূলক নিচু থঅকে, বাংলাদেশের মতো দলগুলোর তখন অনেক বেশি ঘরের মাঠের মতো মনে হয়, সেসব উইকেটে স্পিনাররা কাজে আসে।

এবার এখনও পর্যন্ত আমার কাছে বাংলাদেশের যে ব্যাপারটি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য, তা হলো ওয়ান্ডারার্সে প্রথম ইনিংসে ৪০০ রান করা। বাংলাদেশের জন্য সঠিক পথে এগিয়ে যেতে এটি একটি বিশাল পদক্ষেপ…।

বিশেষ করে, শুরুতে দ্রুত তিনটি উইকেট হারানোর পর!

ফিল্যান্ডার: একদম তা-ই। আমার মনে হয়, এটা শুধু এই বাংলাদেশ দলকেই নয়, ভবিষ্যতে এখানে আসা দলগুলোকেও এই বিশ্বাস দেবে যে, প্রথমত, আমরা এই কন্ডিশনে লড়াই করতে পারি, এবং দ্বিতীয়ত, যেহেতু আমরা আগেও ৪০০ রান করেছি, আমরা বিশ্বাস করি যে আমরা আবার তা করতে পারব।

দক্ষিণ আফ্রিকা সফর উপমহাদেশের দলগুলির জন্য সবসময়ই কঠিন। বিশেষ করে, ব্যাটিংয়ে দৃষ্টিকোণ থেকে। কিন্তু এই বাংলাদেশ দল যেভাবে লড়াই করে ফিরে এসেছে, তাদের সাহস, দৃঢ়সংকল্প, কঠোর পরিশ্রম এবং হ্যাঁ, আমার মনে হয়, শুধু ক্রিকেটারদেরই নয়, ম্যানেজমেন্টের প্রশংসা করতে হবে, কারণ ২২ রানে ৩ উইকেট পড়ার পর তারা ড্রেসিংরুমকে শান্ত রেখেছিল। ডেল বেনকেনস্টেইনের (এই সিরিজের ব্যাটিং কোচ) বিরাট প্রভাব থাকারও কথা এমন ব্যাটিং পারফরম্যান্সে। যাহোক, বাংলাদেশ দলের সঙ্গে সম্পৃক্ত সবাইকে অভিনন্দন।

বাংলাদেশের পেস আক্রমণের বদলে যাওয়া চিত্র বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছে বেশ আগেই। এই ম্যাচে যদিও তারা অসাধারণ বোলিং করেনি, তার পরও আপনি নিশ্চয় জানেন তা!

ফিল্যান্ডার: হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশে সফর করার সময় পেস বোলিংয়ের ভাণ্ডার সমৃদ্ধ থাকা জরুরি। ভারতের ক্ষেত্রে আমরা এটা দেখেছি। তারা সবসময়ই স্পিন-নির্ভর ছিল, কিন্তু গত এক দশকে তারা বিশ্বমানের পেসার তৈরি করেছে। বাংলাদেশের ক্ষেত্রেও এখন একই কথা প্রযোজ্য।

এই ম্যাচে ইবাদত খুব ভালো করেনি এবং তত বেশি ওভার বোলিং করতে পারেনি। কিন্তু তাসকিন বিশ্বমানের পারফর্মার। হাসান তো দুর্দান্ত। নতুন বলে ওর নিয়ন্ত্রণ দেখে আমি মুগ্ধ হয়েছি এবং আমার মতে, বাংলাদেশের সেরা বোলার সম্ভবত হাসানই। তাকে দেখতে দারুণ লেগেছে।

অবশ্য যে বোলারকে দেখতে পেলে সবচেয়ে বেশি খুশি হতাম, সে সম্ভবত শরিফুল। সে খেলতে পারলে এই বোলিং আক্রমণকে আরও পূর্ণতা দিত। তবে এই ম্যাচের বাইরের কথা চিন্তা করলে, বাংলাদেশ এখন এমন একটি দল তৈরি করেছে, যা প্রায় সব কন্ডিশনেই অন্য দলগুলোকে চ্যালেঞ্জ জানাতে পারে। তাদের স্পিন বিভাগটা তো আছেই। পেস আক্রমণ দারুণ এবং রান তোলার মতো ব্যাটসম্যানও আছে। মার মনে হয় না, বিশ্বের কোনো জায়গায়ই বাংলাদেশকে হারানোটা কখনো খুব সহজ হবে।

