‘নেক্সট ব্র্যাডম্যান’, বিদ্রোহী ক্রিকেটার ও অস্ট্রেলিয়ান হয়েও দক্ষিণ আফ্রিকার একজন হেইজম্যান
একসময় ছিলেন অস্ট্রেলিয়ার দারুণ সম্ভাবনাময় ব্যাটসম্যান, পরে সেই অস্ট্রেলিয়াতেই তাকে দেওয়া হয়েছে থুতু, অস্ট্রেলিয়ান হলেও লোকে তাকে চেনে মূলত দক্ষিণ আফ্রিকান হিসেবে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে সাক্ষাৎকারে জনপ্রিয় ধারাভাষ্যকার মাইক হেইজম্যান শোনালেন তার জীবনের রোমাঞ্চকর গল্প।
গোটা ক্রিকেট দুনিয়া মাইক হেইজম্যানকে চেনে ধারাভাষ্যকার হিসেবে। কিন্তু একসময় তিনি ছিলেন দারুণ সম্ভাবনাময় এক ব্যাটসম্যান, যাকে বলা হচ্ছিল পরবর্তী ব্র্যাডম্যান। ধারাভাষ্যে তিনি দক্ষিণ আফ্রিকার মুখ, অনেকেই তাকে মনে করেন আপাদমস্তক দক্ষিণ আফ্রিকান। আদতে তিনি একজন অস্ট্রেলিয়ান!
বর্ণবাদের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দক্ষিণ আফ্রিকা নিষিদ্ধ থাকায় আশির দশকে বিভিন্ন দল বিদ্রোহী সফরে গিয়েছে সেখানে। অস্ট্রেলিয়ার যে দলটি গিয়েছিল, কিম হিউজের নেতৃত্বে সেই দলে ছিলেন হেইজম্যান। তার জীবনের মোড় বদলের শুরু সেখানেই। তার ক্রিকেট ক্যারিয়ার ও জীবনের নানা বাঁক বদলের গল্পে মিশে আছে রোমাঞ্চ, সাহসিকতা, রোমান্স, স্বপ্ন, নাটকীয়তা ও তৃপ্তি। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ন টেস্ট শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে দীর্ঘ আড্ডায় ৬৫ বছর বয়সী এই ক্রিকেট ব্যক্তিত্ব খুলে দিলেন তার মনের দুয়ার, ডুবিয়ে দিলেন তার গল্পের গভীরতায়।
আপনি যে আসলে অস্ট্রেলিয়ান, এটা অনেকেই জানেন না। গোটা ক্রিকেট দুনিয়ার অনেকেই আপনাকে দক্ষিণ আফ্রিকানই মনে করেন…!
মাইক হেইজম্যান: হ্যাঁ, অনেকেই আমাকে দক্ষিণ আফ্রিকান মনে করে, কারণ আমি এখানেই থাকি এবং ৩০ বছর ধরে সুপারস্পোর্টে কাজ করছি।
৩০ বছর হয়ে গেল এক টিভি স্টেশনে!
হেইজম্যান: হ্যাঁ, এখানে এত বছর থাকার কারণেই আমাকে দক্ষিণ আফ্রিকান মনে করেন অনেকে। এখানে নর্থার্ন ট্রান্সভালের হয়ে ক্রিকেট খেলেছি। কিম হিউজের নেতৃত্বে বিদ্রোহী সফরে আসা অস্ট্রেলিয়া দলের ব্যাটসম্যান হিসেবে দক্ষিণ আফ্রিকায় এসেছিলাম। এখানে এতটাই উপভোগ করেছিলাম যে, পরে এখানেই থেকে যাই। যদিও ফিরে গিয়ে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে আরও এক, দুই বা তিন মৌসুম, কিংবা চার মৌসুম, যেটাই হোক, শেফিল্ড শিল্ড খেলেছি। তবে এখানেই নিয়মিত খেলতে থাকি এবং পরে এখানে ব্যবসায়ও যুক্ত হয়ে পড়ি।
জীবনের স্বাভাবিক গতিই আমাকে এখানে বয়ে আনে ও এগিয়ে নেয় এবং আমি তা পুরোপুরি উপভোগ করেছি। যদিও অনেকবারই আবার মনে হয়েছে, অন্তত কিছু দিনের জন্য হলেও অস্ট্রেলিয়ার ব্যাগি গ্রিন পরার জন্য যথেষ্ট যোগ্য ছিলাম কি না। শেফিল্ড শিল্ডে রান করছিলাম, পরিচিতি ছড়িয়ে পড়েছিল এবং তরুণ বয়সেই একটি অ্যাশেজ সফরের জন্য স্ট্যান্ডবাই ছিলাম।
কোন অ্যাশেজ সেটি?
হেইজম্যান: ১৯৮৫ অ্যাশেজ। কিম হিউজ তখন মাত্রই নেতৃত্ব থেকে সরে গিয়েছিলেন। অ্যালান বোর্ডারের নেতৃত্বে ডেভিড গাওয়ারের ইংল্যান্ডের বিপক্ষে খেলতে গিয়েছিল অস্ট্রেলিয়া।
আমি এরপর প্রস্তাব পেলাম কিম হিউজের বিদ্রোহী দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে আসার। অসাধারণ ক্রিকেট হয়েছিল সেই সফরে, খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট। দক্ষিণ আফ্রিকায় তখন গ্রায়েম পোলক, গার্থ লে রু, জিমি কুক, রে জেনিংসের দুর্দান্ত সব ক্রিকেটাররা খেলে।
ব্যারি রিচার্ডস তো মনে হয় ততদিনে খেলা ছেড়ে দিয়েছেন!
