১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

গাজীপুরে দাঁড়িয়ে থাকা আরেক বাসে অগ্নিসংযোগ

সন্ধ্যায় আজমেরি গ্লোরী পরিবহনের বাসে এবং রাত ১১টার হাজীবাড়ী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কের পাশে কভার্ডভ্যানে আগুন দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 12:24 PM

Updated : 10 Nov 2026, 12:24 PM

গাজীপুরের হোতাপাড়ায় দাঁড় করিয়ে রাখা আরো এক বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এনিয়ে গাজীপুরে একরাতে তিনটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।

জয়দেবপুর থানার হোতাপাড়ার মনিপুর এলাকার শ্যামলী মোড়ে রাস্তার পাশে রাখা বাসটিতে মঙ্গলবার ভোর ৫টার দিকে আগুন দেয়া হয় বলে জানিয়েছেন রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ আবুল সায়েম মাসুম।

স্থানীয়দের বরাতে তিনি জানান, বাসটিতে কারখানার শ্রমিক আনা-নেয়া করা হয়। মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে কে বা কারা ওই বাসে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে সোমবার রাত ১১টার দিকে জেলার চন্দ্রা-নবীনগর মহাসড়কের হাজীবাড়ী এলাকায় একটি কভার্ডভ্যানে আগুন দেওয়া হয়।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, হাজীবাড়ী এলাকায় চন্দ্রা—নবীনগর সড়কের পাশে কভার্ডভ্যানটি দাঁড়িয়ে ছিল। রাত ১১টার দিকে হঠাৎ ভ্যানের সামনের অংশ থেকে আগুন ও কালো ধোঁয়া উড়তে দেখেন পথচারীরা।

তাদের চিৎকারে লোকজন জড়ো হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে পাশাপাশি কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করেন।

এর আগে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার চন্দ্রা ত্রিমোড়ের কাজলী ফার্ম এলাকায় আজমেরি গ্লোরী নামে একটি বাসে কে বা কারা আগুন দেয়। একের পর এক গাড়িতে এভাবে আগুন দেওয়ায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, আগুনের ঘটনায় কারা জড়িত সে বিষয়ে তদন্ত চলছে।