১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় ছাত্রশক্তির নেতা রাফির বাড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

রাফি জুলাইয়ের আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 09:41 PM

Updated : 19 Nov 2026, 09:41 PM

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে।

বুধবার রাত ৩টার দিকে উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন।

খান তালাত মাহমুদ রাফি জুলাইয়ের আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন।

রাফির অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন তার গ্রামের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছে। বাড়ির বিদ্যুতের মিটারের নিচে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে আগুন বাড়িতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়।

রাফি বলেন, ঘটনার সময় তার বাবা-মা বাড়িতে ঘুমিয়ে ছিলেন। পাশের বাড়ির এক নারী আগুন দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের লোকজন জেগে ওঠেন। পরে প্রতিবেশীদের সহায়তায় আগুন নেভানো হয়। এতে তার বাবা-মা রক্ষা পান।

ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, বুধবার রাত সাড়ে ৩টার দিকে কে বা কারা বাড়িটিতে আগুন দেওয়ার চেষ্টা করে। পরিবারের লোকজনের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এতে তেমন কোনো ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।