হেইজম্যান: হ্যাঁ, বেশ আগেই ছেড়ে দিয়েছেন ব্যারি।
মাঠের ভেতরে-বাইরে চমৎকার ছিল সফরগুলো। আমরা অনেক....অনেক মজা করেছিলাম, অনেক বন্ধু হয়েছিল আমাদের এবং আমি... যেটা বললাম, কিছু ব্যবসায়িক কাজে সম্পৃক্ত হয়ে পড়ি এবং বিদ্রোহী সফর ছাড়াও এখানে এসে নর্থার্ন ট্রান্সভালে খেলতে শুরু করি।
এরপর যেই মাত্র খেলা শেষ করলাম, নতুন অধ্যায় শুরু হলো। আমার সম্প্রচার জগতে আসা নিয়ে যাদের আগ্রহ আছে, তাদের কাছে এটা আকর্ষণীয় গল্প হতে পারে।
সেই গল্পই শুনতে চাই…
হেইজম্যান: আমি খুব ভাগ্যবান ছিলাম। কারণ, ওই সময়ে এত দ্রুত ধারাভাষ্যে আসা খুবই কঠিন ছিল। বিশেষ করে, আজকাল তো আন্তর্জাতিক ক্রিকেটাররা সবাই এখানে আসতে চায়। আমি নর্থার্ন ট্রান্সভালের হয়ে খেলছিলাম তখনও। ধারাভাষ্যের সুযোগটা পেলাম, যখন অস্ট্রেলিয়া দল এলো দক্ষিণ আফ্রিকা সফরে, সম্ভবত ১৯৯৪-৯৫ সালের দিকে…
যে সিরিজে ফানি ডি ভিলিয়ার্স দারুণ বোলিং করে দক্ষিণ আফ্রিকাকে স্মরণীয় জয় এনে দিয়েছিলেন?
হেইজম্যান: না না… আমি বলছি, স্টিভ ওয়াহর দল যেবার এলো, গ্রেগ ব্লিউয়েট ডাবল সেঞ্চুরি করল, ওয়ান্ডারার্সে অনেক রান করল অস্ট্রেলিয়া…
ওহ, আপনি মনে হয় ১৯৯৭ সালের সিরিজের কথা বলছেন! স্টিভ ওয়াহ ও গ্রেগ ব্লিউয়েট সারাদিন ব্যাট করেছিলেন, বিশাল জুটি হয়েছিল তাদের..
হেইজম্যান: হ্যাঁ, হ্যাঁ, ঠিক ধরেছেন। সেই সিরিজই।
সম্প্রচারের দায়িত্বে যারা ছিলেন, তাদের হঠাৎ মনে হলো, ধারাভাষ্যকার দলে কোনো অস্ট্রেলিয়ান নেই। অস্ট্রেলিয়া সম্পর্কে জানাশোনা থাকা কাউকে তো লাগে! তখন তাদের খেয়াল হলো আমার কথা। আমি তখনও এরকম দক্ষিণ আফ্রিকান হয়ে উঠিনি। অস্ট্রেলিয়ান হিসেবেই তারা বেছে নিল আমাকে।
তো ব্যাপারটা হলো, সঠিক সময়ে আমি সঠিক জায়গায় ছিলাম। তখনও আমি খেলছিলাম। টেস্টের আগে ব্লুমফন্টেইনে একটি দিবা-রাত্রির ম্যাচে আমাকে ধারাভাষ্য দিতে পাঠানো হয়েছিল। সেই পরীক্ষায় পাশ করি এবং পাঁচ দিন পরেই আমি আমার প্রথম টেস্ট ম্যাচ ধারাভাষ্য দিচ্ছিলাম!
আচমকা সুযোগটি এলো বলেই ধারাভাষ্যকার হয়েছিলেন নাকি আগে থেকেই ভাবনায় ছিল?
হেইজম্যান: প্রথমত, যেটা বললাম, আমি পুরোপুরি ভাগ্যবান ছিলাম। সঠিক সময়ে সঠিক জায়গায় ছিলাম। তবে এটিও বলতে হবে, খেলা ছাড়ার পর ধারাভাষ্যে আসার ইচ্ছে আমার আগে থেকেই ছিল। আমার মনে পড়ে, বেড়ে ওঠার সময় অস্ট্রেলিয়াতে প্রচুর ক্রিকেট দেখতাম। টনি গ্রেগের সেই উত্তেজনা এবং এই ধরনের ব্যাপারগুলোর রোমাঞ্চ আমাকে স্পর্শ করত।
আরও মনে পড়ে ১৯৭২ সালের দিকের কথা, যখন আমার বয়স ১১ হবে, ওই সময়ের কথা আমার এখনও স্পষ্ট মনে পড়ে এবং সম্ভবত সারাজীবন মনে থাকবে। ওই বয়সেই, অদ্ভুত শোনাতে পারে, ওই বয়স থেকেই জীবন আমাকে ধারাভাষ্যের দিকে ঠেলে দিয়েছিল।
মানে, ১১ বছর বয়সেই ধারাভাষ্যকার হওয়ার কথা ভেবেছিলেন…!
