২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

‘অসাধারণ প্রতিভা’ তুনকারার উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন ফ্লিক

বার্সেলোনার এই বিস্ময়-বালক স্পেনের হয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দারুণ পারফর্ম করছেন।

‘অসাধারণ প্রতিভা’ তুনকারার উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন ফ্লিক

এব্রিমা তুনকারা ও হান্সি ফ্লিক। ছবি: বার্সেলোনা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 07:56 AM

Updated : 29 Nov 2026, 07:56 AM

স্পেনের হয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ মাতানো এব্রিমা তুনকারাকে নিয়ে দারুণ উচ্ছ্বসিত হান্সি ফ্লিক। ১৬ বছর বয়সি এই ফুটবলারকে অসাধারণ প্রতিভা হিসেবে উল্লেখ করেছেন বার্সেলোনা কোচ। তার মতে, কাতালান ক্লাবটিতে তুনকারার উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।

কাতারে চলমান অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেন তুনকারা। চীনের বিপক্ষে স্পেনের ৫-০ ব্যবধানে জয়ের ম্যাচে সরাসরি ফ্রি-কিক থেকে চমৎকার একটি গোল করেন তিনি। এছাড়া ৩০ মিটার দৌড়ে তিন খেলোয়াড়কে পরাস্ত করে একটি গোলে সহায়তা করেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

তবে ফিজির বিপক্ষে ১৫-০ গোলে জয়ের ম্যাচে তাকে খেলানো হয়নি, কারণ ওই ম্যাচের দলে বেশ কিছু পরিবর্তন আনে স্পেন। শুক্রবার মরক্কোর বিপক্ষে ম্যাচে তিনি দলে ফেরেন এবং ২-০ ব্যবধানের জয়ে প্রথম গোলটি করেন। টানা তিন জয়ে শেষ বত্রিশে পৌঁছে যায় স্পেন।

গত মৌসুমে প্রথমবার তুনকারাকে বার্সেলোনার সিনিয়র দলের সঙ্গে অনুশীলনের জন্য ডাকেন ফ্লিক। লা লিগায় দেপোর্তিভোর বিপক্ষে ম্যাচের আগে শনিবার সংবাদ সম্মেলনে জার্মান কোচ বলেন, এই কিশোরের উন্নতি নিয়ে তার অনেক আশা রয়েছে।

“আমার মতে, এব্রিমা (তুনকারা) অসাধারণ প্রতিভা। গত মৌসুমে যখন সে আমাদের সঙ্গে অনুশীলন করেছিল, তখন আমরা তা দেখেছি এবং এই বছরের প্রাক-মৌসুমেও দেখেছি। সে চমৎকার খেলোয়াড়, অসাধারণ প্রতিভা।

“আমি খুব বেশি কিছু বলতে চাই না, তবে আমার মনে হয়, এই ক্লাবে তার উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।”

পশ্চিম আফ্রিকার ছোট দেশ গাম্বিয়ায় জন্ম তুনকারার। ৭ বছর বয়সে তিনি পরিবারের সঙ্গে কাতালুনিয়ায় চলে আসেন। আট বছর বয়সে যোগ দেন বার্সেলোনার একাডেমি লা মাজিয়ায়।

অনেক দিন ধরেই তাকে স্প্যানিশ ফুটবলের সেরা প্রতিভাদের একজন হিসেবে বিবেচনা করা হয় এবং ভবিষ্যতের উদীয়মান তারকা হিসেবে দেখা হয়।

ফ্লিকও দীর্ঘদিন ধরে এই তরুণে মুগ্ধ। এবার প্রাক-মৌসুমে বার্মিংহাম সিটি, উদিনেজে এবং এফসি বাসেলের বিপক্ষে ম্যাচে তাকে খেলান বার্সেলোনা কোচ।

সম্প্রতি লা লিগায় আতলেতিকো মাদ্রিদ ও আলাভেসের বিপক্ষে ম্যাচে তুনকারা বেঞ্চে ছিলেন, যদিও কোনোটিতেই মাঠে নামার সুযোগ পাননি।

এখনও বার্সেলোনার হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেকের অপেক্ষায় আছেন তুনকারা।