কার সঙ্গে কার ঐক্য
প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে জাতীয় ঐক্যের বিষয়টি নতুন করে সামনে এসেছে, যে ঐক্যর কথা চব্বিশের অভ্যুত্থানের পরে গঠিত অন্তর্বর্তী সরকারের আমলে বহুবার উচ্চারিত হয়েছে।
জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ফিরে আসা ঠেকাতে জাতীয় সংসদে যেদিন (১৮ নভেম্বর) জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার তিন দিনের মাথায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রাজধানীতে ১১ দলীয় ঐক্যের সমাবেশে বলেন, “গণভোটের রায় না মেনে সরকার ফ্যাসিবাদবিরোধী ঐক্যে বিভাজন তৈরি করছে। ঐক্য ভেঙে গেলে এর দায় সরকারকে নিতে হবে।” জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য তৈরি হবে না, এমন মন্তব্য করে পরওয়ার বলেন, সরকার গণভোটের রায় মেনে নিলে রাজপথে লড়াই করে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকিয়ে দেবে জামায়াত।
এর আগে ১৮ নভেম্বর সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে আবারও তাবেদারি রাষ্ট্রে পরিণত করতে এই সন্ত্রাসী গোষ্ঠী, যারা দেশে-বিদেশে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত হয়েছে, তারা আবার দেশ ও জনগণের বিরুদ্ধে সন্ত্রাসে লিপ্ত হয়েছে। সুতরাং কথা একটাই, দেশে পতিত, পরাজিত ও বিতাড়িত অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং দেশকে তাবেদারি রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে এই মুহূর্তে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে চব্বিশের মতো এক মঞ্চে এসে দাঁড়াতে হবে।
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরে জাতীয় ঐক্যের বিষয়টি নতুন করে সামনে আসে, যে ঐক্যের কথা চব্বিশের অভ্যুত্থানের পরে গঠিত অন্তর্বর্তী সরকারের আমলে বহুবার উচ্চারিত হয়েছে। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পরে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য মুহাম্মদ ইউনূস যেদিন দেশে এলেন, সেদিন বিমানবন্দরে তিনি গণমাধ্যমের ক্যামেরার সামনে বলেছিলেন, “আমরা একটা পরিবার। আমাদের নানা মত, ধর্ম, রীতিনীতি থাকবে, কিন্তু আমরা সবাই একটা পরিবারের সদস্য।” এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে প্রধান করে গঠন করা হয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন এবং যাদের উদ্যোগে প্রণীত জুলাই জাতীয় সনদকে রাজনৈতিক ঐকমত্যের দলিল বলে দাবি করা হয়েছিল। কিন্তু পরে দেখা গেল, জুলাই সনদ তথা সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য গড়ে ওঠেনি, বরং কিছু কিছু জায়গায় রাজনৈতিক বিভাজন বেশ স্পষ্ট ছিল। এমনকি জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে বিএনপি ‘অন্তহীন প্রতারণার দলিল’ বলে অভিহিত করে।
এরকম বাস্তবতায় আওয়ামী লীগ প্রশ্নে আবারও রাজনৈতিক ঐক্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন হলো, কার সঙ্গে কার ঐক্য? এই ঐক্য কি এক পক্ষকে নির্মূল করার জন্য আরেক পক্ষের ঐক্য? যদি তাই হয়, তাহলে সেটিকে কি জাতীয় ঐক্য বলা যাবে?
বাংলাদেশে জাতীয় ঐক্যের ধারণাটি অবশ্য নতুন নয়। এরশাদের পতনের পরে ১৯৯১ সালে সংসদীয় ব্যবস্থাপনায় প্রত্যাবর্তন এবং ছিয়ানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে যে রাজনৈতিক ঐক্য হয়েছিল, পরবর্তী সময়ে আর কোনো বিষয়ে এরকম জাতীয় ঐক্য হয়নি। কিন্তু এখন যে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে, সেটি মূলত একটি রাজনৈতিক গোষ্ঠীর ফিরে আসা ঠেকাতে সরকারি ও বিরোধী দলের ঐক্য। আবার প্রধানত যে দলগুলোর মধ্যে ঐক্যের কথা বলা হচ্ছে, ওই ঐক্য আগে থেকেই ছিল। অর্থাৎ চব্বিশের জুলাই অভ্যুত্থানে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে যে রাজনৈতিক ঐক্য ছিল, ওই ঐক্যই ফিরিয়ে আনার কথা বলা হচ্ছে। তার মানে চব্বিশের ঐক্যে ফাটল ধরেছে? ফাটল যে ধরেছে, সেটি জামায়াত ও এনসিপির কথায় স্পষ্ট। কেননা তারা মনে করে, বিএনপি সংস্কারের ধারণা থেকে সরে গেছে। সবশেষ গোলাম পরওয়ারও অভিযোগ করেছেন, “গণভোটের রায় না মেনে সরকার ফ্যাসিবাদবিরোধী ঐক্যে বিভাজন তৈরি করছে।”
যদিও গণভোটের রায় মানা ও না মানার বিষয়ে বিএনপির অবস্থান ও ব্যাখ্যা ভিন্ন। তাদের দাবি, তারা জুলাই সনদ বাস্তবায়নে আন্তরিক এবং জুলাই সনদের আলোকেই সংবিধান সংশোধন হবে। আবার সংবিধানের সংশোধন না সংস্কার; সংবিধান সংশোধনে বিশেষ কমিটি নাকি সংবিধান সংস্কার পরিষদ, তা নিয়েও সরকারি ও বিরোধী দলের মধ্যে বিভাজন স্পষ্ট। সুতরাং এসব বিভাজন রেখে কি তাহলে আওয়ামী লীগ প্রশ্নে সরকারি ও বিরোধী দল ঐক্যবদ্ধ হবে? যদি হয়, তাহলে ওই ঐক্যের ধরন কী হবে? আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি-জামায়াত-এনসিপি এবং সমমনা অন্য দলগুলো রাজপথে নামবে? কোন প্রক্রিয়ায় এই ঐক্য হবে এবং কী কী শর্ত থাকবে?