তাই আবারও, এই দলকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য সিস্টেমের সঙ্গে সম্পৃক্ত সবাইকে অভিনন্দন। আশা করি, আপনাদের দল আরও অনেক প্রতিভাবান ক্রিকেটার উপহার দেবে এবং আশা করি, আগামী বছরগুলোতে আপনারা এখানে এসে আরও দাপট দেখাতে পারবেন।

হাসান তো অনেকটা আপনার ঘরানারই সিম বোলার! গতি বেশি নয়, কিন্তু দারুণ স্কিলফুল। আপনি নিজে কোনো মিল খুঁজে পান?

ফিল্যান্ডার: কিছু মিল তো আছেই। তার যে ব্যাপারটি নিয়ে আমি সত্যিই মুগ্ধ, তা হলো সে যেভাবে ক্রিজের ব্যবহার করে। তার বল সহজাতভাবে স্কিড করে, এটা তার বড় শক্তি। তার বোলিং নিখুঁত এবং নিয়ন্ত্রণ অসাধারণ। হ্যাঁ, বলতে পারেন অনেকটা আমার মতোই। কেউ যখন সিম ব্যবহার করবে এবং সিমকে কাজে লাগাবে, এমন পেসারকে সামলানো সবসময়ই কঠিন।

সবচেয়ে ভালো ব্যাপার, এটা দেখতে খুব ভালো লাগছে যে, তার মতো গতির একজন বোলার ভালো করছে এবং আরও ভালো করার চেষ্টা করছে। যেমনটি বললাম, সে যেভাবে ক্রিজ ব্যবহার করছে, তা দেখে আমি অভিভুত খুবই খুশি, এবং সে শুধু ‘ওয়ান-ডাইমেনশনাল’ হয়ে থাকতে চাইছে না। দুর্দান্ত এক বোলার সে, অবিশ্বাস্য স্কিল এবং আশা করি আগামী বছরগুলোতে আমরা তাকে এই রূপে আরও অনেক বেশি দেখতে পাব।

যখন এই ১৩০-১৩৫ গতির কোনো বোলার এমন দুর্দান্ত পারফর্ম করতে থাকেন এবং দুনিয়াজোড়া ব্যাটসম্যানদের ভোগান, আপনার কি বাড়তি ভালো লাগা কাজ করে? আপনি নিজে ছিলেন এই ঘরানার ওস্তাদ!

ফিল্যান্ডার: অবশ্যই, আমি মনে করি এটা এক অনন্য দক্ষতা।

দেখুন, কেউ যদি ১৩০-১৩৫ গতিতে একদম সোজা বল করে, আমার মনে হয় ব্যাটসম্যানদের জ্য সেটা সহায়কই হবে। কিন্তু এই গতির একজন বোলার যখন স্কিল দিয়ে ব্যাটসম্যানদের ভোগাবে, তা দেখতেও দারুণ লাগে। স্কিলের প্রয়োগ, আত্মবিশ্বাস, আরও ভালো করার তাড়না, সবই থাকে হয় এবং তা হাসানের আছে।

এই ধরনের গতিতে বল করার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ অসাধারণ থাকতেই হয়। আমি এখনও মনে করি যে, গতি এরকম হলেও কেউ যদি স্কিলের সঙ্গে নিয়ন্ত্রণকে মেলাতে পারে, তবে সে ফল পাবেই। হাসানই সেটির প্রমাণ!

সুইংয়ের জন্যও কি এই গতিটা সহায়ক? মানে, অনেক জোরে বোলিং করলে তো সাধারণত সুইং পাওয়া কঠিন...

ফিল্যান্ডার: অবশ্যই, ১৩০-১৩৫ কিলোমিটার গতিতে বল করলে সিম এবং সুইং বোলিংয়ের সমস্ত উপকরণই বের করে আনা যায়। আমি নিজেই সেটির প্রমাণ।

তবে সুইংয়ের পেছনে কবজির অবস্থানটাই আসল ব্যাপার। কারও কব্জি যদি বলের পেছনে শক্তভাবে রাখতে পারে, তাহলে বলটা বাতাসে আরও দেরিতে মুভ করবে। আরও কিছু ব্যাপার আছে সুইং করানোর জন্য।

অন্য অনেক গতিময় বোলারকে দেখে কখনও জোরে বল করার ইচ্ছে জাগেনি?

