১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

লোকালয়ে কুমির: দুই মাস পর পুকুর থেকে উদ্ধার, যাচ্ছে সাফারি পার্কে

কুমিরটির চিকিৎসা ও সংরক্ষণের জন্য গাজীপুরের সাফারি পার্কে হস্তান্তর করেছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা প্রশাসন।

লোকালয়ে কুমির: দুই মাস পর পুকুর থেকে উদ্ধার, যাচ্ছে সাফারি পার্কে

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের পাতাকাটা ভরঞ্জিরপাড় এলাকার একটি পুকুর থেকে কুমিরটি উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 07:41 PM

Updated : 19 Nov 2026, 07:49 PM

নারায়ণগঞ্জের বন্দরে লোকালয়ে চলে আসা একটি কুমিরকে দুই মাস পর উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধার করা কুমিরটি সংরক্ষণের জন্য গাজীপুরের সাফারি পার্কে হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার বিকালে উপজেলার মুছাপুর ইউনিয়নের পাতাকাটা ভরঞ্জিরপাড় এলাকার একটি পুকুর থেকে কুমিরটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বন্দর উপজেলা বন কর্মকর্তা জয়নাল আবেদীন কামরুল।

সোমবার ওই পুকুরে কুমিরটি দেখতে পান স্থানীয়রা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিরটির অবস্থান ছড়িয়ে পড়লে সেটি একনজর দেখতে ভিড় করেন উৎসুক জনতা।

সেইসঙ্গে বিষয়টি উপজেলা প্রশাসন ও বন বিভাগের নজরে পড়লে তারা উদ্ধার কার্যক্রম শুরু করেন। তিন দিনের চেষ্টার বৃহস্পতিবার জাল ফেলে কুমিরটি উদ্ধার করেন তারা।

বন কর্মকর্তা জয়নাল আবেদীন কামরুল বলেন, “দুই দিন আগে আমরা জানতে পারি কুমির ফের দেখা গেছে, আর সেদিন থেকেই উদ্ধারকাজ শুরু করি। উদ্ধারকারী দল তৃতীয়বারের চেষ্টায় কুমিরটা ধরতে পেরেছে। বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের স্পেশাল দল এখানে কাজ করেছে। কুমিরটি মিঠাপানির।”

কুমিরটি গাজীপুর সাফারি পার্কে নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, “কুমিরটাকে সেখানে চিকিৎসা দিয়ে সংরক্ষণ করা হবে। এরপরে প্রাণী বিশেষজ্ঞ যখন মনে করবে কুমিরটা উন্মুক্ত পরিবেশে ছাড়ার সময় হয়েছে, তখন অবমুক্ত করা হবে।”

পাশের নদীর মাধ্যমে কুমিরটি হয়ত পুকুরে চলে এসেছে জানিয়েছে জয়নাল আবেদীন বলেন, “মানিকগঞ্জেও আমরা কুমির পেয়েছি, সেটা উন্মুক্ত করে দিয়েছি।”

১৯ সেপ্টেম্বর উপজেলার তিনগাঁও এলাকায় একটি পুকুরে কুমির দেখতে পান স্থানীয় লোকজন। পরে কুমিরটি পাশের আরেকটি পুকুরে চলে যায় বলে ধারণা করা হয়।

খবর পেয়ে বন বিভাগ ও ঢাকার বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সদস্যরা সেখানে গিয়ে জাল ফেলে কুমিরটি উদ্ধারের চেষ্টা করেন। তবে সেটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। এরপর কুমিরটির আর সন্ধান না পেয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছিল উপজেলা প্রশাসন।