গোল করার পর স্ট্রেচারে মাঠ ছাড়লেন দুয়ে
নিসের বিপক্ষে জিতলেও, পিএসজির জন্য আরেকটি বড় ধাক্কা হয়ে এসেছে ফরাসি ফরোয়ার্ডের চোট।
মৌসুমের ব্যস্ত সময়ে আরেকটি বড় ধাক্কা খেয়েছে পিএসজি। নিসের বিপক্ষে জয়ের ম্যাচে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন ফরাসি ফরোয়ার্ড দেজিরে দুয়ে।
প্রতিপক্ষের মাঠে শনিবার লিগ আঁর ম্যাচটি ৩-২ গোলে জিতেছে লুইস এনরিকের দল।
শুরুতে পিছিয়ে পড়া পিএসজিকে ৩১তম মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরান সেনি মায়ুলু। পরের মিনিটে দলকে এগিয়ে নেন দুয়ে, এর সাত মিনিট পরই তার চোট পাওয়ার ঘটনাটি ঘটে।
নিসের মিডফিল্ডার সোফিয়ান দিওপের কাছ থেকে বল আগলে রাখার জন্য দুয়ে যখন ঘুরছিলেন; ঠিক তখনই প্রতিপক্ষের কোনো ধরনের শারীরিক সংস্পর্শ ছাড়াই তার পা মচকে যায়।
হাঁটু চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়েন দুয়ে। যন্ত্রণায় তাকে চিৎকার করতে দেখা যায়। কিছুক্ষণ পরই স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়, এ সময় তিনি দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে রাখেন।
২১ বছর বয়সি দুয়ের জায়গায় মাঠে নামেন স্প্যানিশ ফরোয়ার্ড ফেররান তরেস। ৮৫তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন তিনি। আর যোগ করা সময়ে ব্যবধান কমায় স্বাগতিকরা।
দুয়ের এই চোট কোচ এনরিকের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর আগে গত ২০ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে ম্যাচে হাঁটুতে গুরুতর চোট পান খাভিচা কাভারাৎস্খেলিয়া, একই ম্যাচে উসমান দেম্বেলে ও অধিনায়ক মার্কিনিয়োসও ঊরুর পেশিতে চোট পান।
নিসের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন ২০২৫ সালের ব্যালন দ’র জয়ী দেম্বেলে।
চ্যাম্পিয়ন্স লিগে আগামী বুধবার রোমার মুখোমুখি হবে প্রতিযোগিতাটির টানা দুবারের চ্যাম্পিয়ন পিএসজি।