ফিল্যান্ডার: কখনোই না।

যদিও ক্যারিয়ারের শুরুতে, যখন তরুণ ছিলাম, তখন বেশ দ্রুতগতিতেই বল করতাম। বয়স যখন কম ছিল. ১৪০ কিলোমিটারের আশেপশে বল করতাম। নিউ ল্যান্ডসে আমার অভিষেক টেস্ট ম্যাচ যদি দেখে থাকেন, ১৪০ কিলোমিটারের কাছাকাছি বা একট ওপরে বল করেছি।

গতি বেশি থাকলে অনেক সময় কিছুটা বাড়তি সুবিধা দেয় বটে। কিন্তু আমার মনে হয়, দিনশেষে, আসল বিষয় হলো একজন পেসারের নিয়ন্ত্রণ ও স্কিল। আমার যে স্কিল ছিল, তা গড়ে তুলতে অনেক সময় ও শ্রম বিনিয়োগ করেছি আমি। তাই, গতির চেয়ে সবসময়ই নিজের স্কিলের দক্ষতার ওপরই বেশি ভরসা করতাম।

সিম-সুইং করানোর জন্য কি এমন কোনো নিদিষ্ট প্রতিষ্ঠানের বল বেশি পছন্দ ছিল আপনার? একেক বলের বৈশিষ্ট্য তো একেককম?

ফিল্যান্ডার: হ্যাঁ, কুকাবুরা বল আমার খুব ভালো লাগত। কারণ. এটা অনেকক্ষণ ধরে বেশ শক্ত থাকে। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া বা নিউ জিল্যান্ডের মতো কন্ডিশনে ডিউক বলের তুলনায় এই বলটা সিম থেকে বেশ তীক্ষ্ণভাবে সুইং করত। আমার মনে হয় ডিউকস বলটাও আমার বেশ ভালো লাগত, কিন্তু প্রায় ২০ থেকে ২৫ ওভার পর্যন্ত এটা শক্ত থাকে এবং তারপর সেই শক্ত ভাবটা হারিয়ে বেশ নরম হয়ে যায়। ফলে ব্যাটসম্যানরা তখন এর সুযোগ নিতে পারে। কিন্তু যদি আমাকে পছন্দের বলের কথা জিজ্ঞেস করতে হয়, তবে সেটা অবশ্যই লাল কুকাবুরা বল হবে।

গত কয়েক বছরে পেস বোলিংয়ে বড় যে বিপ্লব হয়ে গেছে, তা হলো ‘উবল’ সিমে বল করা। একসময় যেটিকে মনে করা হতো ‘পাপ’, এখন সেটিই বিপ্লব বয়ে এনেছে। আরও অনেকের মতো হাসানও এই ডেলিভারির কার্যকর ব্যবহার করছেন। আপনি এটকে কিভাবে দেখেন? আপনি নিজেও করেছেন বেশ!

ফিল্যান্ডার: আমি মনে করি, এটা খুবই গুরুত্বপূর্ণ। তবে উবল সিমের ফলে একটি ব্যাপার হয়েছে, নিয়ন্ত্রণের ব্যাপারটি স্রেফ উধাও হয়ে গেছে অনেক ক্ষেত্রে। এখন অনেক বোলারই আছে, যাদের নিয়ন্ত্রণ খুব ভালো নয়। কিন্তু ক্রস-সিম বোলিং করেন স্রেফ নিয়ন্ত্রণের একটা অনুভূতি পাওয়ার জন্য।

তবে আমি সেই বোলারদেরই বেশি ভালোবাসি, যারা সিম-আপ করেন। তাসকিন যেমন করে, হাসানও করে প্রচুর। এটি রপ্ত করতে প্রচুর অনুশীলন করতে হয়। নিশ্চিত করতে হয়, এই স্কিলে পারদর্শী হয়েছেন। একজন বোলারের দৃষ্টিকোণ থেকে দেখলে, এতে অনেক সময় ও অনুশীলন বিনিয়োগের প্রয়োজন হয়।

