১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগে ফেভারিট বার্সেলোনা? ফ্লিক বললেন, ‘পথটা অনেক দীর্ঘ’

মৌসুমে দারুণ শুরুর পর ধাপে ধাপে এগোনোর কথা বললেন বার্সেলোনা কোচ।

চ্যাম্পিয়ন্স লিগে ফেভারিট বার্সেলোনা? ফ্লিক বললেন, ‘পথটা অনেক দীর্ঘ’

হান্সি ফ্লিক। ছবি: বার্সেলোনা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Oct 2026, 12:09 AM

Updated : 13 Oct 2026, 12:09 AM

এবারের চ্যাম্পিয়ন্স লিগে প্রাথমিক পর্বে কেবল একটি রাউন্ড শেষ হয়েছে। তবে এখনই অনেকে শিরোপা জয়ের দাবিদার হিসেবে দেখছে বার্সেলোনাকে। স্প্যানিশ চ্যাম্পিয়নদের কোচ হান্সি ফ্লিক মনে করিয়ে দিলেন, শেষ ধাপে পৌঁছাতে এখনও পাড়ি দিতে হবে দীর্ঘ পথ।

এই মৌসুমে সব প্রতিযোগিতায় এখন পর্যন্ত বার্সেলোনার শুরুটা হয়েছে দুর্দান্ত। লা লিগায় আট ম্যাচের সবকটি জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে গত দুইবারের শিরোপা জয়ী দলটি। এই আট ম্যাচে তারা গোল করেছে মোট ৩৪টি।

চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে ফ্লিকের দল ৫-১ গোলে বিধ্বস্ত করে ডাচ ক্লাব ফাইনর্টকে। জয়ের ধারা ধরে রাখার লক্ষ্যে মঙ্গলবার তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের মাঠে খেলবে তারা।

আগের দিন সংবাদ সম্মেলনে ফেভারিট প্রসঙ্গে ফ্লিক জোর দিয়ে বলেন, ইউরোপ সেরার এই প্রতিযোগিতায় এখনও অনেক পথ বাকি।

“এই অবস্থানে থাকতে পারাটা সৌভাগ্যের বিষয়। আমরা খুবই কঠোর পরিশ্রম করেছি। আর আমার মতে, শেষ পর্যন্ত যাওয়ার পথটা অনেক দীর্ঘ।

“শুরুতে আমাদের যে মানসিকতা ছিল, সেই একই মানসিকতা নিয়ে প্রতিটি ম্যাচ খেলতে হবে। আমি শুধু জিততে চাই, আমরা সবাই এটাই চাই এবং এটাই আমাদের লক্ষ্য। আর ছেলেরা ফুটবল খেলাটা কতটা উপভোগ করছে, তা দেখে আমি সত্যিই খুশি।”

দল আগের চেয়ে বেশি ক্ষুধার্ত কি না, এমন প্রশ্নের উত্তরে ফ্লিক বলেন, “অবশ্যই, আমাদের মধ্যে সেই ক্ষুধা আছে…তাদের অনেকেই বিশ্বকাপ জিতেছে এবং তাদের মধ্যে এখনও সেই ক্ষুধা আছে কি না-হ্যাঁ, আছে। আমাদের ভক্তদের জন্য, পরিবারের জন্য কাজ করতে হবে… এটা কঠিন এবং পথটা দীর্ঘ।”

বার্সেলোনা তাদের পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির সবশেষটি জিতেছে ২০১৫ সালে।