রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
পরে কলেজ মোড়ের দোয়েল চত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনার অভিযোগ তুলে এর প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নেতাকর্মীরা।
বুধবার সকালে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ মোড়ের দোয়েল চত্বরে গিয়ে তা শেষ হয় এবং সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে সমাবেশে সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, রুহুল কবির রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ মাধ্যমে ফ্যাসিস্ট শক্তিগুলো এখনো সক্রিয় থাকার প্রমাণ দিচ্ছে। দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সমাবেশ থেকে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। কর্মসূচিতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