কেউ যখন তা করতে পারে, দিনশেষে তার বড় পুরস্কারটা হলো, যখন সে মাঠে নামে, তখন সে জানে যে, তার নিয়ন্ত্রণ দারুণ এবং সে মাঠে পরিকল্পনার প্রয়োগ করতে পারে। এই ঘরানার একজন বোলার হিসেবে, আমি চাই এটির ওপর আরও অনেক কাজ হোক ও আরও নিখুঁত হোক।

১৩০ থেকে ১৩৫ গতিতে বল করে রাজত্ব করাটা এক অনন্য দক্ষতা। এরকম গতির সঙ্গে যদি হাসানের মতো স্কিল থাকে, তাহলে দুনিয়ার সব জায়গায় সে প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এজন্যই হাসান বিভিন্ন ধরনের কন্ডিশনে এত সফল।

আপনার ক্যারিয়ারের দিকে ফিরে তাকানো যাক একটু। সিম বোলিং করে দারুণ সফল হয়েছেন। আপনার সময়ে দক্ষিণ আফ্রিকা টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল ছিল। কিন্তু এখন দক্ষিণ আফ্রিকা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দল। র‌্যাঙ্কিংয়ের এক নম্বর হওয়া আর টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে পার্থক্য দেখেন? আপনি টেস্ট চ্যাম্পিয়নশিপে কিছু ম্যাচ খেলেছেন একদম ক্যারিয়ারের শেষ দিকে, আক্ষেপ হয় এখন?

ফিল্যান্ডার: আমাদের সময় আমরা সম্ভবত টানা চার বছর বিশ্ব টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল হিসেবে চক্র শেষ করে ওই ট্রফিটা পেয়েছিলাম, টেস্ট চ্যাম্পিয়নশিপের গদা। ২০১২ সালে আমরা জিতেছিলাম, পরেরবার ২০১৪ সালে। সেই গদাই এখনও পুরস্কার দেওয়া হয় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলে।

তবে এখন যেটা ভিন্ন ব্যাপার, তা হলো এখন ফাইনাল আছে। অন্যরকম একটা আবহ তাই তৈরি হয় এবং সত্যিকার অর্থেই শিরোপা জয়ের অনুভুতি হয়।

আপনি সেটা পাননি, আক্ষেপ হয় পেছন ফিরে তাকিয়ে?

ফিল্যান্ডার: একদমই না!

একজন পেস বোলার যখন ৩৫, ৩৬ বা ৩৭ বছর বয়সে পৌঁছায়, তখন নিজের শরীরের কথা শোনা শুরু করা উচিত। আমিও সেটাই করেছি। তবে আমাদের সময়ে আমরা যে ভূমিকা পালন করেছি, আমি মনে করি, সেটিও সত্যিই অসাধারণ ছিল।

তরুণ পেসাররা তখন উঠে আসতে শুরু করেছিল। কাগিসো রাবাদার কথাই ভাবুন। সে তখন নিজেকে মেলে ধরছিল এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে নতুন উচ্চতায় নিতে তৈরি ছিল। আমরা স্রেফ ব্যাটনটা তুলে দিয়েছি তাদের হাতে। আমি খুবই আনন্দিত যে, এই ছেলেরা দায়িত্ব গ্রহণ করেছে এবং ক্রিকেটকে সত্যিই এগিয়ে নিয়ে গেছে।

কিন্তু আপনি তো আরও দু-এক বছর খেলতে পারতেন!

ফিল্যান্ডার: হ্যাঁ, অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেটে আরও বছর তিনেক খেলতে পারতাম। কিন্তু কোভিড চলে এলো, সেখানে বছর দেড়েক একরকম নষ্টই হয়ে যায়। পরে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলে অবসর নিতে চেয়েছিলাম, কিন্তু কোভিডের কারণে তা সম্ভব হয়নি।

জীবনে মাঝে মাঝে আমাদের পরিকল্পনায় নানা ঘটনাই পথে বাধা হয়ে দাঁড়ায়। দিনশেষে যেখানে এসে থেমেছি, তা নিয়ে আমি বেশ সন্তুষ্ট।

জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আরও বেশি খেলতে না পারার আক্ষেপ হয় না?

