আওয়ামী লীগের কর্মকাণ্ড ‘ধৈর্যের সীমা’ ছাড়াচ্ছে: রিজভী
“যারা জনকল্যাণে ও দেশের মানুষের জন্য কাজ করেন, তারা কখনও দেশ ছেড়ে পালিয়ে যান না।”
দেশে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টিকারী ‘পঞ্চম বাহিনী’কে আর কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, “প্রথম থেকে আমরা ধৈর্যের সীমার মধ্যে থেকে বিষয়গুলো দেখছিলাম। কিন্তু তাদের (আওয়ামী লীগের) কর্মকাণ্ড ধৈর্যের সীমা অতিক্রম করে যাচ্ছে।
“তাদের সর্বনাশা সন্ত্রাসের পরিকাঠামো ভেঙে দেওয়া হবে। সরকারও এ বিষয়ে অত্যন্ত তৎপর।”
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, “অগণতান্ত্রিক বা অমানবিক পন্থায় নয়, বরং জনগণের সম্মিলিত শক্তির মাধ্যমে এদের পথে পথে প্রতিহত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।”
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, ৫ অগাস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ‘পরাজিত শক্তি’ বিদেশে বসে অর্থ ও মদদ দিয়ে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে। তারা পুলিশের বক্স ও গাড়িতে আগুন দেওয়া, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ এবং মানুষ হত্যার মতো কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, “গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। এখানকার লাখ লাখ মানুষ দেশপ্রেমিক। সাবেক আমলের কিছু সুবিধাবাদী লোক গোপালগঞ্জকে সন্ত্রাসের পশ্চাৎভূমি হিসেবে ব্যবহার করতে চাইছেন, কিন্তু তা আর সম্ভব হবে না।
“খানে আমাদের নেতা সেলিমুজ্জামান সেলিম ও স্থানীয় সংসদ সদস্য জিলানীর বাড়ি পুড়িয়ে তছনছ করা হয়েছে। এ ছাড়া ভাঙ্গায় রাজু মোল্লা এবং নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জাসাসের নেতাকে হত্যা করা হয়েছে।”
আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর অডিও ফাঁসের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ফ্যাক্ট-চেকের মাধ্যমে সত্য বলে প্রমাণিত হয়েছে, যেখানে সাবেক মন্ত্রী মোজাম্মেল হক প্রতিটি ইউনিয়নে বিএনপির নেতাদের তিনটি করে বাড়ি পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
“এই ‘পঞ্চম বাহিনী’র বিরুদ্ধে দেশের সব দেশপ্রেমিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ।”
পঞ্চম বাহিনী বলতে এমন ব্যক্তি বা গোষ্ঠীকে বোঝায়, যারা কোনো দেশের ভেতরে অবস্থান করে গোপনে সরকার, রাষ্ট্র বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাজ করে এবং শত্রুপক্ষ বা বিদেশি শক্তিকে সহায়তা করে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যারা জনকল্যাণে ও দেশের মানুষের জন্য কাজ করেন, তারা কখনও দেশ ছেড়ে পালিয়ে যান না। যারা রাষ্ট্রক্ষমতায় থেকে দেশের সম্পদ লুটপাট, গুম ও খুনের রাজনীতি করেছেন, তারাই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।
“রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নানা চাপ ও হুমকি দেওয়া হলেও তারা কখনো দেশ ছেড়ে যাননি। অথচ পালিয়ে যাওয়া ব্যক্তিরা বিদেশে ফ্ল্যাট, দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং দেশে টোকাইদের টাকা দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছেন।”
ডিসেম্বর মাসের কর্মসূচি
সংবাদ সম্মেলনে বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে মাসব্যাপী দলীয় ও রাষ্ট্রীয় কর্মসূচির কথা তুলে ধরেন রুহুল কবির রিজভী।
তিনি জানান, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে বিএনপি।
বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ‘যথাযোগ্য মর্যাদায়’ পালনের কর্মসূচি নেওয়া হবে বলে জানান তিনি।
দীর্ঘ সংগ্রাম ও নির্বাসনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরাকে স্বদেশ প্রত্যাবর্তন হিসেবে বিএনপি উদযাপন করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ এমপি, প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সাইয়েদুল আলম বাবুল, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নস।
