এবার রামপুরায় বাসে আগুন
রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে বাসটিতে আগুন লাগে, বলেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান মিয়া।
ঢাকার মহাখালী, পল্লবী ও বাড্ডার পর এবার রামপুরায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে রাইদা পরিবহনের বাসে আগুন লাগার তথ্য দিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান মিয়া।
তিনি বলেন, একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি ও যানবাহন পোড়ানোর মধ্যে রাত পৌনে ৯ টার দিকে ঢাকার পল্লবীতে মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
এরপর সাড়ে ৯ টার দিকে মহাখালী তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে এবং রাত সাড়ে ১০ টার দিকে বাড্ডায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