ফিলান্ডার: হ্যাঁ, জাতীয় দলের হয়ে সাদা বলের ক্রিকেটে আরও খেলতে পারলে ভালো লাগত। বিশ্বজুড়ে আরও বেশি টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে পারলেও খুব খুশি হতাম। কিন্তু আমি কাউন্টি ক্রিকেটেই নিজের ঠাঁই করে নিয়েছিলাম এবং সেখানেই বেশিরভাগ ক্রিকেট খেলেছি।

গ্রায়েম স্মিথ, জ্যাক ক্যালিস, এবি ডি ভিলিয়ার্স, হাশিম আমলাদের নেটে বল করার অভিজ্ঞতা কেমন ছিল?

ফিলান্ডার: আমি সবসময়ই এটাকে আমার চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতাম। ওদেরকে যেহেতু বিশ্বসেরার কাতারে রাখতাম, কাজেই ওদের বিপক্ষে নেটে ভালো বোলিং করতে চাইতাম। আত্মবিশ্বাসটা তো ওখান থেকেই আসে!

বিশ্বসেরাদের বিপক্ষে বোলিং করলেই তো নিজেকে যাচাই করা যায়! ক্যালিস, ডি ভিলিয়ার্স, আমলা, স্মিথের মতো ব্যাটসম্যানদের বিপক্ষে বোলিং করে সেই ধারণা পেয়েছি যে আমার কী করা উচিত সামনে।”

সেই নেট সেশনগুলোর ইনটেনসিটি কেমন ছিল? ম্যাচের মতো তো আর সম্ভব নয়, তবে কতটা তীব্র তাড়না ছিল?

ফিল্যান্ডার: কখনও হালকা হতো, কখনও আমরা চেষ্টা করতাম সর্বোচ্চ ইনটেনসিটি রাখতে। এটাকে একটা মানদণ্ড হিসেবে ধরতাম আমরা। নিজেরা কোথায় আছি বোলার হিসেবে, কতটা আত্মবিশ্বাস নিয়ে ম্যাচে নামতে পারি, সেসব বোঝার উপলক্ষ। ওই ব্যাটসম্যানদের যদি নেটে কেউ নাচাতে বা ভোগাতে পারত, তাহলে নেটের জন্য বিশ্বাস মিলত না। তখন বুঝে নিতে হতো, ভেতরে তাহলে ভালোকিছুই আছে।

ক্যালিসের কথা বলছিলেন। আপনার দেখা সর্বকালের সেরা অলরাউন্ডার কি তিনিই?

ফিলান্ডার: জ্যাক ক্যালিস? সম্ভবত সর্বকালের সেরা ক্রিকেটার সে। লোকটির চরিত্রও জানেন তারা। খুব বিনয়ী, খুবই মাটির মানুষ। সব সংস্করণেই এত এত রান, এত উইকেট, এম ক্যাচ—তিনি সম্ভবত সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার!

আপনি নিজেও তো ভালো অলরাউন্ডার হতে পারতেন? যদিও ভালো কয়েকটি ইনিংস আপনি খেলেছেন, তবু সম্ভাবনা থাকার পরও সত্যিকার অর্থে অলরাউন্ডার হয়ে উঠতে পারেননি…

ফিল্যান্ডার: হ্যাঁ, হয়তো। অনেক সময়ই পেছনে ফিরে তাকিয়ে মনে হয়, ‘এটা এভাবে করতে পারতাম’, ‘ওটা ওভাবে করতে পরতাম’... কিন্তু আমি যে দলটায় খেলেছি, সেখানে আসলে আমার বেশি কিছু করার প্রয়োজন পড়েনি। টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানরাই প্রচুর রান করত। এরপর আমাদের দায়িত্ব ছিল স্রেফ বোলিং করা। বোলিং স্কিল সমৃদ্ধ করে তুলতে কাজ করে গেছি আমরা। সেই পথ ধরে নিজের ক্যারিয়ারে যেখানে এসে পৌঁছেছি, তাতে আমি বেশ সন্তুষ্ট।

ক্যারিয়ারজুড়ে যাদের বোলিং করেছেন, কঠিনতম ব্যাটসম্যান মনে হয়েছে কাকে?