হেইজম্যান: হ্যাঁ, আমি দাদুবাড়িতে ছিলাম। আমার খুব স্পষ্টভাবে মনে পড়ে।
অবশ্যই চেয়েছি বড় হয়ে ক্রিকেটার হতে। তবে ওই বয়সেই ধারাভাষ্য দেওয়ার ব্যাপারটি আমার মনে গেঁথে গিয়েছিল এবং ভেবে রেখেছিলাম, ভবিষ্যতে ধারাভাষ্যকার হব।
যে ঘটনা থেকে ধারাভাষ্যকার হতে চাইলাম, সেটিও বেশ অদ্ভুত। খেলা দেখছিলাম, অস্ট্রেলিয়ার সঙ্গে রেস্ট অব দা ওয়ার্ল্ডের খেলা। টনি গ্রেগ একটা বিমার ছুড়েছিল, হাত থেকে বল ছুটে গিয়েছিল আর কী। গ্রায়েম ওয়াটসনের নাকে বল লেগে একেবারে রক্তারক্তি অবস্থা। চারদিকে রক্ত পড়ে আছে… টিভিতে দৃশ্যটা দেখতে ভয়াবহ ছিল। তবে ১১ বছর বয়সী আমার মনের মধ্যে ছাপ ফেলেছিল।
খুবই রুদ্ধশ্বাস ব্যাপার ছিল… ওই দৃশ্য, বারবার রিপ্লে দেখানো, ওই মুহূর্তের উত্তেজনা, সব মিলিয়ে এমন নাটকীয়তা ছিল, ধারাভাষ্য ব্যাপারটি তখন খুব ভালো লেগে যায়।
বেড়ে ওঠার সময় ক্রিকেটে আমার আইডল ছিলেন ইয়ান চ্যাপেল। তিনি যে ক্লাবে খেলতেন, সেখানেই পরে খেলেছি আমি। তিনিও পরে ধারাভাষ্যকার হন। সব মিলিয়েই ঠিক করে রেখেছিলাম, একদিন ধারাভাষ্যকারই হব।
আবারও বলছি, শুরুটা যেভাবে হয়েছিল, সেটায় আমি ভাগ্যবান ছিলাম। তবে সবসময় এটাই করতে চেয়েছি এবং দেখুন, আজকে ৩০ বছর পরে এখনও সুপারস্পোর্টের সঙ্গেই আছি।
আমি কিন্তু ‘এক্সট্রা কাভার’ নামে একটা শো করেছি, যেটি তুমুল জনপ্রিয় ছিল এবং শত শত পর্ব হয়েছে বছরের পর বছর। শো-এর নামও আমিই দিয়েছিলাম, যা নিয়ে সবসময় গর্ব করতাম। ধারাভাষ্যকার হিসেবে আমার অবস্থান পোক্ত করতে ওই শো সহায়তা করেছে।
এছাড়া, একটা সময় আর্টিকেলও লিখেছি নানা জায়গায়।
আবার বলছি, আমি নিজেকে সবচেয়ে ভাগ্যবানদের একজন বলে মনে করি; কারণ আমি জীবিকা নির্বাহের জন্য যা করেছি ও করি, ধারাভাষ্য দেওয়া এবং স্টুডিওতে উপস্থাপনা করা, এসব তো আসলে আমার শখ, এগুলোকে কাজই মনে করি না। আমি জানি এসব আমার জন্য কত বড় ব্যাপার, এজন্য সবসময় সাধ্যমতো সেরাভাবে করতে চাই।
ধারাভাষ্যের অধ্যায়ে পরে আবার আসা যাবে, আপাতত আপনার খেলোয়াড়ি জীবনে ফিরে তাকানো যাক। ছেলেবেলা থেকেই ক্রিকেটকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার ভাবনা ছিল?
হেইজম্যান: আমি কিন্তু ব্যাংকারও ছিলাম। আমার বাবা ব্যাংক ম্যানেজার ছিলেন, মা ব্যাংকে চাকরি করতেন। আমার বড় বোন স্যু ও ছোট বোন বেথ, ওরাও ব্যাংকে চাকরি করত। এমনকি আমার এক বোনের স্বামীও ব্যাংকে চাকরি করতেন। বলতে পারেন, একটা ব্যাংকিং বিপর্যয় ছিল। আমিও প্রায় চার বছর ব্যাংকে ছিলাম... এরপর আমার হুঁশ ফেরে (হাসি) এবং ক্রিকেটে ফিরি।
১৫-১৬ বছর বয়সেই অ্যাডিলেইডে গ্রেড ক্রিকেট খেলেছি। আমি খুবই ভাগ্যবান যে, চ্যাপেল ভাইদের ক্লাবে খেলেছি, তাদের বাবা আমাকে কোচিং করিয়েছেন। সাউথ অস্ট্রেলিয়া দলেও অল্প বয়সেই জায়গা করে নিয়েছিলাম। খেলার সুযোগ পেতে অবশ্য একটু অপেক্ষা করতে হয়েছিল। ডেভিড হুকস অস্ট্রেলিয়া দলে সুযোগ পাওয়ায় সাউথ অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয় আমার এবং অভিষেকে কুইন্সল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করি। ওই বিদ্রো সফরে যাওয়ার আগ পর্যন্ত টানাই খেলেছি।
একটা স্কলারশিপও পেয়েছিলাম, যেটা আমাকে সহায়তা করেছিল ক্রিকেটে মনোযোগ দিতে। অস্ট্রেলিয়ার সেরা চার তরুণ ক্রিকেটারকে দেওয়া হতো ওই স্কলারশিপ। তারা কাউন্টিতে খেলার সুযোগও পেত।
তবে সত্যি বলতে, খেলাধুলায় আমার প্রথম ভালোবাসা ছিল ফুটবল। রুলস ফুটবল। আমার তো মনে হয়, ক্রিকেটের চেয়ে ফুটিতেই বেশি প্রতিভা ছিল আমার। তবে ১৮-১৯ বছর বয়সের দিকে স্ট্রেস ফ্র্যাকচার হওয়ার পর আর ওদিকে পা বাড়ানোর কথা চিন্তা করিনি।
দু-একটা জায়গায় পড়েছি, ঠিক নিশ্চিত নই, আপনাকে নাকি তখন ‘পরবর্তী ব্র্যাডম্যান’ বলা হচ্ছিল?
হেইজম্যান: কিছু মিডিয়ায় লেখালেখি হয়েছিল… বাড়াবাড়ি ওসব।
সাউথ অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন, স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে কথা হয়েছে কখনও?
হেইজম্যান: স্যার ডনের সঙ্গে আমার অনেক অনেক স্মৃতি আছে। কিছু মজার, কিছু আমার জন্য গর্বের, কিছু আক্ষেপেরও।
আমি যখন সাউথ অস্ট্রেলিয়ায় খেলতাম, তখন তিনি সাউথ অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের কমিটিতে ছিলেন। এর আগে তো লম্বা সময় নির্বাচকও ছিলেন। বিশ্বাস করবেন কি না জানি না, তিনি আমার ব্যাটিং পছন্দ করতেন। সত্যিই ভাগ্যবান ছিলাম যে, আমার ব্যাটিং তার ভালো লাগত। এজন্যই তিনি কাগজের টুকরোয় নোট লিখে পাঠাতেন আমাকে।
তাই নাকি? দারুণ ব্যাপার তো...
