২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ও আশুলিয়ায় দাঁড় করিয়ে রাখা ২ বাসে আগুন

বাস দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 12:39 PM

Updated : 29 Nov 2026, 12:39 PM

ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক দুটি স্থানে দাঁড় করিয়ে রাখা দুটি বাসে আগুনের ঘটনা ঘটেছে।

শনিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এবং আশুলিয়ার নয়ারহাট কোহিনুর গেট বেলতলা এলাকায় এসব ঘটনা ঘটে।

পৃথক এই দুটি অগ্নিসংযোগের ঘটনায় বাস দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, শনিবার রাত পৌনে ৯টার দিকে নয়ারহাট কোহিনুর গেট বেলতলা এলাকায় একটি গ্যারেজে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন জ্বলতে দেখেন পথচারীরা।

তাৎক্ষণিকভাবে তারা ধামরাই ফায়ার সার্ভিসকে খবর দেন এবং নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন জানান, আগুনের খবর পেয়ে তাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসটি মেরামতের জন্য ওই গ্যারেজে রাখা ছিল বলে জানা গেছে।

অপরদিকে রাত ১২টার দিকে বলিয়ারপুর এলাকায় সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা শ্যামলী পরিবহনের গ্যারেজের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। মুহূর্তেই আগুন বাসটিতে ছড়িয়ে পড়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানিয়েছেন।

তিনি বলেন, “দুর্বৃত্তরা বাসটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাসের ভেতরে সম্পূর্ণ পুড়ে যায়।”