গোল উৎসব করে ২৭ বছর পর চেলসির মাঠে লিডসের জয়
ছন্নছাড়া পারফরম্যান্সের পর, লিগ টেবিলে আরও নিচে নেমে যেতে পারে চেলসি।
জোড়া গোল করলেন নোয়া ওকাফর। জালের দেখা পেলেন ডমিনিক ক্যালভার্ট-লুইন ও ব্রেন্ডেন অ্যারনসন। নজরকাড়া পারফরম্যান্সে দীর্ঘ ২৭ বছর পর, চেলসির মাঠে ভুলে যাওয়া জয়ের স্বাদ পেল লিডস ইউনাইটেড।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে ৪-১ গোলে জিতেছে লিডস। ১-১ সমতায় প্রথমার্ধ শেষের পর, দ্বিতীয়ার্ধে পথ হারায় শাভি আলোন্সোর দল।
২৫তম মিনিটে এমানুয়েল এমেঘা চেলসিকে এগিয়ে নেওয়ার তিন মিনিট পর, লিডসকে সমতায় ফেরান ওকাফর।
দ্বিতীয়ার্ধের শুরুতে পাঁচ মিনিটে ক্যালভার্ট-লুইনের সফল স্পট কিকের পর, ওকাফরের দ্বিতীয় গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লিডস। আর যোগ করা সময়ে অ্যারনসনের দারুণ গোলে বড় জয় পায় সফরকারীরা।
চেলসির হারের ব্যবধান আরও বড় হতে পারত। পেনাল্টি থেকে গোল করার আগে ক্যালভার্ট-লুইন একবার ক্রসবার কাঁপান। এছাড়া তার দুটি হেড রুখে দেন এমিলিয়ানো মার্তিনেস।
এর আগে ১৯৯৯ সালের ডিসেম্বরে স্ট্যামফোর্ড ব্রিজে লিডস সবশেষ জয় পেয়েছিল, ২-০ ব্যবধানে।
১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে লিডস। পঞ্চম হারের তেতো স্বাদ পাওয়া চেলসি ১৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে।
লিগে টানা দুই ম্যাচ হারল চেলসি। আগের ম্যাচে তারা সান্ডারল্যান্ডের মাঠে হেরেছিল ১-০ গোলে।