হেইজম্যান: আমি রান করি বা না করি, কিংবা অন্য কোনো কারণে, যদি তার মনে হতো আমার কোনো কিছু নিয়ে কাজ করা দরকার, দিনের খেলা শেষে ড্রেসিংরুমের দরজায় টোকা পড়ত এবং রুম অ্যাটেনডেন্ট বা কমিটির রুম থেকে আসা কেউ আমাকে ডাকত। তার হাতে থাকত এক টুকরো কাগজ, যেটা স্যার ডন পাঠিয়েছেন। কাগজটি মোড়ানো থাকত। তাতে বড়জোর আট-দশটা শব্দ লেখা থাকত আর নিচে স্বাক্ষর করা থাকত ‘ডন’। কখনও হয়তো লেখা থাকত, “মাইক, আমার মনে হয় তোমার ব্যাটটা আরেকটু আগে তুলে নেওয়া উচিত। ডন।” এই ধরনের ব্যাপার আর কী। আমার জন্য তা ছিল রোমাঞ্চকর ও অসাধারণ।
কিন্তু গল্পের পরিণতি ভীষণ দুঃখজনক। এই ধরনের জিনিসগুলো তো অমূল্য, তাই না? অমূল্য সম্পদ। তার কাছ থেকে ওরকম প্রায় ১১-১২টা পেয়েছিলাম। খুব যত্ন করে ওসব একটা নিরাপদ জায়গায় রেখে দিয়েছিলাম। কিন্তু একটু বেশিই যত্নে রেখেছিলাম, এতটা নিরাপদ জায়গায় রেখেছিলাম যে, পরে আর খুঁজেই পাইনি!
হায় হায়, বলছেন কী! এটা তো অপূরণীয় ক্ষতি...
হেইজম্যান: একদম! বিরাট ক্ষতি. দুঃখজনক ও হাস্যকর।
আমার একটা রেস্তোরাঁ ছিল—জোহানেসবার্গে, যখন আমি এখানে থিতু হলাম, আমার একটা অস্ট্রেলিয়ান থিমের রেস্তোরাঁ ছিল... আর সেই রেস্তোরাঁয় একটা কোণায় পোস্টার লাগানো ছিল, যেখানে মূলত লেখা ছিল ‘তিনি এসেছেন' এবং এই ধরনের কথা, আর 'ব্র্যাডম্যান এখানে এসেছেন' এবং এই জাতীয় বিষয়। তাই আমি একটা 'ব্র্যাডম্যান কর্নার' করতে চেয়েছিলাম। তার কিছু ছবি, পোস্টার এবং এই জাতীয় জিনিস।
তখন আমি স্যার ডনকে চিঠি লিখি, পরিচিত আরেকজনের মাধ্যমে, কারণ ততদিনে ডন নিজেকে গুটিয়ে নিয়েছেন এবং তার বিস্তারিত তথ্য পাওয়া সহজ ছিল না। স্যার ডনকে খুব ভালোভাবে চিনতেন, তার ভালো বন্ধু ছিলেন, এমন একজনের মাধ্যমে তার কাছে শুধু অনুমতি চেয়েছিলাম যে, আমরা এটাকে ‘ব্র্যাডম্যান কর্নার’ বলতে পারি কি না।
এটা আমার খেলা ছেড়ে দেওয়ার বেশ কয়েক বছর পরের ঘটনা এটা। তাকে শেষবার দেখার ১০ বছর পরের কথা। তার পরও তিনি কী যে সুন্দর একটা চিঠি লিখেছিলেন! পাশাপাশি একটা পোস্টারে অটোগ্রাফ দিয়েছিলেন, যেটা ওই রেস্তোরাঁয় গৌরবময় জায়গা করে নিয়েছিল, আর এখন সেটা আমার অফিসে সগৌরবে শোভা পাচ্ছে।
সব মিলিয়ে বলতে পারি, স্যার ডনের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। তার বন্ধু ছিলাম, এমন দাবি করব না। তবে একসময দেখা হতো নিয়মিত, কথা হতো মাঝেমধ্যেই। তার সেই কাগজের টুকরোগুলোর কথা তো ভোলার নয়।
দারুণ ব্যাপার আসলেই। যাহোক, আপনি যখন দক্ষিণ আফ্রিকায় বিদ্রোহী সফরের দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তখন অস্ট্রেলিয়ার সম্ভাবনাময় ব্যাটসম্যান আপনি, পরবর্তী ব্র্যাডম্যান। নিজেও বললেন, অ্যাশেজে স্ট্যান্ড বাই ছিলেন। তখন কি মনে হয়নি, বিদ্রোহী সফরে গেলে অস্ট্রেলিয়ার হয়ে খেলার স্বপ্নটা শেষ হয়ে যাবে?
হেইজম্যান: না, সেই শঙ্কা ছিল না। কারণ আমি সময়টা মেপেছিলাম। তারা প্রথমে ২৩ বছরের কম বয়সী কাউকে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আমার বয়স ছিল ২৩-এর নিচে। তারপর যখন কিছু ক্রিকেটার নাম প্রত্যাহার করে নিল—তখন কিছু ভালো ক্রিকেটার নেওয়ার প্রয়োজন হওয়ার তারা আমাকে আসতে বলেছিল। কিন্তু আমার আইনজীবীরা এমনভাবে সময়টা মেপেছিল, যাতে আমি দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর আগেই জানতে পারি যে আমাকে আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র এক বছরের নিষেধাজ্ঞা ভোগ করতে হবে। দুই বছর বিদ্রোহী সফরে খেলার পর এক বছর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা—মোট তিন বছরের ব্যাপার ছিল। যদি ১০ বছরের নিষেধাজ্ঞার ব্যাপার হতো, যা নিয়ে কথা চলছিল, সেটা হলে সোজা দেশে ফিরে যেতাম।
বিদ্রোহী সফরের প্রস্তাব পাওয়ার দিনটির কথা মনে পড়ে? প্রাথমিক ভাবনা কেমন ছিল?
