স্ক্রিনে ডুবে শৈশব, অজান্তেই বাড়ছে ঝুঁকি
“সন্তান যখন বাবা-মাকে বন্ধুর মতো মনে করে, তখন নিজে থেকেই সবকিছু শেয়ার করে। কিন্তু সহজ সম্পর্ক তৈরি না হলে সন্তানরা ভয়ে এসব শেয়ার করতে পারে না,” বলেন অধ্যাপক সাইফুন নাহার।
“অফিস থেকে ফিরে যখন ঘরের কাজ করতাম, তখন ওকে শান্ত রাখার জন্য ইউটিউব বা গেমস ছেড়ে দিতাম। ভাবতাম, যাক বাচ্চাটা অন্তত চোখের সামনে নিরাপদে বসে আছে।
“ছোট থেকেই এই অভ্যাস ছিল। কিন্তু এখন ও অষ্টম শ্রেণিতে পড়ে, মোবাইল ছাড়া কিছু বুঝতে চায় না। কারও সঙ্গে মিশতেও চায় না। স্কুলে পাঠাতে পারি না। সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকে।”
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের চাইল্ড গাইডেন্স সেন্টারে একমাত্র মেয়ের কাউন্সেলিং শেষে এসব বলছিলেন এক নারী ব্যাংক কর্মকর্তা।
সম্প্রতি এখানে তার সন্তানের চিকিৎসা ও কাউন্সেলিং চলছিল। শিশুটি আচরণগত সমস্যায় বা ‘বিহেভিওরাল ডিসঅর্ডার’-এ আক্রান্ত।
মেয়ের আচরণের পরিবর্তনের কথা তুলে ধরতে মা বললেন, সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকায় একদিন ‘বাধ্য হয়ে’ ওয়াইফাই রাউটার বন্ধ করা হয়।
“এরপর ওর রিঅ্যাকশন দেখে আমি রীতিমতো ভয় পেয়ে যাই। ও হাতের কাছের জিনিসপত্র ভাঙা শুরু করে এবং এমনভাবে চিৎকার করছিল যেন আমি ওর কত বড় শত্রু!”
নিজের অসচেতনতা প্রকাশ করে এ মা বলেন, “আমার ১৩ বছরের শান্ত মেয়েটা স্ক্রিনের নেশায় কবে যে এত অ্যাগ্রেসিভ হয়ে গেল, আমি টেরই পাইনি।
“এখন তার চিকিৎসা চলছে। ওই সাময়িক শান্তির জন্য আমি নিজেই যে ওর হাতে বিষ তুলে দিয়েছি, সেটা এখন বুঝতে পারছি।”
কেবল ১৩ বছরের এ শিশুটিই নয়, দেশে শত শত শিশু-কিশোর এ ধরনের নীরব আসক্তি ও আচরণগত সংকটে ভুগছে।
বিশেষজ্ঞরা বলছেন, ডিভাইস জীবনের বড় একটা সময় দখল করে নিচ্ছে, ফলে মনোযোগ ও একাগ্রতার সমস্যা তৈরি হচ্ছে। সচেতনতার পাশাপাশি বহুমাত্রিক সামাজিক ও সরকারি উদ্যোগ নেওয়ার বিকল্প নেই।
অভিভাবকদের অভিজ্ঞতা
এ নারী ব্যাংক কর্মকর্তার মতো একই ধরনের উদ্বেগ আর অসহায়ত্বের মুখে পড়েছেন আরেক দম্পতি, যাদের দুজনই চাকরিজীবী। তাদের পাঁচ বছর বয়সি ছেলে দিনের বেশিরভাগ সময় থাকে নানা-নানির কাছে। সকালে ঘুম থেকে উঠেই শিশুটি ফোনে কার্টুন দেখার বায়না ধরে। খাওয়ার সময়ও ফোন চাই তার।
শিশুটির মা বলেন, “ফোন না দিলে তার কান্নাকাটি বেড়ে যায়, আমরা বিকল্প হিসেবে একটা টেলিভিশন কিনে দিয়েছি, সেখানে শিক্ষামূলক কার্টুন যেগুলো—শুধু সেগুলোই চলে।
“ও সারাদিন বাড়িতেই খেলাধুলা করে, যেহেতু আমাদের এলাকায় শিশুদের জন্য পার্ক বা খেলাধুলার তেমন ব্যবস্থা নেই। ছোট থেকেই বাধ্য হয়েই আমরা তাকে এভাবে বড় করে তুলছি।”
