২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিস্টেনসেনকে হারাল বার্সেলোনা, ফিরতে প্রস্তুত কুন্দে

অনুশীলনের সময় পায়ের পেশিতে চোট পেয়ে ছিটকে গেছেন ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন।

ক্রিস্টেনসেনকে হারাল বার্সেলোনা, ফিরতে প্রস্তুত কুন্দে

আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Nov 2026, 07:49 PM

Updated : 21 Nov 2026, 07:49 PM

আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর মাঠে ফেরার আগে একটি ধাক্কা খেয়েছে বার্সেলোনা। অনুশীলনে চোট পাওয়ায় দলের পরবর্তী দুটি ম্যাচে খেলতে পারবেন না ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন।

কাম্প নউয়ে রোববার লা লিগায় ভিয়ারেয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা। আগের দিন সংবাদ সম্মেলনে দলের খেলোয়াড়দের শারীরিক অবস্থার বিষয়ে তথ্য দেন কোচ হান্সি ফ্লিক।

এই জার্মান কোচ জানান, শুক্রবার অনুশীলনের সময় পায়ের পেশিতে চোট পাওয়ায় ডেনিশ ডিফেন্ডার ক্রিস্টেনসেন পরবর্তী দুটি ম্যাচে খেলতে পারবেন না। এছাড়া, নিতম্বে সমস্যার কারণে স্প্যানিশ ডিফেন্ডার পাউ কুবার্সি রোববারের ম্যাচে শুরুর একাদশে থাকছেন না, তিনি বেঞ্চ থেকে বদলি নামতে পারেন।

পাশাপাশি ফ্লিক নিশ্চিত করেন যে, অ্যাঙ্কেলের চোটে কিছুদিন মাঠের বাইরে থাকার পর ফরাসি ডিফেন্ডার জুল কুন্দে এখন খেলার জন্য প্রস্তুত।

রক্ষণভাগে খেলোয়াড় সংকটের কারণে অভিজ্ঞ মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং ফুল-ব্যাক হিসেবে খেলতে পারেন কি না, এমন প্রশ্নে ফ্লিক জানান, এখনও পরিকল্পনা চূড়ান্ত করেননি তিনি।

১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে গত দুই আসরের চ্যাম্পিয়ন বার্সেলোনা।