হেইজম্যান: এটা তো আমৃত্যু মনে থাকবে!
আমি তখন এক বন্ধুর বাসায় ছিলাম। অ্যাডিলেইডে তখন বেশ রাত। মিডিয়ায় কিছু জল্পনা চলছিল যে, আমাকে আমন্ত্রণ জানানো হবে। এটা নিয়ে বন্ধুদের মধ্যে আলোচনাও ছিল। সেদিন রাতে একটা ফোন পেলাম, অপর প্রান্তের ভদ্রলোক নিজেকে পরিচয় দিলেন ড. আলি বাখার (প্রখ্যাত ক্রিকেট প্রশাসক ও দক্ষিণ আফ্রিকার বোর্ডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক) হিসেবে। আমি পুরোপুরি নিশ্চিত ছিলাম, আমার কোনো বন্ধু আলি বাখারের নাম নিয়ে ঠাট্টা করছে। ৮-১০ মিনিট ধরে তাকে আমি কড়া ভাষায় যা-তা বললাম!
তার অবশ্য ধৈর্য ছিল। এক পর্যায়ে বেশ স্থির কণ্ঠে আন্তরিকভাবে বললেন, ‘আমি সত্যিই ড. আলি বাখার বলছি, আমার কথা কি দয়া করে মন দিয়ে শুনবে?’ তার পর আস্তে আস্তে বুঝতে পারলাম, ফোনকলটা ধাপ্পাবাজি নয়। পরদিনই নিজেকে আবিষ্কার করলাম মেলবোর্নে, আইনজীবীদের সঙ্গে কথা বলতে। পরের কিছুদিন এসব নিয়ে ব্যস্ততা গেল।
ওই সময়টা আমার এত ভালোভাবে মনে পড়ার আরও একটা অদ্ভুত ছোট কারণ আছে। প্রস্তাব পাওয়ার কিছু দিন আগে আমি ইংল্যান্ডে ছিলাম, লেস্টারশায়ারের হয়ে খেলার জন্য। তবে সেরা একাদশে খুব বেশি সুযোগ আসত না, কারণ দলের আরেক বিদেশী ক্রিকেটার ছিলেন গ্রেট অ্যান্ডি রবার্টস। ওরকম এক ম্যাচে লর্ডসে দ্বাদশ ব্যক্তি থাকার সময় লর্ডস থেকে একটা ‘অ্যাশট্রে’ কিনেছিলাম। যদিও তখন ধূমপান করতাম না, তবে দেখতে খুব সুন্দর বলে কিনেছিলাম। ওটা ছিল আমার খুব প্রিয় স্মৃতিচিহ্ন এবং দেশে ফিরে অ্যাডিলেইডের ফ্ল্যাটে সযতনে সাজিয়ে রেখেছিলাম তা।
বিদ্রোহী সফরের প্রস্তাব পাওয়ার পর মেলবোর্নে আইনজীবীদের সঙ্গে মিটিং থেকে ঘরে ফিরে এক কাফ কফি বানাতে গেলাম। সাধারণত নিজের জন্য তখন কফি বানাতাম না আমি। কিন্তু সেদিন কী মনে করে গেলাম এবং মাইক্রোওয়েভের দরজা খোলার সময় ধাক্কা লেগে সেই অ্যাশট্রে ফ্লোরে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। চট করে আমার মাথায় খেলে গেল, এটা হয়তো একটা প্রতীকী ব্যাপার, ক্রিকেট জগতের প্রচলিত ব্যবস্থাকে আমি চুরমার করে দিয়েছি!
ওই বয়সে দক্ষিণ আফ্রিকায় বিদ্রোহী সফরের সিদ্ধান্ত নেওয়া বড় সাহসের ব্যাপার ছিল বটে। তবে বিদ্রোহী সফরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় অস্ট্রেলিয়াতে বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হননি?
হেইজম্যান: হ্যাঁ, বেশ কিছু বাজে অভিজ্ঞতা ছিল। একটা স্পোর্টসের দোকানে কাজ করতাম আমি। এক রাতে ডিনার সেরে ফিরে দেখি, বেশ কিছু লোক, জড়ো হয়ে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে আক্রমণ করার চেষ্টাও করল। এই কারণে পরে চাকরিকটা হারালাম। একদিন এক লোক আমার দিকে থুতু ফেলেছিল। নানারকম অভিজ্ঞতাই হয়েছিল। জীবনের আরেকটি দিক দেখেছিলাম।
বিদ্রোহী সফরে প্রথম মৌসুমে আপনি খুব ভালো করতে পারেননি, পরের মৌসুমে দুর্দান্ত পারফর্ম করেন ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার অব দা ইয়ার স্বীকৃতিও পান। কেমন ছিল ওই খেলাগুলোর মান? শেফিল্ড শিল্ডের তুলনায় কেমন ছিল?
হেইজম্যান: খেলার মান ছিল টপ ক্লাস। একটা উদাহরণ দেই। আমাদের প্রথম ম্যাচ ছিল ট্রান্সভালের বিপক্ষে, যে দলের ৯ জনই ঘরোয়া আন্তর্জাতিক ক্রিকেটার, কাউন্টিসহ বিভিন্ন দেশে খেলেছে, পাশাপাশি ছিলেন দুই ক্যারিবিয়ান আলভিন কালিচারান ও সিলভেস্টার ক্লার্ক। চিন্তা করুন, কোনো জাতীয় দলের চেয়ে কম নয়!