শিশুদের এ ডিভাইস আসক্তি একরকম হলেও কিশোরদের ক্ষেত্রে ভয়াবহতা আরও বেশি।
এক কিশোরের বাবা বলেন, “আমি তো স্মার্টফোনের এতসব অ্যালগরিদম বুঝি না। ছেলে অষ্টম শ্রেণিতে পড়ে, ওর নিজস্ব একটা ফোন আছে, দুই বছর ধরেই ফোন চালায়।
“স্কুলে যায়, কোচিং করে, যোগাযোগের জন্য ফোন কিনে দেওয়া। অনলাইনে পড়াশোনা করে, তাই বেশিরভাগ সময়ই দেখি ছেলে ফোন চালায়। ফোনে গেমও খেলে।”
পেশায় ব্যবসায়ী এ বাবা বলেন, “সেদিন ছেলে হঠাৎ করে ফোনটা এনে আমার হাতে দিল। দেখি এমন সব ভিডিও অ্যাড হিসেবে দেখাচ্ছে, যা বড়দের দেখতেও অস্বস্তি লাগে।
“আমি তো তাকে এটা নিয়ে জেরা শুরু করলাম, ও বলল গেমস খেলার সময় এটা এসেছে, সে এগুলো সার্চ করেনি, এমনই এসেছে। ফোনটা আমার কাছে রেখে পরীক্ষা করলাম। কিছু সময় পর আবার তার হাতে দেওয়ার পর দেখি এই অ্যাড দেখাচ্ছে। তাহলে ১৪ বছরের একটা বাচ্চার ফোনে এই চটকদার ভিডিওগুলো বারবার আসছে কীভাবে? এই অ্যালগরিদমটা বুঝব কী করে? আমরা তো সারাক্ষণ স্ক্রিন পাহারা দিয়ে রাখতে পারি না।”
তবে সব অভিজ্ঞতাই হতাশার নয়; ধানমন্ডির নালন্দা উচ্চ বিদ্যালয়ের ৪ ও ৫ বছর বয়সি দুই শিক্ষার্থীর এক মা মোবাইল ফোন থেকে সন্তানদের দূরে রাখতে পেরেছেন নানা কৌশলে।
সেই মা বলেন, “বাচ্চারা মোবাইল দেখার জন্য একসময় বিরক্ত করতো, তখন মোবাইলের পরিবর্তে টিভি দেখতে উৎসাহিত করা হতো, একেবারেই না পারলে বাইরে নিয়ে ঘুরাঘুরি করতে হতো।
“বেশ কিছুদিন ধরে মোবাইল সামনে পড়ে থাকলেও দেখতে চায় না। বলতে গেলে মোবাইল দেখলে যে ক্ষতি হয়, সেটা তারা বুঝে গেছে। তাই তারা নিজেরাও চায় না।”
দেশে শিশুদের ডিভাইস-নির্ভরতা কতটা ব্যাপক, তার পরিসংখ্যানগত চিত্র মিলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায়।
পরিসংখ্যান ও ডেটা সায়েন্স বিভাগের অধ্যাপক মোহাম্মাদ নাজমুল হকের তত্ত্বাবধানে তিনজনের গবেষণাটি ‘জার্নাল অব অ্যাফেক্টিভ ডিসঅর্ডারস’ সাময়িকীতে প্রকাশিত হয়।
অধ্যাপক নাজমুল হক বলেন, ২০২৩ সালে তারা ঢাকা শহরের প্রি-স্কুল শিশুদের (৩-৫ বছর বয়সী) মধ্যে মোবাইল বা মিডিয়া আসক্তি নিয়ে গবেষণাটি পরিচালনা করেন। গবেষণায় উঠে আসে, ঢাকার প্রায় ৮৬ শতাংশ প্রি-স্কুল শিশু স্মার্টফোনে আসক্ত, যাদের মধ্যে ২৯ শতাংশের মারাত্মক স্মার্টফোন আসক্তি রয়েছে।
গবেষণায় দেখা গেছে, ৯২ শতাংশ শিশু তাদের মা-বাবার স্মার্টফোন ব্যবহার করে, আর ৮ শতাংশ শিশুর নিজস্ব স্মার্টফোন রয়েছে।
সেই গবেষণাটি ছিল কেবল ঢাকাকেন্দ্রিক, তবে এরপর এই বিষয়ে দেশে কোনো জাতীয় পর্যায়ের জরিপ বা গবেষণা হয়নি বলে জানান তিনি।
গবেষণার ফল নিয়ে ড. নাজমুল বলেন, “আমরা শিশুদের মধ্যে আগ্রাসী আচরণ বা বিহেভিয়ারাল ডিসঅর্ডার এবং ঘুমের সমস্যার প্রবণতা পেয়েছিলাম।
