নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন
পুলিশ জানায়, বাসের যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কেউ হতাহত হননি।
নারায়ণগঞ্জের সোনারগাঁয় উপজেলায় একটি যাত্রীবাহী বাস ও খড়বোঝাই একটি ট্রাকে আগুন দেওয়া হয়েছে।
এতে বাসটি পুরোপুরি পুড়ে গেছে। ট্রাকে থাকা সব খড়ও পুড়ে ছাই হয়েছে। তবে বাসের যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কেউ হতাহত হননি।
বৃহস্পতিবার ভোরে ও সকালে কয়েক ঘণ্টার ব্যবধানে এ দুটি ঘটনা ঘটে বলে জানিয়েছেন সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর ঢালে ‘মামা ভাগিনা পরিবহন’ নামের বাসটিতে আগুন দেওয়া হয়। বাসটি রাজধানীর সায়েদাবাদ থেকে গৌরীপুর যাচ্ছিল। পথে কাঁচপুর সেতুর কাছে যাত্রী তোলার সময় যাত্রীবেশে কয়েকজন বাসটির পেছনে আগুন দিয়ে পালিয়ে যায়। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ সময় যাত্রীরা দ্রুত নেমে যান।
খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের-বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভান। তবে ততক্ষণে বাসটি পুড়ে যায়। পরে রেকার দিয়ে বাসটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি জুয়েল রানা বলেন, বাসটিতে আগুন দেওয়া হয়েছে। তবে কোনো যাত্রী হতাহত হননি। পুড়ে যাওয়া বাসটি সরিয়ে নেওয়া হয়েছে।
এর আগে ভোরে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় এশিয়ান হাইওয়ের পাশে দাঁড়িয়ে থাকা একটি খড়বোঝাই ট্রাকে আগুন দেওয়া হয়। এতে ট্রাকে থাকা সব খড় পুড়ে যায়।
ট্রাকটির চালক ও সহকারী দিনাজপুর থেকে খড় নিয়ে এসেছিলেন। ভোররাত সাড়ে ৩টার দিকে খড় নামানোর অপেক্ষায় তারা ট্রাকটি সড়কের পাশে রেখে ঘুমিয়ে পড়েন।
সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক বলেন, ভোর সাড়ে ৫টার দিকে এক নারী পথচারী ট্রাকে আগুন দেখতে পেয়ে চালককে ডেকে তোলেন। ওই নারীর ভাষ্য অনুযায়ী, এর কিছুক্ষণ আগে মোটরসাইকেলে আসা তিনজন ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়।
পরে চালক ট্রাকটি প্রায় ১৫০ গজ সামনে নিয়ে যান। সড়কের পাশের পানিতে জ্বলন্ত খড় ফেলে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ওসি জানান, ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
