খোলাবাজারে ডলার কেন ১৩০ টাকা, ‘নজর রাখছে’ কেন্দ্রীয় ব্যাংক
“এলসি খোলা বেড়েছে; বিভিন্ন পণ্যের আমদানি খরচ বেড়েছে। এতে ডলারের চাহিদা বাড়ায় এক্সচেঞ্জ হাউজগুলো সুযোগ নিচ্ছে,” বলেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র।
সপ্তাহখানেক ধরে আন্তঃব্যাংকে ১২৪ টাকা ৭৫ পয়সা দরে ডলার লেনদেন হলেও ব্যাংকগুলো এর চেয়ে বেশি দরে ডলার বিক্রি করছে; আর অতীতের সব রেকর্ড ভেঙে খোলাবাজারে ডলারের দর ছাড়িয়েছে ১৩০ টাকা।
ব্যাংকের দরের চেয়ে খোলাবাজারে ডলারের দর এত বেশি কেন, তার কারণ খতিয়ে দেখছে বাংলাদেশ ব্যাংক। যারা বেশি দামে ডলার বিক্রি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
ডলারের দরে লাগাম টানতে ব্যাংকগুলোর জন্য নগদ ডলার বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ বিনিময় হার বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের সর্বোচ্চ দাম ছিল ১২৪ টাকা ৭৫ পয়সা, সর্বনিম্ন দরও ছিল ১২৪ টাকা ৭৫ পয়সা। সে হিসাবে গড় দামও ছিল ১২৪ টাকা ৭৫ পয়সা।
ওই দিন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক স্পট মার্কেটে ১২৫ টাকা ৫ পয়সা দরে ডলার বিক্রি করেছে; কিনেছে ১২৪ টাকা ৫ পয়সায়। বেসরকারি ইস্টার্ন ব্যাংক স্পট মার্কেটে ১২৫ টাকা ৩৮ পয়সা দরে ডলার বিক্রি করেছে; কিনেছে ১২৪ টাকা ৩৮ পয়সায়।
‘মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (এমসিএবি) কিছু দিন ধরে ডলারের দর নির্ধারণ করে দিচ্ছে। মানি এক্সচেঞ্জগুলোর এ সংগঠন দর বেঁধে দেয় প্রতিদিন সকালে।
কোনো কোনো দিন বিকালে দর পরিবর্তন করা হয়। এমসিএবির সদস্য এক্সচেঞ্জ হাউজগুলো সেই দরে ডলার কেনাবেচা করে।
এমসিএবির নির্ধারিত দর অনুসরণ করে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১২৯ টাকা ৮০ পয়সা দরে ডলার বিক্রি করেছে এক্সচেঞ্জ হাউজগুলো। কিনেছে ১২৮ টাকা ৮০ পয়সায়। বিকাল ৫টায় কেনাবেচার দর বাড়ানো হয়। বিক্রয় মূল্য করা হয় ১৩০ টাকা, কেনা হয় ১২৯ টাকায়।
শুক্রবার এক্সচেঞ্জ হাউজগুলো বন্ধ ছিল। শনিবার মানি এক্সচেঞ্জগুলো ১৩০ টাকা দরে ডলার বিক্রি করেছে, কিনেছে ১২৯ টাকায়।
এর আগে গত বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিক্রয়মূল্য ছিল ১২৯ টাকা ৫০ পয়সা; ক্রয় মূল্য ছিল ১২৮ টাকা ৫০ পয়সায়। বিকেল ৫টার বিক্রয়মূল্য ছিল ১২৯ টাকা ৮০ পয়সা; কেনা হয় ১২৮ টাকা ৮০ পয়সায়।
এক মাস আগে ২৮ অক্টোবর বিক্রয়মূল্য ছিল ১২৮ টাকা। ক্রয় মূল্য ছিল ১২৭ টাকা।
এক্সচেঞ্জ হাউজগুলোর বাইরে রাজধানীর মতিঝিল ও গুলশানে বৃহস্পতিবার ১৩০ টাকা ৪০ পয়সায় ডলার বিক্রি হয়েছে বলে জানিয়েছেন ডলার ব্যবসায়ীরা।
ডলারের দর নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা বজায় রাখতে গত ২৪ অগাস্ট থেকে মানি এক্সচেঞ্জগুলোর জন্য ডলারের দর বেঁধে দিচ্ছে এমসিএবি।
প্রথম দিন সংগঠনটির সংবাদ সম্মেলনে বলা হয়, ১২৬ টাকা ৫০ পয়সা দরে ডলার বিক্রি করবে মানি এক্সচেঞ্জগুলো; কিনবে এক টাকা কমে; ১২৫ টাকা ৫০ পয়সায়।
