২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ট্রেনে ‘কেরোসিনজাতীয় পদার্থ ঢেলে’ আগুন দেওয়ার অভিযোগ

”ট্রেনটি দাঁড়ানো অবস্থায় একটু করে আগুন দেওয়া হয়েছিল,” বলেন প্রক্টর কামরুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 12:33 AM

Updated : 23 Nov 2026, 12:33 AM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে ‘কেরোসিনজাতীয় পদার্থ ঢেলে’ আগুন ধরিয়ে দেওয়ার কথা বলেছেন রেলওয়ের কর্মকর্তারা।

রোববার রাত ৮টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রেনটিতে আগুন দেখা যায়। ট্রেনটি রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।

নিজেকে প্রত্যক্ষদর্শী দাবি করে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাওসিফ হোসেন বলেন, "সামনের দিক থেকে তিন নম্বর বগিতে হালকাভাবে আগুন জ্বলতে দেখা যায়। ধারণা করা হচ্ছে কেরোসিন দিয়ে আগুন ধরানো হয়েছিল। পরে সেখানে কেরোসিনের বোতল এবং কয়েকটি সিটে কেরোসিন ছিটানো অবস্থায় দেখা যায়।

“ঘটনার পর কয়েকজন পুলিশ সদস্যও আসেন। পরে ওই শাটলে না গিয়ে এক নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা অন্য একটি শাটলে করে আমরা ক্যাম্পাসে এসেছি।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামরুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ”ট্রেনটি দাঁড়ানো অবস্থায় একটু করে আগুন দেওয়া হয়েছিল। পরে রেলওয়ে কর্তৃপক্ষ আগুন নিভিয়ে ফেলে। এতে কারও কোনো ক্ষতি হয়নি। কে বা কারা নাশকতার উদ্দেশ্যে এসব করে পালিয়ে গেছে। রেলওয়ে করো পরিচয় শনাক্ত করতে পারে নাই।”

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার বলেন, “কেউ কেরোসিনজাতীয় পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন বলে ধারণা করা হচ্ছে।

“আমাদের কর্মীরা তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলেন। রেলওয়ে পুলিশ তদন্ত করছে। সিসিটিভি ভিডিও দেখে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে।”