১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

রাতের চট্টগ্রামে দুই বাসে আগুন

“আমরা আশেপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি; এসব ঘটনার সাথে কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 01:07 PM

Updated : 10 Nov 2026, 01:07 PM

চট্টগ্রাম নগরীতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

সোমবার গভীররাতে ও মঙ্গলবার ভোরে নিউ মনসুরাবাদ ও নগরীর সাগরিকা এলাকায় বাস দুটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ভোরে পাহাড়তলী থানার সাগরিকা শফি মটরস এলাকায় এবং রাত তিনটার দিকে আকবর শাহ থানার নিউ মনসুরাবাদ এলাকায় সড়কের পাশে রাখা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে বাস দুটির আগুন নেভায়।

নগর পুলিশের সহকারী কমিশনার (পাহাড়তলী জোন) রুহুল আমিন লাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্বৃত্তরা দুইটি বাসে আগুন দিয়েছে। আমরা আশেপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি।”

এসব ঘটনার সঙ্গে কারা জড়িত, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।