এরপর থেকে প্রতিদিনই এমসিএবির ওয়েবসাইটে টাকা-ডলারের বিনিময় হার বেঁধে দেওয়া হচ্ছে এবং সে দামেই ডলার কেনাবেচা হচ্ছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি এম এস জামান।
খোলাবাজারে ডলারের রেকর্ড দর সম্পর্কে জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিঢোর ডটকমকে তিনি বলেন, “আমরা কী করব বলেন, বেশি দামে কিনতে হচ্ছে। বিক্রি করছি বেশি দামে। এখানে আমাদের কিছু করার নেই।
“সামনে রমজান মাসসহ নানা কারণে আমদানি খরচ বেড়েছে। সে কারণে ডলারের চাহিদা বেড়েছে; কিন্তু সে অনুযায়ী জোগান নেই। তাই এখন দাম বাড়ছে। কিছুদিন পর ঠিক হয়ে যাবে।”
জামান বলেন, “দেশে দেশে যুদ্ধ, অস্থিরতা ও উচ্চ মূল্যস্ফীতির কারণে বিশ্বব্যাপীই ডলারের দর বাড়ছে। তার প্রভাব বাংলাদেশেও পড়েছে।”
তবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খোলাবাজারে বেশি দামে ডলার বিক্রি করছে এক্সচেঞ্জ হাউজগুলো। তারা বেশি মুনাফা করছে।
“রমজান মাস সামনে রেখে এলসি খোলার পরিমাণ বেড়েছে। জ্বালানি তেলসহ অন্যান্য পণ্য আমদানিতেও খরচ বেড়েছে। এ সব কারণে ডলারের চাহিদা বেড়েছে। সেই সুযোগই নিচ্ছে এক্সচেঞ্জ হাউজগুলো।”
তিনি বলেন, “ঈদের আগে চাহিদা বাড়ায় ব্যবসায়ীরা যেমন জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়, ডলার ব্যবসায়ীরাও ঠিক একই কাজ করছে, অতিরিক্ত মুনাফা করছে।”
বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের নজরে আসার কথা জানিয়ে মুখপাত্র বলেন, “আমরা মনিটর করছি, যারা অতিরিক্ত মুনাফা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২০২৫-২৬ অর্থবছরের শেষ দিন ৩০ জুন আন্তঃব্যাংক মুদ্রাবাজারে টাকা-ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৮৫ পয়সা। এক বছর আগে ২০২৫ সালের ১৯ নভেম্বর ছিল ১২২ টাকা ৫৫ পয়সা।
গত অক্টোবরের শুরুতে প্রতি ডলার ছিল ১২৩ টাকা। সেখান থেকে বেড়ে ২৯ অক্টোবর ১২৩ টাকা ৯৯ পয়সায় ওঠে। এখন আরও বেড়ে ১২৪ টাকা ৭৫ পয়সায় অবস্থান করছে।
এ হিসাবে দেখা যাচ্ছে, এক মাসের ব্যবধানে আন্তঃব্যাংকে ডলারের দর বেড়েছে শূন্য দশমিক ৬১ শতাংশ। আর বছরের ব্যবধানে বেড়েছে ১ দশমিক ৮০ শতাংশ।
ডলারের চাহিদা বাড়ায় ব্যাংকগুলো বেশি দামে ডলার কিনছে। বৃহস্পতিবার ১২৫ থেকে ১২৬ টাকা পর্যন্ত দরে রেমিটেন্সের ডলার কিনেছে ব্যাংকগুলো। আর আমদানিতে ডলার বিক্রি করছে ১২৫ টাকা ৩০ পয়সা পর্যন্ত দরে।
বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্যে দেখা যায়, গত ২৪ নভেম্বর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ হিসাবে বাংলাদেশের রিজার্ভ ছিল ২৯ দশমিক ৫৪ বিলিয়ন ডলার। আর গ্রস বা মোট হিসাবে ছিল ৩৪ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।
এই রিজার্ভ সাত মাসের মধ্যে কম। গত ২ এপ্রিল বিপিএম-৬ হিসাবে রিজার্ভ ছিল ২৯ দশমিক ৮১ বিলিয়ন ডলার। গ্রস হিসাবে ছিল ৩৪ দশমিক ৪৩ বিলিয়ন ডলার।
এক বছর আগে গত বছরের ১৯ নভেম্বর বিপিএম-৬ হিসাবে রিজার্ভ ছিল ২৬ দশমিক ৪২ বিলিয়ন ডলার। মোট হিসাবে ছিল ৩১ দশমিক ১৩ বিলিয়ন ডলার।
