‘সুষ্ঠু’ নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টায় জামায়াত: রিজভী
“জনগণ এখন সচেতন, অপপ্রচার চালিয়ে তারা সফল হতে পারবে না।”
তথ্য-প্রমাণ ছাড়া একটি ‘সুষ্ঠু’ নির্বাচনকে জামায়াতে ইসলামীর নেতারা প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের তোলা অভিযোগের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার এ মন্তব্য করেন তিনি।
এদিন বিকালে ঢাকার ডেমরায় বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন আহমেদ ও সাবেক কাউন্সিলর বাদল সরদারের স্মরণ অনুষ্ঠানে কথা বলছিলেন রিজভী।
অনুষ্ঠানের পর রিজভীর প্রেস টিম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত তুলে ধরা হয়।
জামায়াতের রাজনৈতিক ভূমিকা নিয়ে সমালোচনা করে রিজভী বলেন, বিগত দিনের নির্বাচন বা চলমান রাজনৈতিক প্রক্রিয়ায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা নাম উল্লেখ না করে শেষ মুহূর্তে এসে মনগড়া অনিয়মের অভিযোগ তোলা হচ্ছে।
“উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচনকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করাই তাদের প্রধান লক্ষ্য। কিন্তু জনগণ এখন সচেতন, অপপ্রচার চালিয়ে তারা সফল হতে পারবে না।”
সালাউদ্দিন আহমেদের স্মৃতিচারণ করে রিজভী বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলের দীর্ঘ ১৭ বছর ধরে চলা আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন একজন আপসহীন ও আদর্শবান সিপাহসালার।