“মূল কারণ হিসেবে উঠে এসেছিল বাবা-মায়ের উদ্বেগ, বিশেষ করে যেসব পরিবারে বাবা-মা দুজনেই কর্মজীবী, সেখানে আসক্তির মাত্রা বেশি পাওয়া গেছে। এছাড়া দেশে খেলার মাঠের অভাবও একটা বড় কারণ হিসেবে চিহ্নিত হয়েছিল।”
তিন বছর পর বর্তমান প্রেক্ষাপটে সমস্যা আরও বেড়েছে বলে মনে করেন তিনি।
নাজমুল হকের ভাষায়, “এটা এখন শুধু শিশুদের নয়, তরুণদের জন্যও একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। স্কুলগামী শিশুদের ক্ষেত্রে এটা তাদের জীবনের বড় একটা সময় দখল করে নিচ্ছে। ফলে মনোযোগ ও একাগ্রতার সমস্যা তৈরি হচ্ছে, যা আমাদের গবেষণাতেও পাওয়া গিয়েছিল।”
শিশুদের ডিভাইস-নির্ভরতার ভয়াবহ পরিণতির পাশাপাশি অনলাইনের ‘মারাত্মক ঝুঁকির’ কথা বলছেন সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এ এস এম রহমতউল্লাহ ভূঁইয়া।
বাংলাদেশি কিশোর-কিশোরীদের ওপর সংস্থাটির এক সাম্প্রতিক গবেষণার তথ্য তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে শিশু ও কিশোর-কিশোরীদের মাঝে ইন্টারনেট, স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার দ্রুত বৃদ্ধি পেয়েছে। এতে একদিকে যেমন শেখা ও যোগাযোগের নতুন দুয়ার খুলেছে, অন্যদিকে তৈরি হয়েছে ‘অনলাইন যৌন নির্যাতন ও শোষণের চরম ঝুঁকি’।
গবেষণার তথ্য অনুযায়ী, দেশে ইন্টারনেট ব্যবহারকারী কিশোর-কিশোরীদের প্রায় ৫৩ শতাংশই অন্তত এক ধরনের অনলাইন যৌন নির্যাতনের শিকার হয়েছে।
নির্যাতিতদের মধ্যে ৫৩ শতাংশ অনলাইন গ্রুমিং, ৩৮ শতাংশ সাইবার ফ্ল্যাশিং (যৌনাঙ্গের ছবি পাঠানো), ৩৫ শতাংশ সেক্সটিং-সংক্রান্ত নির্যাতন, ১৮ শতাংশ যৌন প্রস্তাব বা অনাকাঙ্ক্ষিত অনুরোধ এবং ১২ শতাংশ সেক্সটরশন বা ব্ল্যাকমেইলের শিকার হয়েছে।
এ এস এম রহমতউল্লাহ ভূঁইয়া বলেন, সোশাল মিডিয়া শিশুদের সক্রিয়তা বাড়ার সুযোগ নিয়ে চক্রগুলো অনাকাঙ্ক্ষিত প্রস্তাব, অনলাইন ব্ল্যাকমেইল, সেক্সটরশন, গ্রুমিং, ক্যাটফিশিং, ছবিভিত্তিক নির্যাতন এবং শিশু যৌন নিপীড়নমূলক উপাদান ছড়িয়ে দেওয়ার মত অপরাধে লিপ্ত হচ্ছে।
এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে যুক্ত হয়েছে লাইভ-স্ট্রিম শোষণ ও প্রযুক্তিভিত্তিক পাচার নেটওয়ার্কের মত নতুন মাত্রা।
কীভাবে তৈরি হয় ডিভাইস-নির্ভরতা
ইদানীং টডলার বয়স (সর্বোচ্চ ৩ বছর) থেকে শুরু করে শিশু-কিশোরদের মধ্যে ডিভাইস আসক্তি, বিহেভিওরাল অ্যাডিকশন ডিজঅর্ডার নিয়ে অনেক শিশু ও অভিভাবক চিকিৎসা নিতে আসেন বলে জানিয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক সাইফুন নাহার।
