সাভারে বাসে ‘আগুন দেওয়ার চেষ্টা’, আটক ৬
“জব্দ করা বাসে হানিফ পরিবহনের স্টিকার লাগানো থাকলেও সেটি ওই পরিবহনের গাড়ি নয়,” বলেন ওসি মো. সাইফুল আলম।
ঢাকার সাভারে বাসে আগুন দেওয়ার চেষ্টা করার অভিযোগে ছয়জনকে আটক করার তথ্য দিয়েছে পুলিশ।
শুক্রবার রাতে ব্যাংক টাউন এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক থেকে তাদের আটক করা হয় বলে জানান সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম।
তিনি বলেন, নাশকতাকারীরা সন্ধ্যার পর থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে মশাল মিছিল করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছিল। রাত ৯টার দিকে তারা ব্যাংক টাউন এলাকায় বাসে আগুন দেওয়ার চেষ্টা করলে পুলিশ ও ডিবি যৌথ অভিযান চালিয়ে বাসসহ ছয়জনকে আটক করে।
ওসি বলেন, জব্দ করা বাসে 'হানিফ পরিবহনের' ব্যানার বা স্টিকার লাগানো থাকলেও সেটি হানিফ পরিবহনের বাস নয়। পুলিশকে বিভ্রান্ত করতে এবং নির্বিঘ্নে নাশকতা চালাতেই বাসটিতে ওই পরিবহনের নাম ব্যবহার করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যের মধ্যে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মী থাকার কথা বলেছে পুলিশ।