সেখানে সব দলই ছিল অলরাউন্ডার দিয়ে ভরা। এজন্য সব দলই দারুণ ভারসাম্যপূর্ণ। ব্যাটিং লাইন আপের লেজ বলে যেন কিছু ছিল না। প্রথম দিনের নেট অনুশীলনের একটা ঘটনা বলি। ট্রান্সভালের নেট সেশন দেখছিলাম আমরা। এক পর্যাযে দেখলাম, একজন ব্যাটসম্যান নেটে সব বোলারদের তুলাধুনা করে ছাড়ছে। আমরা কেউই চিনতে পারছিলাম না ওই অলরাউন্ডারকে। একে-ওকে জিজ্ঞেস করে জানতে পারলাম, ওই ব্যাটসম্যানের নাম নিল র্যাডফোর্ড, যে মূলত পেসার এবং ট্রান্সভালের ১১ নম্বর ব্যাটসম্যান!
প্রথম বছর আমি আসলেই ভালো করতে পারিনি, তবে দ্বিতীয় বছরটা সত্যিই খুব ভালো কেটেছিল। ক্রিকেটের মান ছিল দুর্দান্ত, আমি বলব শেফিল্ড শিল্ডের চেয়েও কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
বিদ্রোহী সফরে যাওয়ার পেছনে টাকার অঙ্কের পরিমাণটা বড় ব্যাপার ছিল অবশ্যই, এটা অস্বীকার করব না। তবে ক্রিকেটীয় হাতছানিটাও আমার কাছে বড় ব্যাপার ছিল।
যেটা বললাম একটু আগে, ক্লাইভ রাইস ছিল, গার্থ লে রু… হিউ পেইজ ছিল, দারুণ এক তরুণ ফাস্ট বোলার, কিম হিউজ যাকে মনে করে তার খেলা সেরা পাঁচ বোলারের একজন… কেপলার ওয়েসেলস, অ্যালান ডোনাল্ড…গ্রায়েম পোলক তখনও খেলছেন, জিমি কুক ছিলেন, যিনি সমারসেটের হয়ে প্রচুর রান করেছিলেন, ব্রায়া ম্যাকমিলান তখন তরুণ সম্ভাবনাময় অলরাউন্ডার…
যেটা বললাম, সব দলেই প্রচুর অলরাউন্ডার ছিল, তাই দুর্দান্ত লড়াই হতো। এমন সব পিচে খেলা হতো, যেখানে ব্যাটিং ছিল চ্যালেঞ্জিং। আমাদের দলটাও শক্তিশালী ছিল। এমনকি আমরা এই দলকে তখনকার অস্ট্রেলিয়ার দলের চেয়েও শক্তিশালী দল বলে মনে করতাম।
কখন আপনি সিদ্ধান্ত নিলেন যে, দক্ষিণ আফ্রিকাতেই থেকে যাবেন পাকাপাকিভাবে?
হেইজম্যান: যখন আমার স্ত্রীর সঙ্গে দেখা যায়! ও ছিল মিস সাউথ আফ্রিকা (১৯৮৩ সালের মিস সাউথ আফ্রিকা লিয়ান হোস্কিং)। এখানে আমার প্রথম সফরের প্রথম সপ্তাহেই ওর সঙ্গে দেখা হয়।
ওটা ছিল, এক ধরনের সূচনা। এরপর সেই পথ ধরেই দুজন চলতে থাকলাম। অবশ্য ওর কারণেই এখানে রয়ে গেছি, তা পুরোপুরি ঠিক নয়। একসময় কথা ছিল, ও অস্ট্রেলিয়াতে গিয়ে থাকবে। কিন্তু আমার এই দেশ ভালো লেগে গেল, ইনডোর ক্রিকেটের ব্যবসাসহ কিছু ব্যবসা চালু করি এবং সব মিলিয়ে পরিস্থিতি যা দাঁড়াল, আমিই এখানে ফিরে এলাম এবং দক্ষিণ আফ্রিকায় দারুণ সময় কাটতে লাগল। ব্যস, এখানেই রয়ে গেলাম।
দক্ষিণ আফ্রিকার কোন দিকটি আপনাকে এখানে থাকতে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল? অবশ্যই আপনার স্ত্রী ছাড়া…!
হেইজম্যান: হাহাহাহ... স্ত্রীর প্রতি আমি খুবই কৃতজ্ঞ সারা জীবন আমার পাশে থেকে আমার ভালো লাগার কাজটি চালিয়ে যেতে বড় ভূমিকা রাখায়।
সবচেয়ে ভালো লেগেছিল এখানকার মানুষ। এখানকার মানুষজন ছিল খুবই আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ।
আমি একজন পশুপ্রেমী। নিখাদ পশুপ্রেমী, তাই সারাক্ষণ জঙ্গলে যাওয়াটাও একটা বিশাল আকর্ষণ ছিল। এটা আমাকে দারুণ টানত! সেটা দারুণ ছিল।
আরেকটা ব্যাপারও খুব মনে ধরেছিল, ক্রিকেটের প্রতি তীব্র আবেগ আর সমর্থন। লোকে উপমহাদেশের মানুষের ক্রিকেটের আবেগের কথা বলে এবং সেটা তো অবশ্যই দারুণ। সেটার সঙ্গে তুলনীয় না হলেও এখানে লোকে ক্রিকেট প্রচণ্ড ভালোবাসে। নিশ্চয়ই আপনি এবার সেটা টের পেয়েছেন কিছুটা।
আরেকটা ব্যাপারও খুব ভালো লেগে গিয়েছিল যে, এখানে সবসময় প্রচণ্ড আগ্রাসী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হতো। সবসময়। প্রতিভার অভাব ছিল না, তাই প্রতিযোগিতাও বেশ তীব্র। এখন যেমন দেখছেন, তখনও এখানে ছিল অলরাউন্ডারে ভরপুর। সবাই ব্যাট ও বল দুটোই করতে পারত। এটা আমাকে দারুণ চমৎকৃত করেছিল। সব মিলিয়েই ভালো লেগেছিল এই দেশ।
ধারাভাষ্যে আসার গল্পটা তো বলেছেন আগেই। ধারাভাষ্যে আসার পর দ্রুতই আপনি জনপ্রিয়তা পেয়ে গিয়েছিলেন। সেটা কি আপনি বেশ উচ্চকণ্ঠী এবং স্পষ্টভাষী বলে? অস্ট্রেলিয়ান হয়েও আপনি দ্রুত হয়ে উঠলেন দক্ষিণ আফ্রিকার ধারাভাষ্যের মুখ...!