এ মনোরোগ বিশেষজ্ঞ বলেন, “মোবাইল বা স্মার্টফোন আসক্তি, সোশাল মিডিয়া আসক্তি, ইন্টারনেট আসক্তি—এগুলো সিনোনিমাসলি (সমার্থক হিসেবে) ব্যবহার করা যায়।
“কিশোর-কিশোরীদের মধ্যে অনলাইন গ্যাম্বলিং আসক্তিও অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে আজকাল; ড্রাগ আসক্তিও এই গ্রুপে অনেক বেশি পাওয়া যাচ্ছে। যেকোনো আসক্তি মস্তিষ্কের একই পাথওয়েকে প্রভাবিত করে।”
শিশুর মধ্যে ডিভাইস আসক্তি কীভাবে শুরু হয়, তার একটা স্বাভাবিক প্রবণতা নিয়ে বলছিলেন অধ্যাপক সাইফুন নাহার।
“ছোট বাচ্চাকে ইউটিউবে গল্প শুনিয়ে ভাত খাওয়ানো হয়। মা দেখেন—গল্প শোনালে বাচ্চা তাড়াতাড়ি খেয়ে ফেলছে; কিন্তু এর পরিণতি কী হতে পারে তা ভাবেন না। এভাবে একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়ে যায়, পরবর্তীতে এটা না করলে শিশু আর খেতে চায় না। এই জায়গা থেকে বের করা কঠিন হয়ে যায়।”
একাকিত্ব কাটানোর সুযোগ না থাকাও আসক্তি বাড়ার একটা কারণ বলে মনে করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক।
সাইফুন নাহার বলেন, “বর্তমানের একক পরিবারগুলোতে সাধারণত একটি বা দুটি সন্তান থাকে এবং বাবা-মা দুজনই কর্মজীবী হন। ফলে খেলার সঙ্গী বা গল্প করার মানুষের অভাব থাকে। আবার বাচ্চাদের বাইরের খেলার মাঠ বা সময় দেওয়ার সুযোগও কম থাকে।
“এই শূন্যতা বা একাকিত্ব দূর করতে শিশুরা নিজেদের ভালো লাগার উপাদান হিসেবে স্ক্রিনের দিকে ঝুঁকে পড়ে এবং এতে অভ্যস্ত হয়ে ওঠে।”
কোভিড মহামারীর সময়কার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “দীর্ঘমেয়াদে স্কুল বন্ধ থাকায় বাধ্য হয়েই শিশুদের অনলাইন ক্লাসের জন্য ডিভাইসে অবাধ প্রবেশাধিকার দেওয়া হয়েছিল, কিন্তু স্বাভাবিক জীবনে ফেরার পরও এই অভ্যাস থেকে শিশুরা বের হতে পারেনি।”
অধ্যাপক সাইফুন নাহার বলেন, “একটা এক্সপোজার হয়ে গেছে, একটা টেস্ট পেয়ে ফেলেছে তারা। বিভিন্ন গবেষণায় দেখা গেছে. এখন বাচ্চারা ছয় থেকে আট ঘণ্টাও স্ক্রিন ব্যবহার করে থাকে।”
আয়ের উৎস ও মস্তিষ্কের ওপর প্রভাব
সোশাল মিডিয়া থেকে আয়ের সুযোগ তৈরি হওয়াও ডিভাইস-নির্ভরতা বাড়ানোর একটি কারণ বলে মনে করেন অধ্যাপক সাইফুন নাহার।
তিনি বলেন, “টিকটক, ফেইসবুক থেকে আয়ের উৎস ও ডিভাইসের প্রতি আকর্ষণ বাড়ার আরেকটা কারণ। অনেক বাবা-মা শুরুতে নিষেধ করলেও যখন দেখেন সন্তানের আইডি থেকে ইনকাম হচ্ছে, তখন তাদেরও একটা সায় থাকে। এর দীর্ঘমেয়াদি পরিণতি কী হতে পারে, তা অনেক অভিভাবক বোঝেন না; লাইক পেলেই মনে করেন, সন্তান বড় তারকা হয়ে গেছে।
