গাজীপুরে সাফারি পার্কের জলাশয়ে ছাড়া হয়েছে নারায়ণগঞ্জের কুমিরটি
ওই বেষ্টনীতে আগে থেকেই একটি মাদি কুমির ছিল। এখন পুরুষ সঙ্গী পাওয়ায় সেখানে প্রজননের সম্ভাবনা তৈরি হয়েছে।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি পুকুর থেকে উদ্ধার করে মিঠাপানির কুমির গাজীপুরের সাফারি পার্কে সংরক্ষণের জন্য হস্তান্তর করা হয়েছে।
কুমিরটি পার্কের কুমির বেষ্টনীতে থাকা জলাশয়ে ছাড়া হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. তারেক রহমান।
এর আগে বৃহস্পতিবার বিকালে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের পাতাকাটা ভরঞ্জিরপাড় এলাকার একটি পুকুর থেকে কুমিরটি উদ্ধার করা হয়।
পরে বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে কুমিরটি সংরক্ষণ ও পরিপালনের জন্য গাজীপুর সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা বলেন, প্রাপ্তবয়স্ক পুরুষ জাতের কুমিরটির ওজন প্রায় ১০০ কেজি এবং দৈর্ঘ্য ৮ ফুট।
তিনি বলেন, দেশের সংরক্ষিত অঞ্চলে এ প্রজাতির কুমিরের সংখ্যা খুবই কম। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে বেশ দূরত্বে পুকুরটির অবস্থান। ওই পুকুরে কুমিরটি কোথা থেকে বা কীভাবে এলো, তা তদন্ত করে দেখা হবে।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান বলেন, কুমিরটিকে রাত পৌনে ১১টার দিকে পার্কে এনে কুমির বেষ্টনীতে রাখা হয়েছে। ওই বেষ্টনীতে আগে থেকেই একটি মাদি কুমির ছিল। নতুন আনা কুমিরটি পুরুষ।
ফলে মাদি কুমিরটি পুরুষ সঙ্গী পাওয়ায় সেখানে প্রজননের সম্ভাবনা তৈরি হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