ফিল্যান্ডার: একজনের নাম বলা কঠিন... খুব কঠিন। তবে আমার জন্য সবচেয়ে কঠিন ছিল মাইকেল ক্লার্ক।

তাকে আমি দু-একবার আউট করেছি, কিন্তু সে একটা সময় অবিশ্বাস্য ফর্মে ছিল। ২০১২ সালে একটি ট্রিপলসহ রেকর্ড মোট চারটি ডাবল সেঞ্চুরি করেছেন। গ্যাবায় ডাবল সেঞ্চুরি করেছিলেন, অ্যাডিলেইডে করেছেন, কেপ টাউনে আমাদের বিপক্ষে দেড়শ করেছেন। অসাধারণ ব্যাটসম্যান ছিলেন।

অ্যালেস্টার কুককে ছয় ম্যাচে পাঁচবার আউট করেছেন আপনি। তিনি তো বেশ সলিড ব্যাটসম্যান ছিলেন, কিংবদন্তির পর্যায়ের পড়েন। এরকম ব্যাটসম্যানকে প্রিয় শিকারে পরিণত করেছিলেন কিভাবে?

ফিলান্ডার: অ্যালেস্টারের বিপক্ষে খেলতে উপভোগ করতাম আমি। বিশেষ করে, অনূর্ধ্ব-১৯ স্তর থেকে শুরু করে ওপরের দিকে অনেক খেলেছি। বাঁহাতি ব্যাটসম্যানদের জন্য বল ভেতরে আনা এবং বাঁহাতি ব্যাটসম্যানের জন্য বাইরে নিয়ে যাওয়ার স্কিল আমার সবসময়ই ছিল এবং এরকম থাকলে বাঁহাতি ব্যাটসম্যানকে চ্যালেঞ্জ জানানো যায়। বাঁহাতিদের বিপক্ষে বোলিং করতে ভালোবাসতাম ওই স্কিলের কারণেই। বাঁহাতিদের বিপক্ষে আমার রেকর্ড সম্ভবত বেশ ভালোই হওয়ার কথা।

যদি এই যুগে খেলতেন, আপনার কি মনে হয়, আরও বেশি টি-টোয়েন্টি এবং ফ্র্যাঞ্চাইজি ম্যাচ খেলতে পারতেন?

ফিল্যান্ডার:* আমার মনে হয়, আমি যদি এই যুগে খেলতাম, তাহলে দেখতাম যে, টি-টোয়েন্টি ক্রিকেট এখন আগের চেয়ে অনেক বেশি প্রয়োজনীয়। সুতরাং, আপনার প্রশ্নের উত্তরে এখানেই!

টাকার ব্যাপারই সবকিছু নাকি ক্রিকেটীয় ভাবনাও থাকত সেখানে?

ফিলান্ডার:* আমার মনে হয়, সম্ভবত দুটি উত্তর আছে। এক, কারও ব্যক্তিগত উন্নতি এবং দীর্ঘস্থায়ীত্বের জন্য নিশ্চিত করতে চাইবেন যে, আপনি যথেষ্ট অর্থ উপার্জন করছেন, কারণ আপনি এই ক্রিকেটীয় যাত্রা শুরু করেছেন। কিন্তু হ্যাঁ, আমার মনে হয় আধুনিক যুগে, আপনি টি-টোয়েন্টি ক্রিকেটও খেলতে চাইবেন।

ধারাভাষ্যকেই পেশা হিসেবে নিচ্ছেন দীর্ঘমেয়াদে?

ফিল্যান্ডার: আপাতত করছি। খুব মজা পাচ্ছি, খেলাটাকে ওপর থেকে দেখতে, কিছু রিপ্লে দেখতে ও বিশ্লেষণ করতে।

তবে আমার মনে হয়, শেষ পর্যন্ত আমি কোচিংয়ের জগতেই ফিরতে চাই। কারণ একজন মানুষ হিসেবে আরেকজন মানুষকে জ্ঞান দেওয়ার মধ্যে অনেক বেশি তৃপ্তি আছে। আর আমি আবারও বলব যে, ১৩০ থেকে ১৩৫ গতিতে বোলিং করার দক্ষতা খুবই অনন্য এবং আমি চাইব, আরও অনেক ক্রিকেটার সামনে আসুক এবং এতে সফল হোক।