“অনলাইন গেইমিং, টিকটক বা সোশাল মিডিয়ার কনটেন্টগুলো এমনভাবে তৈরি করা হয়, যা ব্রেনের ডোপামিন ও নিয়ন্ত্রণ ব্যবস্থায় প্রভাব ফেলে। ঘণ্টার পর ঘণ্টা ডিভাইস ব্যবহারের ফলে ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্সে নেতিবাচক পরিবর্তন আসে, যার ফলে বাচ্চার আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা কমে যায় এবং সে ডিভাইসের ওপর মানসিকভাবে পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে।”
দীর্ঘ সময় ডিভাইস ব্যবহারের শারীরিক-মানসিক প্রভাব তুলে ধরে তিনি বলেন, “মাথা ব্যথা, চোখের সমস্যা, মনোযোগের সমস্যা হয়। অনেক বাচ্চা ইমপালসিভ হয়ে যায়, নিজেকে নিয়ন্ত্রণের ক্ষমতা হারিয়ে ফেলে।
“বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্সে তাৎপর্যপূর্ণ নেতিবাচক পরিবর্তন দেখা দেয়, বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে। তবে এই পরিবর্তনটা অভিভাবকরা বুঝতে পারেন না।”
এই চিকিৎসক বলেন, বেশিরভাগ অভিভাবক শুরুতে সমস্যা শনাক্ত করতে পারেন না। একদম ‘এক্সট্রিম স্টেজে’ চলে গেলে—বাড়িতে ভাঙচুর শুরু করলে, এমনকি আত্মহত্যার চেষ্টা করলে তখন বাবা-মা আমাদের কাছে আসেন। কিছু অভিভাবক আসেন, যখন তারা দেখেন—বাচ্চা কথায় কথায় রেগে যাচ্ছে, বেয়াদব হয়ে যাচ্ছে, এমনকি বাবা-মায়ের গায়ে হাত তুলছে।
“একটু সচেতন থাকলেই বাবা-মা এটা আইডেন্টিফাই করতে পারেন, কিন্তু অধিকাংশই লেট স্টেজে আসেন।"
সেক্ষেত্রে প্যারেন্টিং কেমন হওয়া উচিত, এমন প্রশ্নে ‘প্রতিরোধমূলক ভূমিকার’ ওপর জোর দিয়ে অধ্যাপক সাইফুন বলেন, “বাবা-মাকে জানতে হবে, সন্তান কখন এই পথে যেতে পারে, কী কী লক্ষণ থাকে এবং এর প্রতিকার কী। বাচ্চাকে কোয়ালিটি টাইম দিতে হবে, একই রুমে বসে থাকা নয়, বরং কানেক্টেড থাকতে হবে, প্রেসার তৈরি না করে গল্পের ছলে।
“সন্তান যখন বাবা-মাকে বন্ধুর মতো মনে করে, তখন নিজে থেকেই সবকিছু শেয়ার করে। কিন্তু সহজ সম্পর্ক তৈরি না হলে সন্তানরা ভয়ে এসব শেয়ার করতে পারে না। একটা সুন্দর সহজ সম্পর্কই এই সমস্যা থেকে উত্তরণের সবচেয়ে বড় সমাধান। বাচ্চাকে প্রচুর সময় দিতে হবে। তাকে খেলাধুলা, বিভিন্ন অ্যাক্টিভিটিজে যুক্ত করতে হবে।”
সচেতনতামূলক প্রশিক্ষণ ও কর্মশালার গুরুত্বের কথা তুলে ধরে সাইফুন নাহার বলেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে একটি চাইল্ড সাইকিয়াট্রি বিভাগ রয়েছে, যেখানে প্রতিদিন চাইল্ড ওপিডি এবং সপ্তাহে একদিন চাইল্ড গাইডেন্স ক্লিনিক চলে।
“এখানে কাউন্সেলিং করা হয়, রোগ সম্পর্কে ধারণা দেওয়া হয়, ব্যবস্থাপনার দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়াও সেমিনার ও ওয়ার্কশপের গুরুত্ব অনেক বেশি, এগুলো বাড়াতে পারলে মানুষ আরও সচেতন হবে।”
অ্যালগরিদম যেভাবে কাজ করে
অনলাইনে অ্যালগরিদম কী বয়স অনুযায়ী কনটেন্ট সুপারিশ করে?
