২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের রাজনীতির ইতিহাস আত্মসমর্পণের: রিজভী

বিরোধী দল আন্দোলন করলে বিএনপিও ঘরে বসে থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

জামায়াতের রাজনীতির ইতিহাস আত্মসমর্পণের: রিজভী

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার ঢাকা আইনজীবী সমিতিতে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Nov 2026, 09:21 PM

Updated : 02 Nov 2026, 01:04 AM

জামায়াতে ইসলামীর আমিরের ‘আরেকটি বিপ্লব দরজায় টোকা দিচ্ছে’ বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

জামায়াত আমিরের উদ্দেশে তিনি বলেন, “বিপ্লবের কথা বলেন? আপনাদের রাজনীতির ইতিহাসতো আত্মসমর্পণের ইতিহাস, স্বৈরশক্তির কাছে নতজানু হওয়ার ইতিহাস। মানুষ ১৯৯৫, ১৯৯৬ সালের কথা ভুলে যায়নি।

“অন্যের কাছে নিজের সার্বভৌমত্ব বিকিয়ে দেন। আপনাদের রাজনীতির ইতিহাস, কৃতদাসের ইতিহাস। একদিকে পরাজিত শক্তি আওয়ামী ফ্যাসিবাদী শক্তি, অন্যদিকে নতুন একটি শক্তি। তারা পরাজিত শক্তির সঙ্গে গোপন সম্পর্ক রেখে কাজ করার চেষ্টা করছে।”

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার ঢাকা আইনজীবী সমিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলছিলেন তিনি।

রিজভী বলেন, গত ১৭ বছর রাজপথে ছিল বিএনপি। এখনকার বিরোধী দল (জামায়াত) গণতন্ত্রের জন্য লড়েছে। কিন্তু এখন তাদের ভূমিকা বিস্ময়কর। উসকানি দিয়ে কথা বলছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের প্রথম দিন থেকেই কাজ করে যাচ্ছেন। বিভিন্ন ধরনের কার্ড দিচ্ছেন।

“অর্থনীতিবিদরা বলছেন, এর ফলে দারিদ্র যে পরিমাণে হওয়ার কথা, তার চেয়ে ৫ শতাংশ কমে যাবে। আর আপনারা বলছেন জুলাই সনদ, গণভোট বাস্তবায়ন করতে হবে। আমরা তো মানবো না এটা বলিনি। তবে সেখানে কিছু নোট অব ডিসেন্ট আছে। আলোচনার টেবিলে বসে সমাধান হবে, লংমার্চ করে নয়।”

রাজপথ অবরোধের মধ্য দিয়ে আলোচনায় বসতে হবে, দাবি মেনে নিতে হবে, না হলে এক দফা দাবি আসবে বলে জামায়াত আমির শফিকুর রহমানের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, “কাকে ভয় দেখান? ১৭ বছর আন্দোলন, নিপীড়ন সহ্য করে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। আপনারা আন্দোলন করলে কি আমরা ঘরে বসে থাকব?”

পোশাক শ্রমিকদের হঠাৎ রাস্তায় নামিয়ে ‘অস্থিরতা’ তৈরি করা হচ্ছে দাবি করে এই বিএনপি নেতা বলেন, “তারেক রহমান একের পর এক দেশে গিয়ে বিনিয়োগের প্রতিশ্রুতি নিয়ে আসছেন। দেশকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য তারেক রহমান যে উদ্যোগ নিয়েছেন, সেটিকে বাধাগ্রস্ত করার চক্রান্ত চলছে। এসব পদক্ষেপকে অগ্রাহ্য করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। গাড়িতে আগুন, বাসে আগুন, পুলিশ বক্সে আগুন এবং পুলিশের ওপর হামলার ঘটনা ঘটছে। প্রত্যেকটি ঘটনাস্থল থেকে যাদের আটক করা হচ্ছে, তাদের যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে।

“আজও ১১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। ওই ব্যক্তি নিজেই ফেইসবুকে পোস্ট দিয়ে আন্দোলনের মধ্যে থেকে এসব কাজ করার কথা জানিয়েছেন।”

তারেক রহমানের সামাজিক সুরক্ষা পরিকল্পনার কথাও বক্তব্যে তুলে ধরেন রুহুল কবির রিজভী।

আওয়ামী লীগের সময়কার বিচার বিভাগের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব টানা ৩৫ দিন তাকে রিমান্ডে দেওয়ার তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বলেন, আদালতে কোনো বিচারক সম্মান করে তাকে বসতে দিয়েছিলেন। আবার কেউ কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখেছিলেন।

বিচারকদের কেউ কেউ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়েও বড় আওয়ামী লীগার ছিলেন বলে অভিযোগ করেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবুল কালাম খান, সাবেক সভাপতি খোরশেদ আলম মিয়া, ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী, সাবেক সভাপতি বোরহান উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটির সদস্য সচিব নিহার হোসেন ফারুক, উলতুৎমিশ সওদাগর এ্যানিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।