হেইজম্যান: জানি না কীভাবে... হতে পারে, আপনি যেটা বললেন, স্পষ্টভাষী। আমি কোনো কিছু চেপে রাখি না। যখন আমি কিছু দেখি, সেটার ওপর মন্তব্য করি। মানে, সবাই তো দেখে। সেটাকে উপস্থাপন করাই গুরুত্বপূর্ণ। যখন আমি কিছু দেখি, সেটাকে পুরোপুরি তুলে ধরা থেকে পিছিয়ে আসি না। যা দেখি ও মনে করি, সেটাই বলি। লোকে সেটার সঙ্গে একমত না হলেও কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাজ আমি করি।
আমার নিজেরও অনেক প্রাপ্তি আছে এই পেশায় এসে। বছরের পর বছর নানা সময়ে স্মরণীয় অনেক মুহূর্তের স্বাক্ষী হতে পেরে নিজেকে বেশ ভাগ্যবান মনে করি। জ্যাক ক্যালিসের ক্যারিয়ার প্রায় পুরোটই দেখলাম, সম্ভাবনাময় অলরাউন্ডার থেকে কিংবদন্তি হয়ে ওঠা, অ্যালান ডোনাল্ডের ক্যারিয়ার, ডেল স্টেইনের ক্যারিয়ার, এবি ডি ভিলিয়ার্স... গ্রায়েম স্মিথ, সত্যিকারের সব সুপারস্টারের কথা বলছি। আরও অনেকে ছিল।
এই লম্বা সময়টায় লিড ধারাভাষ্যকার হিসেবে থাকতে পারাটা দারুণ ছিল। এজন্যই আপনারা প্রচুর হাইলাইটস ও এই ধরনের ভিডিওতে আমার কণ্ঠ শুনতে পান, বিশ্বকাপ ও অন্য নানা টুর্নামেন্ট ও সিরিজে।
আপনার ক্রিকেট দেখার এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে পছন্দের তালিকাটা শোনা যাক। আপনার দেখা সর্বকালের সেরা ক্রিকেটার কে?
হেইজম্যান: আমার চোখে সর্বশ্রেষ্ঠ জ্যাক ক্যালিস।
কেন ক্যালিসই সেরা?
হেইজম্যান: কখনও কখনও পরিসংখ্যানই সবকিছু বলে দেয়। সে যত রান করেছে, ব্যাটসম্যান হিসেবে তো সর্বকালের সেরাদের একজন, তার সমান উইকেট নিতে পারলেও অনেক বোলারের গর্ব করার কথা। অসাধারণ ব্যাটসম্যান, দুর্দান্ত বোলার, দারুণ ফিল্ডার। সে অবিশ্বাস্য।
এখানে একটা কথা বলে রাখি। আমি কিন্তু স্যার গ্যারি সোবার্সের খেলাও দেখেছি। তাকেও আমার ভালো লাগে।
সোবার্সকে দেখেও তাহলে ক্যালিসকে এগিয়ে রাখছেন?
হেইজম্যান: আসলে সোবার্সকে তো দেখেছি ছেলেবেলায়। তবে তার কীর্তি তো জানিই, সবটুকুই জানি তার সম্পর্কে।
সোবার্স সবকিছুই পারতেন এবং খুব আকর্ষণীয়ভাবে করতেন। দুজনের মধ্য থেকে একজন বেছে নেওয়া সত্যিই কঠিন। তবে ক্যালিসের ক্যারিয়ারের দীর্ঘস্থায়িত্ব, অন্যান্য সংস্করণেও সাফল্য, সবকিছু মিলিয়ে তাকে ছাড়া অন্য কাউকে বেছে নেওয়াও কঠিন। যদিও আমার দেখা সবচেয়ে রোমাঞ্চকর ক্রিকেটার ব্রায়ান লারা।
আপনি জিজ্ঞেস করার আগেই বলছি, আমার দেখা সেরা ব্যাটসম্যান ভিভ রিচার্ডস। সেরা বোলার ডেনিস লিলি। পছন্দের তালিকায় বেশ কয়েকজন আছেন, কিন্তু সব মিলিয়ে ক্যালিসই সেরা।
কাকে কেন সেরা বলছেন, সেটার ব্যাখ্যা জানতে পারলে ভালো লাগত। তবে আপনার তো সময় বেশি নেই। আপাতত তালিকাই শোনা যাক। আমার চোখে সবসময়ের সেরা ধারাভাষ্যকার কে?
হেইজম্যান: (একটু ভেবে) আমার চোখে সেরা এমন একজন, যিনি আমার জন্য ছিলেন একরকম প্রদর্শক, যদিও তিনি হয়তো নিজেও তা বুঝতে পারেননি—আমার ভালো বন্ধুও ছিলেন—আমি যখন শুরু করি, তখন তাকে কিছুটা অনুসরণও করতাম এবং তিনি কী করছেন, সেইসব বিষয় জানার চেষ্টা করতাম। তিনি হলেন টনি কোজিয়ার।
টনি কোজিয়ার ক্রিকেট বিশ্বজুড়েই বেশ শ্রদ্ধেয় ছিলেন। তবে তাকে সেরা বলাটা হয়তো অনেককেই চমকে দেবে…
হেইজম্যান: দেখুন, কোজিয়ারের কণ্ঠি ছিল অসাধারণ... অসাধারণ ধারাভাষ্যকার, অসাধারণ একজন মানুষ এবং এক কথায়, খুবই উঁচু মানের ব্যক্তিত্ব।
বেড়ে ওঠার সময়টাতে আমার প্রিয় ধারাভাষ্যকার ছিলেন টনি গ্রেগ। এই কারণেই হয়তো ধারাভাষ্যে আমিও উত্তেজিত হয়ে পড়ি, কণ্ঠ উঁচু হয়ে যায়। হয়তো তারই কিছুটা প্রভাব আমার ওপর পড়েছে। ২০০৩ বিশ্বকাপে রিচি বেনোর পাশে বসে ধারাভাষ্য দেওয়ার সৌভাগ্য হয়েছে আমার—সেটাও ছিল এক দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতা।
বিল লরিকে কেমন লাগত?