এ প্রশ্নের উত্তরে সোশাল মিডিয়া ও ডিজিটাল কনভারজেন্স নিয়ে কাজ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা সহযোগী অধ্যাপক সাইফুল হক বলেন, ‘বয়সসীমা’ সহজেই এড়ানো যায় বলে কনটেন্টের ক্ষেত্রে অ্যালগরিদমে বয়সসীমা নীতি কার্যকর করে না এবং এই মডারেশনের পেছনে রয়েছে ‘বড় ব্যবসা’, তাই যে কোনো বয়সী মানুষের ফোনে নানান ধরনের বিজ্ঞাপন আসে।
ফেইসবুক, টিকটক-ইনস্টাগ্রামের নীতিগত বয়সসীমা (১৩+) বাস্তবে কতটা কার্যকর, এ প্রশ্নে ‘সংশয় প্রকাশ’ করে তিনি বলেন, “বাংলাদেশের ১৩ বছর আর ইউরোপ-আমেরিকার ১৩ বছরের লেভেল এক নয়, কারণ স্কুলিং ভিন্ন। তাই বৈশ্বিকভাবে একটা নির্দিষ্ট বয়সসীমা সব অঞ্চলের জন্য প্রযোজ্য হওয়া উচিত নয়।
“ব্যক্তিগতভাবে মনে করি, নেট লিটারেসি বিবেচনায় সীমা অন্তত ১৫-১৬ হওয়া উচিত। তবে বয়সসীমা ১৩ করুন বা ১৫, তাতে কিছু যায়-আসে না। কারণ ৬-৭ বছর বয়স থেকেই আমরা শিশুদের নেটে অভ্যস্ত করে ফেলছি।”
তাছাড়া সোশাল মিডিয়ার অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বয়সসীমা সহজেই এড়ানো যায় মন্তব্য করে সাইফুল হক বলেন, “কোনো জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন দিয়ে অ্যাকাউন্ট খোলা হয় না, ফলে ভেরিফিকেশন প্রসেস নেই।
“হিউম্যান টাচ দিয়ে সহজেই ২০১৬ সালকে ২০০০ বা ২০০২ সাল বানানো যায়, এতে কিছুই লাগে না।”
শিশুদের ফোনে অস্বস্তিকর বিজ্ঞাপন আসার মত অভিজ্ঞতা নতুন নয় বলে ভাষ্য সাইফুল হকের।
শিশুদের ফোনে রোমান্টিক বা প্রাপ্তবয়স্ক ধাঁচের কনটেন্ট আসার কারণ ব্যাখ্যায় তিনি বলেন, “বাবা বা মায়ের কাছে ফোন থাকলেও সন্তান সেটা ব্যবহার করলে সে কিন্তু অ্যাকসেস পাচ্ছে। এখন সব প্লাটফর্মেই অ্যাকসেস পেতে আইডি দরকার হয়।
“আর শিশুরা নিজেদের আইডি দিয়ে ঢোকে না, বাবা-মায়ের আইডি দিয়ে ঢোকে। ফলে অ্যালগরিদম—সেই আইডির স্বাভাবিক কনটেন্ট অনুযায়ীই কনটেন্ট দেখায়।”
কনটেন্ট মডারেশনের পেছনে ‘ব্যবসা’ কাজ করে জানিয়ে তিনি বলেন, “এটা সম্পূর্ণ একটা বিজনেস, বিলিয়ন-ট্রিলিয়ন ডলারের। যত বেশি এক্সপোজার-এনগেজমেন্ট, তত বেশি বিজ্ঞাপন রাজস্ব।
“তাই প্লাটফর্ম এমনভাবে অ্যালগরিদম সেট করে, যাতে দর্শক বেশি সময় স্ক্রিনে থাকে। এখানে পয়সার লজিক ছাড়া অন্য কোনো লজিক নেই।”