অতীতে বিএনপি ও জামায়াতের মধ্যে যে রাজনৈতিক ও নির্বাচনি জোট বা ঐক্য ছিল, এবারের ঐক্য নিশ্চয়ই সেরকম হবে না। কেননা এবারের উদ্দেশ্য ভিন্ন। এবারের ঐক্যের ধরন কেমন হবে, তা জানতে চেয়েছিলাম জামায়াতের একজন তরুণ সংসদ সদস্যের কাছে। উত্তরে ওই সংসদ সদস্য জানান, তিনি এবং তার নির্বাচনি এলাকার বিএনপির পরাজিত প্রার্থী একসঙ্গে স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন এবং তাদের স্পষ্ট বার্তা দিয়েছেন যে, কোনো ধরনের নাশকতা বরদাশত করা হবে না। আবার অন্যায়ভাবে কাউকে গ্রেপ্তারও করা যাবে না। অর্থাৎ নাশকতা প্রতিরোধে নিজ নির্বাচনি এলাকায় তিনি তার দল এবং বিএনপির নেতাদের সঙ্গে যেভাবে কাজ করছেন, অন্য আসনগুলোয়ও একইভাবে সরকারি ও বিরোধী দলের এমপিরা সমন্বয়ের সঙ্গে কাজ শুরু করে দিয়েছেন বলে তিনি জানান। তবে বৃহত্তর রাজনৈতিক ঐক্য হতে গেলে সেখানে আরেক বিরোধী দল এনসিপি এবং সংসদে ও সংসদের বাইরে থাকা অন্য দলগুলোর ভূমিকা কী হবে এবং তারা কীভাবে এই ঐক্য প্রক্রিয়ায় অংশ নেবে, সেটি সম্ভবত এখনই স্পষ্ট নয়।
যখনই দেশ বড় কোনো সংকটে পড়ে এবং রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজনীয়তা সামনে আসে, তখন বলা হয়, কার সঙ্গে কার ঐক্য? অর্থাৎ মত ও আদর্শের পার্থক্য নিয়েও যে দেশের প্রশ্নে কিছু মৌলিক বিষয়ে একমত হওয়া যায় বা হওয়া উচিত, ওই জায়গাটিতেও বিরাট শূন্যতা রয়ে গেছে। তবে এটা ঠিক যে, মতানৈক্যসহও ঐক্য হতে পারে। রাজনৈতিক মতভেদ, ভিন্ন চিন্তা, ভিন্ন ধর্ম ও আদর্শের মানুষেরা একই প্ল্যাটফর্মে বসে সম্মিলিতভাবে যখন সিদ্ধান্ত নিতে পারেন, তখনই কেবল জাতীয় স্বার্থ রক্ষা করা সম্ভব। যিনি যে দলের, যে ধর্মের, যে অঞ্চলের কিংবা আদর্শের মানুষই হোন না কেন, দেশ ও মানুষের স্বার্থে তিনি নিরাপস থাকবেন, এটিই কাঙ্ক্ষিত। আবার ভিন্নমত পোষণ করলেই যে সব সময় সব মতামত গ্রহণ করা যায়, তাও নয়। নয় বলেই সারা পৃথিবীতেই ‘নোট অব ডিসেন্ট’ বলে একটা কথা আছে।
তবে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় অর্জন একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়েই রাজনৈতিকভাবে জাতীয় ঐক্য নেই। বরং মুক্তিযুদ্ধের নেতৃত্ব, স্বাধীনতার ঘোষণা এমনকি মুক্তিযুদ্ধে শহীদ ও ধর্ষিত নারীর সংখ্যা নিয়েও দেশের রাজনৈতিক দলগুলো দ্বিধাবিভক্ত। এই যুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে বলে যে ইতিহাস প্রতিষ্ঠিত, তার বিপরীতে চব্বিশের জুলাই অভ্যুত্থানের পরে এমন বয়ানও হাজির করা হয়েছে যে, একাত্তরের মুক্তিযুদ্ধে দুই-তিন হাজারের বেশি মানুষ নিহত হয়নি। এমনকি বিজয়ের দু-দিন আগে বুদ্ধিজীবী হত্যার পেছনে ভারত দায়ী, এমন দাবিও করা হয়েছে। পৃথিবীর আর কোনো জাতি তার নিজের দেশের মুক্তিযুদ্ধ নিয়ে এমন দ্বিধাবিভক্ত কি না সন্দেহ আছে। সুতরাং যে দেশের মানুষ নিজেদের সবচেয়ে বড় অর্জন নিয়েই একমত হতে পারে না, সেখানে জাতীয় গুরুত্বপূর্ণ অন্য যে কোনো ইস্যুতে কীভাবে ঐক্যবদ্ধ হবে বা রাজনৈতিকভাবে জাতীয় ঐক্য গড়ে তুলবে, সেটি বড় প্রশ্ন।
আমীন আল রশীদ: সাংবাদিক ও লেখক। aminalrasheed@gmail.com
মতামত লেখকের নিজস্ব; বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদকীয় অবস্থান নয়।
