২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় ‘আকভান’: বৃষ্টিতে নুয়ে পড়েছে আমন, পানিতে ডুবেছে সবজি

চাঁদপুরে ধান, ভুট্টা ও মৌসুমি সবজিসহ ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 09:32 PM

Updated : 22 Nov 2026, 09:32 PM

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে চাঁদপুরে আমন ধান, ভুট্টা ও মৌসুমি সবজিসহ ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে; লোকসানের আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আবু তাহের বলেন, গত তিন দিনে জেলায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মৌসুমি সবজি আক্রান্ত হয়েছে।

“কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে জরিপ করছেন। তবে আক্রান্ত ফসলের বেশির ভাগই পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছি। জরিপে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি পাওয়া গেলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকারি প্রণোদনার জন্য সুপারিশ করা হবে।”

চাঁদপুর সদর ও মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নিচু জমিগুলোতে বৃষ্টির পানি জমে আছে। কোথাও সরিষা, ধনিয়া, লালশাক, পালংশাক ও মুলার চারা পানিতে ডুবে আছে; কোথাও কাদামাটিতে হেলে পড়েছে সবজির গাছ।

অন্যদিকে আমন ধানের জমিতে পানি জমে থাকায় ধান কাটতে বেগ পেতে হচ্ছে কৃষকদের।

বাগাদী গ্রামের কৃষক মোবারক বেপারী বলেন, “টানা বৃষ্টিতে শাক-সবজির পাশাপাশি আমন ধানেরও ক্ষতি হয়েছে। ধানের গাছ নুয়ে পড়েছে, জমিতে পানি জমে আছে। এখন ফসল ঘরে তোলা নিয়েই অনিশ্চয়তায় আছি।”

একই গ্রামের কৃষক আবুল কালাম আজাদ প্রায় দুই একর জমিতে ধনিয়া, লালশাক, পালংশাক ও মুলার আবাদ করেছেন।

তিনি বলেন, “অনেক সবজির গাছ নষ্ট হয়ে গেছে। কিছু জমিতে পানি জমে থাকায় নতুন করে আবাদ করতে হবে। এতে আবার বীজ, সার ও শ্রমিকের পেছনে টাকা খরচ করতে হবে। আগের বিনিয়োগের ক্ষতি তো রয়েছেই, নতুন করে চাষের খরচ জোগাড় করাও কঠিন হয়ে পড়বে।”

আমন ধান নিয়ে দুশ্চিন্তায় থাকা কৃষক মনসুর আহমেদ বলেন, “প্রায় এক একর জমিতে ধান চাষ করেছি। বৃষ্টিতে ধানের গাছ নুয়ে পড়ায় এখন ফসল কাটাই বড় চ্যালেঞ্জ। শ্রমিকের মজুরি দিতে গিয়ে উৎপাদিত ধানের বড় অংশের মূল্য চলে যেতে পারে। লাভের আশা তো দূরের কথা, লোকসান গুনতে হতে পারে।”

ঋণ করে সবজি আবাদ করা কৃষক আবুল বাসার বলেন, মাঠের প্রায় সব কৃষকই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকের সবজির ক্ষেত নতুন করে রোপণ করতে হবে এবং আমন ধানের গাছও নুয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সরকারি সহযোগিতা না পেলে ক্ষতি কাটিয়ে ওঠা কঠিন হবে বলে মনে করেন তিনি।