গত ৫ নভেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সেপ্টেম্বর-অক্টোবর মেয়াদের ১ দশমিক ৬৪ বিলিয়ন ডলার আমদানি বিল পরিশোধের পর বিপিএম-৬ হিসাবে রিজার্ভ ২৯ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে নেমে আসে। গ্রস হিসাবে নামে ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে।
আকুর দেনা শোধের আগে বিপিএম-৬ হিসাবে রিজার্ভ ছিল ৩১ দশমিক ৫১ বিলিয়ন ডলার। আর গ্রস হিসাবে ছিল ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।
প্রতিবারই আকুর আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ খানিকটা কমে আসে; পরে অবশ্য বাড়ে। কিন্তু এবার নিম্মমুখী ধারায় রয়েছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রপ্তানি আয় ৭ শতাংশ বাড়লেও আমদানি ব্যয় বেড়েছে ১৫ শতাংশের বেশি।
তবে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। অর্থবছরের চার মাসে (জুলাই-অক্টোবর) বেড়েছে ১৩ শতাংশ।
নগদ ডলারের বিক্রয়মূল্য বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
এদিকে নগদ ডলারের দরে লাগাম টানার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমদানিতে ব্যাংক যে দরে ডলার বিক্রি করবে, নগদ ডলারের দর তার বেশি না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
ব্যাংকগুলো সাধারণত আমদানি দরের তুলনায় নগদ ডলারে এক থেকে দুই টাকা বেশি নেয়।
গত বুধবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে ‘নগদ বৈদেশিক মুদ্রা বিক্রয়’ শিরোনামে একটি চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
চিঠিতে বলা হয়, বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং গ্রাহকদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে নগদ বৈদেশিক মুদ্রা বিক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ বিনিময় হার বিসি সেলিং রেট (আমদানি দায় নিষ্পত্তির দর) হতে পারবে।
বৈদেশিক মুদ্রা লেনদেন ব্যবস্থায় ক্রয়ের ক্ষেত্রে ‘টিটি ক্লিন’, ‘টিটি ডকুমেন্ট’, ‘ওডি সাইট’ বিনিময় হার ব্যবহার হয়ে থাকে। অন্যদিকে বিক্রয়ের ক্ষেত্রে প্রধানত ‘বিসি’ বিনিময় হার ব্যবহৃত হয়।
‘টিটি ডকুমেন্ট’ এর বিপরীতে রপ্তানি বিল নগদায়ন করে ব্যাংকগুলো। ‘টিটি ক্লিন’ ব্যবস্থায় ব্যাংকগুলো প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এবং দেশে থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানের ফ্রিল্যান্সিংয়ের আয় বা বিদেশ থেকে আসা সরাসরি ব্যক্তিগত তহবিল কিনে থাকে।
আর বিদেশি ব্যাংক ড্রাফট, চেক বা ‘সাইট বিল’ (দেখামাত্র পরিশোধযোগ্য) জমা দেওয়ার মাধ্যমে বৈদেশিক মুদ্রা ভাঙানোর ক্ষেত্রে ‘ওডি সাইট’ বিনিময় হার ব্যবহার হয়ে থাকে।
নাম প্রকাশ না করার শর্তে একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডলারের বাজারে সত্যিই অস্থিরতা দেখা দিয়েছে। হঠাৎ করে আমদানি খরচ বেড়ে যাওয়ার কারণেই আসলে এমনটা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক নানা পদক্ষেপ নিচ্ছে। আশা করি বাজার স্বাভাবিক হবে।”