হেইজম্যান: বিল খুবই মজার মানুষ। তার ধারাভাষ্য ও সঙ্গ খুব উপভোগ করতাম। রবিন জ্যাকম্যানের কথা বলতেই হবে। আমি যখন প্রথম ধারাভাষ্য শুরু করি, তখন তাকে পাশে পাওয়াটা আমার জন্য ছিল দারুণ সৌভাগ্যের।
ধারাভাষ্য কক্ষে আপনাদের দুজনের জুটি জমত বেশ!
হেইজম্যান: আমি যখন শুরু করি, তিনি আমাকে একদম আপন করে নিয়েছিলেন। নিজের ডানায় আগলে রেখেছিলেন যেন। অনেক কিছু হাতে ধরে শিখিয়েছেন। আজকাল তো এসব ভাবাই যায় না, কারণ চারপাশে তুমুল প্রতিযোগিতা। কিন্তু রবিন যেভাবে আমাকে সাহায্য করেছেন, বিশেষ করে প্রথম দুই বছরে, তা ভোলার মতো নয়। অসাধারণ মানুষ ছিলেন।
আপনার ধারাভাষ্য দেওয়া সবচেয়ে প্রিয় ম্যাচ কোনটি?
হেইজম্যান: ওয়ান্ডারার্সে অস্ট্রেলিয়ার ৪৩৮ টপকে দক্ষিণ আফ্রিকার বিশ্বরেকর্ড গড়া ম্যাচটি। শুধু ধারাভাষ্য নয়, সত্যি বলতে, সম্ভবত সেটিই আমার দেখা সেরা ক্রিকেট ম্যাচ। ওই রান তাড়া করে জেতাটা ছিল অবিশ্বাস্য। ওই সময়ের বিবেচনায় তো বটেই, এখন এই যে হরহামেশা এত বড় রান তাড়া করে দলগুলি জিতছে, তার পরও এরকম স্কোর তাড়া করা অবিশ্বাস্য।
ওই ম্যাচের শেষটায় লিড ধারাভাষ্যকার ছিলেন টনি গ্রেগ। আপনি ধারাভাষ্যে ছিলেন, এমন মুহূর্তগুলির মধ্যে সেরা?
হেইজম্যান: মুত্তাইয়া মুরালিদারান যখন তার ৮০০ উইকেট নিল। জয়ের জন্য এক উইকেট বাকি, তারও একটি উইকেট দরকার ছিল। তখন সে উইকেটটি নিয়ে নিল।
বাংলাদেশ নিয়ে একটি সাধারণ প্রশ্ন। অনেক বছর ধরেই দেখছেন বাংলাদেশকে। এবার কেমন দেখলেন?
হেইজম্যান: অনেক উন্নতি হয়েছে। ওয়ান্ডারার্সে তাদের পারফরম্যান্সে খুব মুগ্ধ হয়েছিলাম, যদিও শেষ দুই দিনে পেরে ওঠেনি। সেঞ্চুরিয়ন তিন দিনে হেরে গেছে বটে। তবে দক্ষিণ আফ্রিকায় এসে সব দলেরই কমবেশি এই অভিজ্ঞতা হয় এখন।
অ্যালান ডোনাল্ডের সঙ্গে প্রায়ই কথা হয় আমার এবং সে বাংলাদেশে বোলিং কোচ হওয়ার পর তার সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। সে চারজন দারুণ পেসারের কথা বলেছিল এবং কিছু তরুণ পেসারকে নিয়ে নিয়ে বেশ রোমাঞ্চিত ছিল। ডোনাল্ডের মতো একজন যখন কাউকে নিয়ে এত উচুঁ ধারণা রাখে, এরপর আমি ওদেরকে নিবিড়ভাবে অনুসরণ করতে শুরু করি এবং দেখতে চাই, ওরা আসলেই খুব ভালো।
দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ এবার সেরা পেস আক্রমণ নিয়ে আসতে পারেনি এখানে। ক্রিকেটে পেসারদের চোটাঘাত থাকবেই। এই পিচে, এই ধরনের কন্ডিশনে নাহিদ রানা অসাধারণ বোলিং করত বলেই আমার বিশ্বাস। হাসান মাহমুদকেও বেশ অনেক দিন ধরে দেখছি। স্পেশাল বোলার।
সেঞ্চুরিয়নে ব্যাটিংটা খারাপ হয়েছে বাংলাদেশের। তবে এটাও মনে রাখতে হবে, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে খেলাটা সহজ নয়।
সামনে বাংলাদেশ দলটির কোন দিকে মনোযোগ দেওয়া উচিত?
হেইজম্যান: সামনের সিরিজে!
পরের সিরিজটা ইংল্যান্ডের সঙ্গে, তাই না? ঘরের মাঠে, সেখানে বাংলাদেশের ভালো প্রতিদ্বন্দ্বিতা করা উচিত ও তারা করবে বলে আমার মনে হয়। দেশের বাইরে ভালো করতে হলে আসলে খুব গোছানো ক্রিকেট খেলতে হয় এবং প্রতিটি সুযোগ কাজে লাগাতে হয়। এখানে কোনো ক্যাচ ফেলার সুযোগ নেই, রিভিউ মিস করার সুযোগ নেই, উইকেট নেওয়ার জন্য যা যা করা দরকার, সব করা প্রয়োজন।
ব্যাটসম্যানদের সেরা রূপে তৈরি করে দিতে হবে ব্যাটিং কোচদের এবং তাদেরকে মাঠে তা মেলে ধরতে হবে। ছোট ছোট সব ব্যাপার ভালো করতে হবে এবং ক্রিকেটারদের আত্মবিশ্বাস ফেরাতে যা যা করা দরকার, সব করতে হবে।
