২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গৃহবন্দিত্বের আদেশ অমান্য’, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কার

২২ বছর বয়সি ওই যুবকের পরিচয় প্রকাশ করা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 11:46 PM

Updated : 22 Nov 2026, 11:46 PM

অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর দায়ে নিজ বাসায় বন্দি থাকার আদেশ অমান্য করায় ইতালিতে এক বাংলাদেশির বসবাসের অনুমতি বাতিল করা হয়েছে।

সেইসঙ্গে তাকে দেশ ফেরত পাঠানোর আদেশও দিয়েছে ওই দেশের আদালত।

স্থানীয় সময় রোববার ইতালির ব্রেশিয়া শহর পুলিশের অফিসিয়াল ফেইসবুক পেইজে এক পোস্টে এ খবর দেওয়া হয়েছে।

২২ বছর বয়সি ওই বাংলাদেশি যুবকের পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশের বিজ্ঞপ্তি ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা বলছেন, সম্প্রতি ব্রেশিয়া শহরের ‘ক্যাম্পো মার্তে’ পার্কে কয়েক তরুণ সংঘর্ষে জড়ান। তখন জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সকলের পরিচয় ও ডেটাবেজ অনুসন্ধান করে বাংলাদেশি সেই যুবকের গৃহবন্দি থাকার বিষয়টি জানতে পারে পুলিশ।

ওই যুবক আগেও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সে কারণে তাকে তার ঘরের বাইরে বের না হওয়ার অর্থাৎ গৃহবন্দি থাকার আদেশ দিয়েছিল আদালত। কিন্তু আদেশ অমান্য করে ‘ক্যাম্পো মার্তে’ পার্কে যান তিনি। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে প্রসিকিউটরের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার পর ব্রেশিয়ার পুলিশ প্রধান পাওলো সার্তোরি তাকে আইন না মানা ও সামাজিক নিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় নিয়ে ইতালিতে বসবাসের অনুমতি বাতিল করেন।