ডিভাইসের স্বাস্থ্যকর ব্যবহারনীতি কেমন হতে পারে, এমন প্রশ্নে সাইফুল বলেন, “হেলদি ডিভাইস ইউজ বলে কোনো শব্দ নেই। এটা তো অ্যালগরিদমনির্ভর, তাই কোনটা হেলদি আর কোনটা আনহেলদি, সেটা নির্ণয় করা কঠিন।”
ডিভাইস নির্ভরতা কমাতে সমাধান কী, এমন প্রশ্নে সাইফুল বলেন, “একটা ম্যাসিভ, রিগোরাস ও সর্বপক্ষীয় জাতীয় অ্যাকশন প্ল্যান দরকার—যেখানে প্যারেন্ট, স্কুল-কলেজ শিক্ষক, সামাজিক সংগঠন ও সরকার সবাই থাকবে।
“প্রচুর সেনসিটাইজেশন দরকার। সরকার তো বাসার ভেতরে ঢুকে বাচ্চার ফোন কেড়ে নেবে না, সেখানে প্যারেন্টই হলো বাসার ভেতরের এজেন্ট।”
কার্যকর পদক্ষেপ হিসেবে স্কুল-কলেজে সেনসিটাইজেশন ওয়ার্কশপ এবং প্রতিটি স্কুলে একটি ডিজিটাল কাউন্সেলিং সেল স্থাপন, কো-কারিকুলার কার্যক্রম বাড়ানোর পরামর্শ দেন তিনি।
এদিকে ডিভাইস নির্ভরতাকে মূলত প্রযুক্তির চেয়ে ‘সামাজিক কাঠামোর সমস্যা’ হিসেবে দেখছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক অশোক কুমার সাহা।
তিনি বলেন, পৃথিবীর কোনো দেশেই ফোন না থাকা মানুষ নেই, কিন্তু সেখানে প্যারেন্টিংয়ের একটা সূক্ষ্ম ইস্যু আছে। ডিভাইসের অ্যাকসেসবিলিটি সহজ হয়ে গেছে প্রপার প্যারেন্টিং ও নেট লিটারেসির অভাবে।
সমাজের কাঠামোগত পরিবর্তনের দিকের কথা তুলে ধরে তিনি বলেন, “আগে বাবা ব্যস্ত থাকলেও মা সন্তানদের দেখতেন। এখন মা-বাবা দুজনেই ব্যস্ত। সন্তানকে কাজের লোকের হাতে রাখবে, নাকি ডিভাইসের হাতে?
“বাবা মায়েরও কিছু করার থাকে না। জীবনের তাগিদেই তাদের এই ব্যস্ততা। তাই এটা যতটা না প্রযুক্তির সমস্যা, তার চেয়ে অনেক বেশি সোশাল স্ট্রাকচারের সমস্যা।”
শিশুদের ডিভাইস ও অনলাইনকেন্দ্রিক ঝুঁকির পেছনে ‘সচেতনতার ঘাটতি’ রয়েছে বলে মন্তব্য করেন সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এ এস এম রহমতউল্লাহ ভূঁইয়া।
তিনি বলেন, “দুর্ভাগ্যবশত, আমাদের বিপুল সংখ্যক শিশুর নিরাপদ অনলাইন আচরণ সংক্রান্ত প্রয়োজনীয় সচেতনতা ও ডিজিটাল দক্ষতার অভাব রয়েছে। অন্যদিকে অভিভাবক, শিক্ষক ও সেবা প্রদানকারীরাও প্রযুক্তির এই দ্রুতগতির পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে হিমশিম খাচ্ছেন।”
তিনি এও বলেন, “এমন পরিস্থিতিতে শিশুদের ডিজিটাল সুরক্ষায় অনলাইন নিরাপত্তা সচেতনতা বাড়ানো, ডিজিটাল সহনশীলতা তৈরি, সহজ রিপোর্টিং ব্যবস্থা জোরদার এবং বহুমাত্রিক সামাজিক ও সরকারি উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি।”
