১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

মসজিদে ‘মারধর-চুরি’: বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে

তাকে বুধবার সন্ধ্যার পর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মসজিদে ‘মারধর-চুরি’: বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে

আদালতে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 05:45 PM

Updated : 19 Nov 2026, 05:45 PM

প্রবাস ফেরত এক ব্যবসায়ীকে বায়তুল মোকাররমে মারধরসহ ৩০ হাজার টাকা চুরির মামলায় মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান এ তথ্য দিয়েছেন।

বুধবার সন্ধ্যার পর রুহুল আমিনকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিরিয়াস ক্রাইম শাখার ইন্সপেক্টর হাবিবুর রহমান।

২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বায়তুল মোকাররমের খতিব ছিলেন। ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

Image

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন।

চব্বিশের ৫ অগাস্টে পটপরিবর্তনের পর ওই বছরের ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে তার অনুসারী ও বিরোধীদের মধ্যে বায়তুল মোকাররম মসজিদের ভেতরে সংঘর্ষ হয়। এর দুদিন পর ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্তে তিনি বায়তুল মোকাররমের খতিব পদ হারান।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা রুহুল আমিনের বাবা 'ছদর ছাহেব হুজুর' খ্যাত মাওলানা শামছুল হক ফরীদপুরী। তিনি গওহরডাঙ্গা মাদ্রাসার অধ্যক্ষ এবং কওমি মাদ্রাসাগুলোর অন্যতম বোর্ড গওহরডাঙ্গার (বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা) সভাপতি ছিলেন।

পাশাপাশি তিনি কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ সনদের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’ এর সদস্য ছিলেন।

২০১৮ সালের নভেম্বরে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'কওমি জননী' উপাধি দিয়ে আলোচনায় আসেন রুহুল আমিন। পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি।